• ই-পেপার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে দুই শিশুর মৃত্যু

হাইল হাওর থেকে অজগর উদ্ধার

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
হাইল হাওর থেকে অজগর উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার হাইল হাওর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে হাইল হাওরে মাছ ধরতে যান নবীন ও জাবেদ নামের দুই ব্যক্তি। মাছ ধরার একপর্যায়ে তাদের ব্যবহৃত জালে একটি বড় সাপ আটকা পড়ে। সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা জালটি ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে শনাক্ত করেন। তারা জানান, এটি অজগর (পাইথন) প্রজাতির সাপ।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেটি নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ সাধারণত মানুষকে আক্রমণ করে না। বনাঞ্চল ও জলাভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে বা বিপদে পড়লে তা না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাই।’

শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার করা অজগরটি পর্যবেক্ষণের পর উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বরিশালে নতুন ইপিজেড, ২ জেলায় অর্থনৈতিক অঞ্চল

তিন লাখ কর্মসংস্থানের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে নতুন ইপিজেড, ২ জেলায় অর্থনৈতিক অঞ্চল
সংগৃহীত ছবি

বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশালে নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং বরগুনা ও পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় তিন লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।

বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওবায়দুল হক চান বলেন, ইপিজেড হলে কর ও শুল্ক সুবিধায় কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্য সরাসরি বিদেশে রপ্তানি করা যাবে। বরিশাল থেকে ইলিশ, আমড়া ও পেয়ারা রপ্তানি করা হয়। এছাড়া এখানে বেশ কয়েকটি বড় শিল্পকারখানা রয়েছে, যেখানে কাঁচামাল আমদানি করা হয়। ইপিজেড হলে আমদানি ও রপ্তানিতে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। সরকারের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি তিন জেলাতেই রয়েছে বলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা জানিয়েছেন। তারা বলেন, সরকারের ১ নম্বর খাস খতিয়ানে পর্যাপ্ত জমি রয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ নিয়ে বড় ধরনের জটিলতা হবে না।

বরিশালের জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন বলেন, একটি ইপিজেড স্থাপনের প্রস্তাব আমরা লিখিতভাবে দিয়েছি। এটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণকে কর্মসংস্থানের জন্য ঢাকা বা চট্টগ্রামে যেতে হবে না। নতুন শিল্পকারখানা গড়ে ওঠায় দারিদ্র্য কমবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। পাশাপাশি ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ এবং পায়রা সমুদ্রবন্দরের নিকটবর্তী অবস্থান পণ্য পরিবহনে সহায়ক হবে। তিনি বলেন, এখানে খাস খতিয়ানের পর্যাপ্ত জমি রয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা প্রয়োজনীয় কার্যক্রম শুরু করব।

বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, উপকূলীয় এ জেলায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। পায়রা বন্দরের নিকটবর্তী হওয়ায় এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে সামুদ্রিক সম্পদ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ, মৎস্য, কৃষি, শিল্প এবং পর্যটন খাতের সমন্বিত উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে কাঁচামাল ও শ্রমশক্তির সহজলভ্যতার কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। কৃষি ও মৎস্যভিত্তিক শিল্পের বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে। এ লক্ষ্যেই পিরোজপুরে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, সড়কপথে ঢাকা, খুলনা ও বরিশালের সঙ্গে দ্রুত যোগাযোগ এবং নৌপথে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের সঙ্গে সংযোগ থাকায় কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন সহজ হবে।

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

পাবনার আতাইকুলায় স্কুলশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে  যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশ। 

গ্রেপ্তার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাঙ্গী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে এবং আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় আমরা গতকাল রবিবার সারা রাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ ছাড়া অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দলীয় সব পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত (১ জুন) স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে ১২ জুন কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রবিবার সকালে স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে মানববন্ধনের একপর্যায়ে অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে  হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।

কুড়িগ্রামে প্রথমবার চালু হলো ‘রেডি টু কুক’ মাছের দোকান

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে প্রথমবার চালু হলো ‘রেডি টু কুক’ মাছের দোকান
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হয়েছে ‘রেডি টু কুক’ বা রান্না উপযোগী দেশীয় মাছের দোকান। জেলার রাজারহাট উপজেলার রেলস্টেশন এলাকায় ‘জান্নাতি ফ্রেশ অ্যান্ড ফ্রোজেন মৎস্য পণ্য বিক্রয় কেন্দ্রে’ বাজারদরেই পরিষ্কার, প্যাকেটজাত ও হিমায়িত দেশীয় মাছ বিক্রি করা হচ্ছে।

আরডিআরএস বাংলাদেশের সহায়তায় স্থানীয় বাসিন্দা বাবলু মিয়া ও তার স্ত্রী পেয়ারা বেগম প্রায় দুই মাস আগে উদ্যোগটি শুরু করেন। দোকানে মলা, দারকিনা, পুঁটি, ট্যাংরা, শিং, মাগুর, চাপিলা, খলিসা ও টাকিসহ বিভিন্ন দেশীয় মাছ কেটে, পরিষ্কার করে স্বাস্থ্যসম্মতভাবে প্যাকেটজাত করে সংরক্ষণ করা হয়। অনলাইন ও হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে।

উদ্যোক্তা বাবলু মিয়া জানান, আগে তিনি খাদ্যগুদামে শ্রমিক হিসেবে কাজ করতেন। বয়সজনিত কারণে ভারী কাজ করতে না পারায় আরডিআরএস বাংলাদেশের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১০ কেজি মাছ বিক্রি হচ্ছে।

পেয়ারা বেগম বলেন, প্রতিদিন বাজার থেকে মাছ সংগ্রহ করে পরিষ্কার ও প্যাকেটজাত করে ফ্রিজে সংরক্ষণ করা হয়। সীমিত লাভে বাজারদরেই মাছ বিক্রি করা হচ্ছে।

প্রতি‌বে‌শিরা জানান, ছোট মাছ পরিষ্কার ও প্রস্তুত করতে সময় বেশি লাগায় অনেকেই তা কিনতে অনাগ্রহী হন। এ উদ্যোগের ফলে ঝামেলামুক্তভাবে দেশীয় মাছ কিনে সরাসরি রান্না করা সম্ভব হচ্ছে।

আরডিআরএস বাংলাদেশের মৎস্য টেকনিক্যাল অফিসার মোজাম্মেল হক বলেন, সংস্থাটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় নতুন উদ্যোক্তা ও নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। ভবিষ্যতে জেলার অন্য উপজেলাতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।