রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ১৪ বছরের এক কিশোরী গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতনের দায়ে মানবাধিকারকর্মী মোস্তাকিন শরীফ ও তার স্ত্রী জান্নাতুল নাঈমাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৮ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক শাহানাজ সুলতানা এই রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু রায়হান সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দণ্ডের পাশাপাশি আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে হাজির ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
মামলা সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে ২০১৮ সালের ৩১ অক্টোবর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় গৃহকর্মী হাওয়া আক্তারকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর হাওয়া জানায়, ওই বছরের ১ জুলাই থেকে সে ওই বাসায় কাজ শুরু করে। কাজের সামান্য ত্রুটির অজুহাতে তাকে প্রতিনিয়ত গালাগাল, লোহার খুন্তি ও গরম রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হতো। নির্যাতনের সময় একজন ধরে রাখতেন এবং অন্যজন মারধর করতেন। মেয়েটি ব্যথায় কান্নাকাটি করলে আসামিরা হাসাহাসি করতেন। এমনকি তাকে পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হতো না।
এই ঘটনায় ২০১৮ সালের ৩১ অক্টোবর খিলগাঁও থানার তৎকালীন উপপরিদর্শক সৈয়দ সাখাওয়াত হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে পরের বছরের (২০১৯ সাল) ২২ অক্টোবর দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্ত কর্মকর্তা ও খিলগাঁও থানার এসআই প্রশান্ত বালা।
অভিযোগপত্রে হাওয়া আক্তারের ওপর চালানো নির্মম নির্যাতনের বিবরণ দিয়ে বলা হয়, আসামিরা সম্পূর্ণ ঠান্ডা মাথায় ২০১৮ সালের ৭ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাওয়াকে আটকে রেখে লোহার খুন্তি ও রড গরম করে ছ্যাঁকা দেন। গ্যাসের চুলার আগুনে তার চুল পুড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, গরম চাকু দিয়ে ছ্যাঁকা দেওয়ার পর সেই জখম স্থানে মরিচের গুঁড়ো দিয়ে তীব্র যন্ত্রণা সৃষ্টি করা হতো। এই অমানবিক ও অকল্পনীয় নির্যাতনের ফলে হাওয়া আক্তারের সমস্ত শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায় এবং সে চিরতরে পঙ্গু হয়ে পড়ে।
পরবর্তী সময়ে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। বিচার চলাকালীন আদালত মোট ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের আত্মপক্ষ সমর্থন ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।




