পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ৫৭ লাখ টাকা ব্যয়ে একটি সড়ক সংস্কার প্রকল্পে পানি ও কাঁদার মধ্যে ব্রিক প্যালাসাইটিং নির্মাণের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের একটি সড়কের কার্পেটিং ও ভাঙনরোধী কাজের জন্য ৫৭ লাখ টাকার প্রকল্প গ্রহণ করে উপজেলা প্রকৌশল অফিস। দরপত্রের মাধ্যমে কাজটি পান পাবনার ঠিকাদার সিহাব হোসেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর সম্প্রতি আবারও নির্মাণকাজ শুরু হয়। তবে অর্থবছর শেষ হওয়ার আগে দ্রুত বিল উত্তোলনের উদ্দেশ্যে নিম্নমানের ও দায়সারাভাবে কাজ করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) পানি ও কাঁদার মধ্যেই ব্রিক প্যালাসাইটিংয়ের কাজ করতে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সড়কের পাশের পুকুরের পানি পুরোপুরি অপসারণ না করেই মাটি দিয়ে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। ফলে পুকুরের পানি প্যালাসাইটিংয়ের বেজে জমে থাকে। ওই অবস্থায় কংক্রিট ঢালাই ও ইট বসানোর কাজ চলতে থাকে। কাদামাটির কারণে অনেক ইট মাটির ভেতরে বসে যেতে দেখা যায়।
এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রকৌশল অফিসে অভিযোগ করেছেন বলেও জানা যায়।
অভিযোগের বিষয়ে ঠিকাদার সিহাব হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, “পানি ও কাঁদার মধ্যে প্যালাসাইটিং করার অভিযোগ অফিসে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”





