জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে চিঠি পাঠিয়ে মোহাম্মদ সবুজ নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে মোহাম্মদ সবুজ তার ফেসবুক আইডিতে চিঠির ছবি প্রকাশ করে হুমকির বিষয়টি জানান।
হুমকির শিকার মোহাম্মদ সবুজ ইসলামপুর উপজেলার ৩ নম্বর চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে।
চিঠির খামের ওপর প্রাপকের ঠিকানায় লেখা রয়েছে, মোহাম্মদ সবুজ, পিতা জাহাঙ্গীর আলম। খামের বাম পাশে মুজিব শতবর্ষের লোগো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে।
চিঠিতে লেখা হয়, ‘তুই নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করব না, তোকে গাছের সঙ্গে লটকিয়ে মারব, ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাক। তোর কোন বাপ আছে, তোকে বাঁচাবে না।’
মোহাম্মদ সবুজ বলেন, ‘আমি তখন বাড়ির বাইরে ছিলাম। পরে শুনতে পাই, আবু তালেব নামের এক ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে চিঠিটি ফেলে চলে যায়। পরে ডাকঘরে গেলে তারা জানায়, চিঠিটি ইসলামপুরে এসেছে এবং ঠিকানামতো দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি বা আওয়ামী লীগের কারো সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। কে বা কারা এ চিঠি পাঠিয়েছে, তা বলতে পারছি না। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি করিনি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




