• ই-পেপার

বাগানজুড়ে থোকায় থোকায় রসালো আঙুর

মাগুরায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

মাগুরা প্রতিনিধি
মাগুরায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি : কালের কণ্ঠ

মাগুরায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের নোমানী ময়দান থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে পূর্বাশা সিনেমা হলের সামনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্রাজিল সমর্থকরা জড়ো হন। পরে তারা পতাকা, ফেস্টুন, ভুভুজেলা এবং ঘোড়ার গাড়িসহ বর্ণাঢ্য আয়োজন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ-উচ্ছ্বাসে মাতেন। সবুজ-হলুদ রঙের পোশাক ও ব্রাজিলের জাতীয় পতাকায় সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সমর্থকরা আশা প্রকাশ করে বলেন, তাদের প্রিয় দল ব্রাজিল আগামী বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে এবং দলের অন্যতম তারকা খেলোয়াড় নেইমারের নেতৃত্বে আবারও বিশ্বসেরার মুকুট জিতবে। তারা বিশ্বাস করেন, বিশ্ব ফুটবলের মঞ্চে ব্রাজিল আবারও নিজেদের ঐতিহ্য ও শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখবে।

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে সিসি ক্যামেরা
সংগৃহীত ছবি

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল তিনটার দিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দান বাক্সের উপর ও ডেগে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। 

এর আগে গত ১৮ জুন মাজারে ডেগ সিলগালা করে নতুন দানবাক্স বসায় জেলা প্রশাসন। ওইদিনই ডেগ ও দানবাক্স পাহারার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।

মাজারের আয়-ব্যয়ে কার্যক্রমে স্বচ্ছতা আনতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও জেলা প্রশাসনের এসব উদ্যোগকে বাড়াবাড়ি ও জোরজবরদস্তি আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেছেন বাজারসংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাজারের দানবাক্স ও সিলগালা করা ডেগ নজরদারি করতে একাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। নতুন স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দান বাক্সের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে মাজারে আগত দর্শনার্থী ও ভক্তদের দান কার্যক্রমে আস্থা, দান বাক্সে অর্থ জমা ও সংশ্লিষ্ট কার্যক্রম আরো সুশৃঙ্খল ও পর্যবেক্ষণের আওতায় আসবে এবং মাজার কেন্দ্রীক স্বচ্ছতা আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত হবে।

জামালগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
জামালগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
ছবি : কালের কণ্ঠ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার সাচনা বাজারে উত্তর ইউনিয়ন ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শহীদ ছবর আলী তালুকদারের সভাপতিত্বে এবং উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার ইনসান আহমেদ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আলী আক্কাছ মুরাদ ও মো. খুরশেদ আলম, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, কালীপুর নেছারিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নূরুল হক, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন এবং উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সভাপতি এমদাদুর রহমান হিরণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের প্রধান শক্তি হলো তরুণ প্রজন্ম। তাদের সঠিক দিকনির্দেশনা ও মেধার বিকাশ দেশের ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে পারে। কিন্তু যুবসমাজ মাদকের মতো ক্ষতিকর অভ্যাসে জড়িয়ে পড়লে ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। মাদকাসক্তি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ বলেও তারা উল্লেখ করেন।

তারা আরো বলেন, মাদকাসক্তি বিভিন্ন অপরাধপ্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর অপরাধসহ নানা সামাজিক অপরাধের পেছনে মাদকের প্রভাব রয়েছে। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ নয়, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বক্তারা যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবার পর্যায়ে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তাদের মতে, সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সমাবেশে উপস্থিত জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ‘মাদকের সঙ্গে কোনো আপস নেই। যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত, তাদের জন্য স্পষ্ট বার্তা— হয় মাদক ছাড়তে হবে, নয়তো এই এলাকা ছাড়তে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।’

তিনি আরো বলেন, মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

চাচাতো ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে প্রাণ গেল আরেক ভাইয়ের

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
চাচাতো ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে প্রাণ গেল আরেক ভাইয়ের
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে  চাচাতো ভাইয়ের আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে প্রাণ হারালেন আরেক ভাই। 

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরতপুর (মল্লিকপাড়া) গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের নীরেন্দ্র মল্লিক (৪৫) এবং তার চাচাতো বড় ভাই পল্লী চিকিৎসক দিগেন্দ্র মালাকার (৬০)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন ব্যবসায়ী নীরেন্দ্র মল্লিক। স্বজনরা তাৎক্ষণিক একটি অ্যাম্বুলেন্সে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে পৌঁছার পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। কান্নার শব্দে নিহতের চাচাতো ভাই দিগেন্দ্র মালাকার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকেও একই অ্যাম্বুলেন্সে করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় অনন্ত মালাকার  বলেন, এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। নীরেন্দ্রর মৃত্যুর খবর শুনে আমরা যখন সবাই স্তব্ধ, ঠিক তখনই দিগেন্দ্র দাদাও আমাদের ছেড়ে চলে গেলেন। একই রাতে, একই অ্যাম্বুলেন্সে করে আধা ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের এভাবে চলে যাওয়াটা পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছে।