• ই-পেপার

কালনদীতে ডুবে প্রাণ গেল ৩ নারীর

কর্মজীবী নারীর জাতীয় সংলাপ

তৈরি পোশাক খাতে শ্রমিকদের অধিকার সুরক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক
তৈরি পোশাক খাতে শ্রমিকদের অধিকার সুরক্ষার দাবি
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশের তৈরি পোশাক খাতে জলবায়ু পরিবর্তন, সবুজ শিল্পায়ন ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অংশীজনরা। 

আজ বৃহস্পতিবার রাজধানীর সিক্স সিজন হোটেলে ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতে ন্যায্য রূপান্তর নিশ্চিতকরণ: সরকারি-বেসরকারি উদ্যোগ ও শ্রমিকদের বাস্তবতা’ শীর্ষক জাতীয় সংলাপে এই আহবান করা হয়। সংলাপের আয়োজন করে কর্মজীবী নারী ও ক্রিশ্চিয়ান এইড-বাংলাদেশ।

কর্মজীবী নারীর উপদেষ্টা ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব উন্মে কুলসুম ফেরদৌসী।

সংলাপে অংশ নেওয়া নারী শ্রমিক প্রতিনিধিরা বলেন, ‘অটোমেশনের ফলে একদিকে কর্মসংস্থান কমছে, অন্যদিকে উৎপাদনের চাপ বাড়ছে। তারা অভিযোগ করেন, ৩৫ বছর বয়স অতিক্রম করলেই অনেক কারখানায় ছাঁটাইয়ের শিকার হতে হয়।’ ন্যায্য রূপান্তর প্রক্রিয়ায় কোনো নারী শ্রমিক যেন বাদ না পড়েন, সে দাবি জানান তারা।

ট্রেড ইউনিয়ন প্রতিনিধিরা বলেন, ‘শ্রমিকের অংশগ্রহণ ছাড়া ন্যায্য রূপান্তর সম্ভব নয়। এজন্য শ্রমিক কল্যাণ ও পুনর্বাসন তহবিল গঠন এবং ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। অন্যদিকে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিরা বলেন, এ ধরনের রূপান্তরে যৌথ উদ্যোগ ও ‘শেয়ারড রেসপনসিবিলিটি’ ভিত্তিক অর্থায়ন প্রয়োজন।’

কারখানা ব্যবস্থাপনা প্রতিনিধিরা জানান, কিছু খাতে অটোমেশন এলেও এখনো অনেক ক্ষেত্রে মানবশ্রমের প্রয়োজন রয়েছে। তবে কর্মহীন শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগ জরুরি।

বিজিএমইএ প্রতিনিধি শ্রমিকদের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও পুনঃদক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘জাস্ট ট্রানজিশন মানেই ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ ও অংশীদারিত্বমূলক রূপান্তর। এ প্রক্রিয়ায় শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।‘

মৌলভীবাজার সীমান্তে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সীমান্তে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী মিশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধীনস্থ বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রবেশের তথ্য পাওয়ার পর ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ২৩টি টিউবে সংরক্ষিত তিন কেজি ‘পাওয়ারজেল-৯০’ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম তাদের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুমিল্লায় মাদক কারবারিদের সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্র

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মাদক কারবারিদের সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্র
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইথান আহমেদ নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরের কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইথান আহমেদ (১২) কাটাবিল এলাকার ইউনুছ মিয়ার ছেলে। সে রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানায়, মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে বুধবার রাত থেকে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে পুলিশ মেতায়েন করে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের সামনে মাদকবিরোধী মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। পরে দুপুরেই একদল অস্ত্রধারী মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এতে গুলিবিদ্ধ হন স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইথানের মা সোনিয়া আক্তার জানান, আমার ছেলে স্কুলের বিরতিতে টিফিন খেতে বের হয়েছিল। এর মধ্যেই পিঠে গুলি লাগে। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গুলিবিদ্ধ স্কুল ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নীলফামারীতে বাস উল্টে নিহত ১, আহত ১৫

নীলফামারী সংবাদদাতা
নীলফামারীতে বাস উল্টে নিহত ১, আহত ১৫
ছবি : কালের কণ্ঠ

নীলফামারীর ডোমার উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে জাহাঙ্গীর বসুনিয়া (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার ধরণীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর বসুনিয়া চিলাহাটি এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় বাসটি একটি মোটরসাইকেলের ওপর গিয়ে পড়লে মোটরসাইকেল চালক জাহাঙ্গীর বসুনিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’