• ই-পেপার

‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখরিত শ্রীমঙ্গল

বিদ্যুৎ বাঁচাতে পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ

অনলাইন ডেস্ক
বিদ্যুৎ বাঁচাতে পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ

পটুয়াখালীতে ফুটবলপ্রেমীদের জন্য বসানো এলইডি মনিটরের বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগের আয়োজন বন্ধ করে দিয়েছে জেল  প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) ম্যাচ উপভোগের এ আয়োজন বন্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, জনসমাগমস্থলে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলের ফুটবলপ্রেমীর উপস্থিতিতে দলের সমর্থন নিয়ে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এ ছাড়াও বিদ্যুৎ অপচয়ের বিষয়টিও তুলে ধরা হয় নোটিশে।

নোটিশ জারির পরে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় পটুয়াখালীর ঝাউতলার হৃদয় তরুয়া চত্বরে গিয়ে দেখা যায়, ফুটবল উপভোগের জন্য বসানো সব মনিটর সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শকদের বসার জন্য নির্মিত প্যান্ডেলও অপসারণ করে নিচ্ছেন আয়োজকরা। এ সময় প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষ।

পটুয়াখালী পৌর শহরের বাসিন্দা রাকিব বলেন, এত বড় বিশ্বকাপ আয়োজন একসাথে দেখতে পেয়ে আমরা খুব আনন্দিত ছিলাম। সবাই মিলে বড় পর্দায় খেলা দেখা খুবই ভালো লাগার। কিন্তু,  জেলা প্রশাসনের এমন উদ্যোগ আমাদের কষ্ট দিয়েছে। আশা করি, তারা বিষয়টি আরো বিবেচনা করে দেখবেন।

আরেক বাসিন্দা সাব্বির বলেন, আমাদের শহর খুবই শান্তশিষ্ট একটি শহর। এখানে আমাদের সবার মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই ফুটবল খেলা দেখার মতো এমন আয়োজনে কখনোই আইনশৃঙ্খলার অবনতি ঘটবে না বলে আমরা মনে করি। একসঙ্গে ফুটবল উপভোগের অনুভূতিই আলাদা। আমাদের দাবি, যেন আবারও আমাদের বড় মনিটরে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়।

খেলা প্রদর্শনের আয়োজক আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, আমরা বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছিলাম মূলত তরুণদের একটি সুস্থ বিনোদন দেওয়ার জন্য। কিন্তু কী কারণে প্রশাসন আয়োজনটি বন্ধের নির্দেশ দিয়েছে তা আমরা বুঝতে পারছি না। আমাদের এখানে খেলা উপভোগের জন্য বিভিন্ন বয়সী মানুষ আসতেন। এতে মানুষের মধ্যে আরো সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পেতো। এ আয়োজনে সবাই খুশি ছিলেন। তাই সাধারণ মানুষের আবেগ ও আগ্রহের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ জানাই, যেন খেলা দেখার আয়োজনটি চালু রাখা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎসহ অন্য বিষয়ে সরকারের সাশ্রয় নীতি প্রতিপালনের লক্ষ্যে ফুটবল বিশ্বকাপের ম্যাচসমূহ বৃহৎ পর্দার মাধ্যমে উন্মুক্ত স্থানে প্রদর্শনের অনুমতি প্রদান সমীচীন হবে না।

দিনাজপুরে মুখে মাস্ক-মাথায় টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে মুখে মাস্ক-মাথায় টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ভিডিও থেকে নেওয়া ছবি

দিনাজপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের একটি ভিডিওতে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দিনাজপুর জেলা ছাত্রলীগের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস আলমের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মুখে মাস্ক ও মাথায় সাদা টুপি পরে ব্যানার নিয়ে মিছিল করছেন। ব্যানারে লেখা ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না, মানব না, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, পুলিশ হত্যার বিচার চাই, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিক্ষোভ মিছিল।

ভিডিওতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই এবং চলছে লড়াই, চলবে—ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী বলেন, বিষয়টি আমাদের জানা নেই।
 

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল যুবকের লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল যুবকের লাশ

গোপালগঞ্জ সদরের চরমানিকদাহ এলাকা থেকে নিখোঁজের ৩ দিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে চরমানিকদাহ গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। শাহিন শেখ পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, তিন দিন আগে সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল শাহিন শেখ। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে এলাকাবাসী পুকুরের পানিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন

অনলাইন ডেস্ক
সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ জুন) রাত দেড়টায় সিলেট নগরের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন তার জামাতা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

মৃত্যুকালে ফরিদ উদ্দিন চৌধুরীর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ক্যান্সার, কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত মে মাসে তিনি প্যারালাইজড হয়ে হাসপাতালে ভর্তি হন। কিছুটা উন্নতি ঘটলেও শুক্রবার দিনের শুরু থেকে আবার অবস্থার অবনতি ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেল ৪টায় জেলার কানাইঘাট উপজেলায় তার প্রতিষ্ঠিত তালবাড়ি মাদরাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন।

ফরিদ উদ্দিন বিভিন্ন শিক্ষা, সামাজিক ও উন্নয়ন কাজে জড়িত ছিলেন। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামে। নিজ এলাকায় পৈতৃক সম্পত্তিতে তিনি একটি ফাজিল মাদ্রাসা গড়ে তুলেছেন।

তিনি সিলেট নগরের মিরাবাজার জামেয়া স্কুল অ্যান্ড কলেজ, আল-আমিন জামেয়া স্কুল, পাঠানটুলা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সামাজিক সংগঠনের নেতারা।