• ই-পেপার

কসবায় রেলস্টেশনে হামলার অভিযোগে আটক ১

২ দিনের রিমান্ডে বহিষ্কৃত শিবির নেতা জিসান

কুমিল্লা প্রতিনিধি
২ দিনের রিমান্ডে বহিষ্কৃত শিবির নেতা জিসান
ছবি: কালের কণ্ঠ

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২১ জুন) দুপুর সোয়া ২টার দিকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক তৈয়ব উদ্দিন এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করছেন।

আদালত সূত্র জানায়, গত ১১ জুন বহিষ্কৃত শিবির নেতা জিসান আহমেদ প্রধান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। ওইদিন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

একই দিন রাতে দাউদকান্দি থানায় ২৫ বছর বয়সী এক বিধবা নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে ১৬ জুন বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী বলেন, বহিষ্কৃত শিবির নেতা জিসান মিয়া প্রধানকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ হাজির করে ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের শামছুল আলম শাহ। পরে আদালতের বিচারক তৈয়ব উদ্দিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, জিসান মিয়া প্রধানকে রিমান্ডে এনে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আশা করছি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।    
 

অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগ নেতা আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগ নেতা আটক
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় নাজমুল হুদা রাজু (৩৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে (৩০) আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুন) ভোরে উপজেলার ধোপাদীর মোড় ও সাভারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক নাজমুল হুদা রাজু চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভারপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে এবং আব্দুল্লাহ আল মামুন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও ধোপাদী মোড় এলাকার মৃত মো. আবু তালেবের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘২০২৫ সালের নভেম্বর মাসের ১৮ তারিখ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ ছাত্রলীগের একজনসহ মোট দুজনকে আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘রবিবার ভোরে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।’   

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের পোলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২১ জুন) দুপুরে কোতোয়ালি থানাধীন রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পোলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে চুরির সন্দেহে ওই যুবককে আটক করে মারধর করা হয়। এক পর্যায়ে গণপিটুনির শিকার হয়ে স্কুলের সামনের ফুটপাতেই তিনি মারা যান। 

স্থানীয়দের দাবি, রেলওয়ে পাবলিক হাই স্কুলের নিরাপত্তাকর্মীরা চুরির অভিযোগে ওই যুবককে আটকে রেখে নির্যাতন করেন। সেই নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে চাইলে স্থানীয় কিছু লোক বাধা সৃষ্টি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নজমুন নূর কালের কণ্ঠকে বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির সন্দেহে ওই যুবককে মারধর করা হলে তিনি মারা যান। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। 

ওসি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনার আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কুড়িগ্রামে দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা
সংগৃহীত ছবি

উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে জেলার সব নদ-নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে এবং বিভিন্ন এলাকায় নদীভাঙনও দেখা দিয়েছে।

রবিবার (২১ জুন) পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি ২৪ দশমিক ৭০ মিটারে স্থিতিশীল রয়েছে, যা বিপৎসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচে। তালুকশিমুলবাড়ী পয়েন্টে পানি কিছুটা কমে ২৯ দশমিক ৬৮ মিটারে নেমেছে, যা বিপৎসীমার ১ দশমিক ১৯ মিটার নিচে রয়েছে।

দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি বেড়ে ২৮ দশমিক ৬১ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার নিচে। ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া ও চিলমারী পয়েন্টে পানির উচ্চতা যথাক্রমে ২৩ দশমিক ৮২ মিটার ও ২১ দশমিক ৪৬ মিটার রেকর্ড করা হয়েছে। উভয় পয়েন্টেই পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জেলার বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার কুড়িগ্রাম পয়েন্টে ৩০ মিলিমিটার, পাটেশ্বরীতে ২৫ মিলিমিটার এবং কাউনিয়ায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পানি বৃদ্ধির ফলে জেলার প্রায় ৩৫টি স্থানে নদীভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ২০টি ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নদীর পানি বাড়তে শুরু করায় নিম্নাঞ্চলের কৃষিজমিতেও প্রভাব পড়ছে। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরবাধ এলাকার কৃষক আনোয়ার হোসেন জানান, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তার বাদামক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে ক্ষতির হাত থেকে বাঁচতে অপরিপক্ব বাদাম তুলতে বাধ্য হয়েছেন তিনি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, আগামী ৭২ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কাও রয়েছে।

জেলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা পরিস্থিতি নিয়ে উদ্বেগে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে।