• ই-পেপার

প্রক্সি পরীক্ষায় চাকরি, যোগদান করতে এসে নোয়াখালীতে আটক ৩; পলাতক ১

বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা মো. সাদেক খান। সংগৃহীত ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মো. সাদেক খান নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রহমতপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদেক খান উপজেলার রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, সাদেক খান বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তার সাদেক খানকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

তবে সাদেক খানের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

ফটিকছড়িতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়িতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্ত এলাকা থেকে পুটন মোল্ল (১৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর আঁধারমানিক এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়।

আজ দুপুরে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পুটন মোল্লকে আটক করা হয়। আটক পুটন মোল্ল ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাদল মোল্লের ছেলে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সার্বভৌমত্ব রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভূজপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।

বাড়ির ভেতর মদের কারখানা, পুলিশের হানা

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
বাড়ির ভেতর মদের কারখানা, পুলিশের হানা
ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ প্রস্তুতের উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় একজ‌ন‌কে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম গনাই চন্দ্র (৪৫)। এ ছাড়া অভিযানের পর বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। 

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার হবিবর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে বাংলা মদ প্রস্তুত করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে বাংলা মদ ও মদ প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

এ সময় কারখানার সঙ্গে জড়িত গনাই চন্দ্রকে আটক করা হয়। তবে কারখানার মূল অভিযুক্ত আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে পুলিশ জানায়। এ ছাড়া অভিযানের পর বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বা‌ড়ির মা‌লিক‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য থানায় নেওয়া হ‌য়ে‌ছে। মূল অভিযুক্ত পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টেকনাফ

টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বসতি ছাড়ার আহ্বান

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বসতি ছাড়ার আহ্বান
টানা বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফে পাহাড়ধসের আশঙ্কা দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ছবি : সংগৃহীত

কয়েক দিনের টানা বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো  হচ্ছে। 

স্থানীয় সূত্র জানায়, বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও চিংড়িঘের পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ।

সূত্র জানায়, রবিবার (২১ জুন) রাত থেকে চলা ভারি বৃষ্টি আজ সোমবার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। এতে টেকনাফ উপজেলার হ্নীলা, সদর ইউনিয়ন, শাহপরীর দ্বীপসহ বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা।

এদিকে আজ সোমবার সকালে সাগর থেকে মাছ ধরে ফেরার সময় বৈরী আবহাওয়ায় শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার এক বাসিন্দার একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। মোহাম্মদ জসিম নামের ওই বাসিন্দার ট্রলারে থাকা জেলেরা সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও মাছ, জাল ও ট্রলার মিলে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, বাহারছড়া, সদর ইউনিয়ন ও পৌর এলাকার বেশ কয়েকটি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে মানুষ। টানা বৃষ্টির কারণে এসব এলাকায় পাহাড়ধসের শঙ্কা বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

তবে অনেক বাসিন্দা জানান, নিরাপদ স্থানে যাওয়ার মতো বিকল্প ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এলাকায়ই অবস্থান করছেন।

টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা নূর আলম বলেন, ‘বৃষ্টির কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। প্রশাসনের পক্ষ থেকে সরে যেতে বলা হচ্ছে, কিন্তু আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই।’

সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা ছৈয়দুল হক বলেন, ‘বৃষ্টির পানিতে পুরো এলাকা ডুবে গেছে। পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। খাল দখল ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেও পানি জমছে।’

শাহপরীর দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, ‘ট্রলারডুবির ঘটনায় জেলেরা প্রাণে রক্ষা পেয়েছেন। তবে ভারী বৃষ্টিতে উপকূলের কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নেওয়া হচ্ছে।’

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ আহমেদ বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে।’

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান, ভারি বৃষ্টিতে নির্মীয়মান একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাঁচ শতাধিক পরিবারের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।