কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার এক দিন পর এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি সড়কের পাশের ঝোঁপ থেকে শনিবার (২০ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মাহবুল (২৮) উপজেলার গকুলনগর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার হওয়া নাঈম ইসলাম (২৫) দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ টিলি গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের সদস্যদের নিয়ে মুরাদনগরের নগরপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাত প্রায় ১০টার দিকে মাহবুল তাঁর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন, দুজন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে যাচ্ছেন। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্বজনরা রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মাহবুলের কোনো সন্ধান পাননি। পরদিনও তার খোঁজ না মেলায় পরিবারের উৎকণ্ঠা আরো বাড়ে।
শনিবার দুপুরে স্থানীয় কয়েকজন টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকায় সড়কের পাশে ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা মরদেহটি মাহবুলের বলে শনাক্ত করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে মাহবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা নুরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তে নেমে পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে নাঈম ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নিহত মাহবুলের ছিনতাই হওয়া অটোরিকশাটি কোদালকাটা-মির্জাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে রবিবার (২১ জুন) আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।




