• ই-পেপার

মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটরের দোকানে অগ্নিকাণ্ড

মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা

অনলাইন ডেস্ক
মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা
সংগৃহীত ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা করা হয়েছে। সভা থেকে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়। এ ঘটনায় মসজিদের আদব লঙ্ঘনের অভিযোগের সঙ্গে সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই দলীয় সভা হয়।

জানা গেছে, নামাজের পর মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা শুরু করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সভা থেকে মনোহর বাদশা নামে একজনকে ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল। এ সময় জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে সভা করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।

একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘মসজিদকে পার্টি অফিস বানিয়ে ফেলছে মোনাফেকগুলা।’ আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘মসজিদ আল্লাহর ঘর, এখানে কিসের ভন্ডামি, এরা ইসলামের নামে ভন্ডামি শুরু করে দিয়েছে।’

মিঠাপুকুরের হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রাগ্রামে সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়ে থাকে, যা গিবতের পর্যায়ে পড়ে। মসজিদের ভেতরে তো গিবত করার সুযোগ নাই। এ ছাড়া চেয়ার-টেবিল নিয়ে বসে দলীয় সভা করাকালীন মসজিদের সৌন্দর্যবর্ধন না হয়ে সৌন্দর্যহানি হয়ে থাকলে এটি মসজিদের আদবের লঙ্ঘন হয়েছে।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল বলেন, আমরা মসজিদভিত্তিক প্রোগ্রামগুলো করি, তবে এভাবে প্রোগ্রাম করি না। মসজিদটা গ্রামের মধ্যে একদম বাড়ির সঙ্গে। সেসময় কোনো লোকজন ছিল না। এ জন্য ব্যবহার করেছি। ইসলামের দৃষ্টিতে মসজিদ হচ্ছে সংসদ। তবে এটাকে মানুষ ভালোভাবে নেয় না।

তিনি বলেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তা আমিও দেখেছি। সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষ এটাকে ভালোভাবে নেয় না। সামনের দিকে আমরা বিষয়টা খেয়াল রাখব।

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকিকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টায় লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলসিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান ওই গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমানের ওপর নজরদারি চালিয়ে আসছিল আইন-শৃঙ্খলা বাহিনী। এরই মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘর তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সামি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রামনিখাঁই পেরী বিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সামি (৮) গ্রামনিখাঁই এলাকায় ছানোয়ার হোসেনের ছেলে। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে গ্রামনিখাঁই পেরী বিলে সামিসহ চার শিশু শাপলা ফুল ও ফুলের ডাঁটা তুলতে যায়। এ সময় দুই শিশু সাঁতরে ডাঙায় উঠতে পারলেও অন্য দুই শিশু শাপলার ডাঁটায় প্যাঁচ লেগে বিলের পানিতে ডুবে যায়। সাঁতরে ডাঙায় উঠা শিশুরা স্থানীয়দের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সামি মারা যায়। আর আহত তাসনিনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন জানান, পানিতে ডুবে যাওয়া সামি নামে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।