বিদেশে চাকরি ও অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা সংযুক্ত পাসপোর্ট, ভুয়া বিদেশি পাসপোর্ট, জাল কাগজপত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর তাজহাট থানাধীন কলেজপাড়া এলাকার সিডিটি হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুহানুর রহমান (২৩), শফিক ইসলাম (৩১) ও হিমেল ইসলাম (২২)। তারা রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ট্রেলিয়ার জাল ভিসা সংযুক্ত ১০টি বাংলাদেশি পাসপোর্ট, দুটি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ভুয়া অফার লেটার, জাল ভিসাসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র, অর্থ আদায়ের রশিদ, ভুয়া বিমান টিকিটসহ প্রায় ৩০ সেট নথিপত্র জব্দ করা হয়। এছাড়া ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’র নাম ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয়পত্র, ব্যানার, নেমপ্লেট ও নেম ট্যাগও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’র নামে ভুয়া পেজ খুলে বিদেশে চাকরি ও অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচারণা চালাতেন। পরে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করে তাতে জাল ভিসা সংযুক্ত করে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য তারা নিজেদের কার্যালয়ে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যানার, নেমপ্লেট ও পরিচয়পত্র প্রদর্শন করতেন। উদ্ধার হওয়া পাসপোর্টগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারা অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আশায় বিভিন্ন দালাল ও এজেন্টের মাধ্যমে এসব পাসপোর্ট জমা দিয়েছিলেন।
তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





