বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিকে জনসেবার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পরিচয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনকল্যাণে তারেক রহমানের অনাড়ম্বর ও মানবিক রাজনীতি এবং কর্মপরিকল্পনা অনন্য নজির স্থাপন করেছে। তারেক রহমান মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার কারিগড় হিসেবে আবির্ভূত হয়েছেন। জনপ্রত্যাশা পূরণে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। পরিবর্তনের এ যাত্রায় নেতাকর্মীদেরও সমান তালে কাজ করতে হবে এবং সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের ধারাবাহিকতা তারেক রহমানের নেতৃত্বে প্রতিফলিত হয়েছে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান। তাকে সহযোগিতা করা নেতাকর্মীদের জন্য একান্ত অপরিহার্য ও বাধ্যতামূলক দায়িত্ব।
নারী ও শিশু নির্যাতন, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি এবং সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের সমাজের শান্তি, নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বিএনপি বা অংগসংগঠনের কোনো নেতা বা কর্মী যদি সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে এবং বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত হন, তবে তিনি যত বড় নেতা বা যত জনপ্রিয়ই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো অপরাধীকে রক্ষা করা হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি এ বিষয়ে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।






