• ই-পেপার

পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান সৈয়দ সাইফ-উল ইসলাম

স্বামীর দায়ের করা যৌতুক মামলায় গ্রেপ্তার স্ত্রী

অনলাইন ডেস্ক
স্বামীর দায়ের করা যৌতুক মামলায় গ্রেপ্তার স্ত্রী
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) রাতে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারীর নাম সাজেদা আক্তার (২৬)। তিনি সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী।

পুলিশ জানায়, শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে নালিশি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে ২২ জুন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার বিবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে আটক, পিটুনির পর মৃত্যু

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে আটক, পিটুনির পর মৃত্যু
সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকায় চোর সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে  আটক করে পিটুনির পর শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের শামসুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে বুধবার (২৪ জুন) গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারা আরো জানান, শাহাদাত দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও একাধিকবার চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন। সর্বশেষ বুধবার রাতে চুরির অভিযোগে তাকে আটক করা হলে পিটুনির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মত্তগ্রাম এলাকার সড়কের পাশে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিস্তারিত তদন্ত করা হচ্ছে।’

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩
ছবি: কালের কণ্ঠ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক কাউছার মিয়া (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কম্পানির একটি ট্রাক এবং একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যান ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক কাউছার মিয়ার মৃত্যু হয়। এছাড়া পিকআপ ভ্যানের হেলপার, অটোরিকশাচালক ও ট্রাকচালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাইবান্ধায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো তসলিমা আক্তার মিম (১০) ও রবিউল ইসলাম রাফি (৯)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মিম ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির পাশেই অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলা করছিল মিম ও রাফি। বিকেলে তারা বাড়ির নিকটবর্তী একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সঙ্গীরা তাদের খুঁজে পাচ্ছিল না। এদিকে, দীর্ঘ সময় তাদের দেখতে  না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে রাতে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।