• ই-পেপার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী হত্যা

মামলার প্রধান আসামি দুই বছর পর গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন যাত্রাবাড়ী এলাকায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে শুরু করে যাত্রাবাড়ী হয়ে কাজলা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করায় পাঁচটি মামলা করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

 

নৌ পুলিশের অভিযান

সাত দিনে ৯ জনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১২৯

নিজস্ব প্রতিবেদক
সাত দিনে ৯ জনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১২৯

মৎস্যসম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গত সাত দিনে (১২ থেকে ১৮ জুন) দেশব্যাপী পরিচালিত বিভিন্ন অভিযানে ৯ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। একই সময়ে ১২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব অভিযানে এক কোটি ৬৯ লাখ ৮০ হাজার ৩৩৫ মিটার অবৈধ জাল, পাঁচ হাজার ৩০২ কেজি মাছ, তিন লাখ পাঁচ হাজার পিস চিংড়ির রেণু, এক লাখ ১০ হাজার পিস রেণু পোনা, ৭১০ কেজি জেলিযুক্ত চিংড়ি এবং ২৪৬ কেজি রং মিশ্রিত শিং মাছ জব্দ করা হয়েছে। এ ছাড়া নদী থেকে ১৪৬টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নৌ পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ১০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং একটি ড্রেজার জব্দ করা হয়। অভিযানে ৩৭টি মৎস্য আইন, আটটি বেপরোয়া গতি আইন, পাঁচটি বালুমহাল আইন, দুটি মাদক, পাঁচটি অপমৃত্যু, একটি ডাকাতি, একটি অপহরণ, একটি হত্যা মামলাসহ মোট ৬০টি মামলা করা হয়েছে।

 

দেশজুড়ে ৪.৪ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে ৪.৪ মাত্রার ভূমিকম্প

দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে মাত্র ১১ দিনের ব্যবধানে তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৪, যা হালকা ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে। এর কেন্দ্রস্থল ঢাকার আবহাওয়া অফিস থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইউরোপীয় মেডিটেরিয়ান সাইসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছে অবস্থিত। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫।

এরও আগে ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান।

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিকভ

নিজস্ব প্রতিবেদক
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিকভ

হাসপাতালে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর সেখান থেকে বাসায় ফিরেছেন রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন।

মুশফিকুল ফজল আনসারী জানান, গত সোমবার বুকে ব্যথা অনুভব করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় ফিরেছেন।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ জন্য তিনি ও তাঁর পরিবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, অন্যান্য বাহিনীপ্রধান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের সহযোগিতা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান তিনি। বিশেষভাবে সম্মিলিত সামরিক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল আলেয়া সুলতানার সার্বক্ষণিক তত্ত্বাবধান, পেশাদারি ও মানবিক আচরণের প্রশংসা করেন মুশফিকুল ফজল আনসারী। পাশাপাশি চিকিৎসাকালে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সৈনিকদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি আরো বলেন, দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া এবং শুভকামনায় তিনি অভিভূত। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং শারীরিক অবস্থা আরো স্থিতিশীল হলে ওয়াশিংটনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।