সিলেট থেকে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে অপহরণের অভিযোগে অন্তর খাঁন (২৫) নামের তার এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
অপহরণের প্রায় এক মাস পর বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থী সিলেটের মোগলাবাজার এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার অন্তর খাঁন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এড়ালিয়াপাড়া গ্রামের আজাদ খাঁনের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ২১ মে সকাল সাড়ে ৯টার দিকে ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা গত ৪ জুন মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, শিক্ষার্থীর গৃহশিক্ষক অন্তর খাঁন তাকে স্থানীয় কলাবাগান বাজার এলাকা থেকে জোরপূর্বক নিয়ে যান।
মামলা দায়েরের পর থেকেই র্যাব বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত অন্তর খাঁনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া শিক্ষার্থী ও গ্রেপ্তার ব্যক্তিকে শুক্রবার সিলেটের মোগলাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




