• ই-পেপার

ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য, ফেনীতে যুবক কারাগারে

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে প্রতিনিধি
নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশে নিখোঁজের তিনদিন পর ইব্রাহিম খান নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম খান (২৭ ) পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত তিনদিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ইব্রাহিম। এরপর থেকে তার কোনো খোঁজখবর না পেয়ে পরিবারের স্বজনরা পলাশ থানায় একটি সাধারণ ডাইরি দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার পথে পচাদুর্গন্ধ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুজি করে। পরে একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে একটি লাশ দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দিলে নিহতের স্বজনরা ইব্রাহিমের লাশ সনাক্ত করেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দ্যেশে মরদেহটি কালভার্টের নিচে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ভোলায় দুই দিনে কুকুরের কামড়ে আহত ২০, আতঙ্কে স্থানীয়রা

ভোলা প্রতিনিধি
ভোলায় দুই দিনে কুকুরের কামড়ে আহত ২০, আতঙ্কে স্থানীয়রা
সংগৃহীত ছবি

ভোলার লালমোহন উপজেলায় গত দুই দিনে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ আহত হয়েছে অন্তত ২০ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে সাতজন হাসপাতালে চিকিৎসা নেয়। এর আগে বুধবার আরো ১৩ জন আক্রান্ত হয়। আক্রান্তদের অধিকাংশই উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই কুকুরের কামড়ে আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া কিছু কুকুরকে রোগাক্রান্ত অবস্থায় দেখা গেলেও সেগুলোর চিকিৎসা বা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, কুকুরের আক্রমণের ভয়ে শিশু, নারী ও বয়স্করা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় কুকুরের উপদ্রব বেশি দেখা যাচ্ছে।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসা আক্রান্তদের বিনা মূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, সামনে কুকুরের প্রজনন মৌসুম হওয়ায় সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে। সচেতনতা ও সাবধানতা অবলম্বন করলে কুকুরের কামড়ের ঝুঁকি অনেকাংশে এড়ানো সম্ভব।

অস্ট্রেলিয়ার ভিসার নামে প্রতারণা, রংপুরে চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রংপুর অফিস
অস্ট্রেলিয়ার ভিসার নামে প্রতারণা, রংপুরে চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

বিদেশে চাকরি ও অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা সংযুক্ত পাসপোর্ট, ভুয়া বিদেশি পাসপোর্ট, জাল কাগজপত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর তাজহাট থানাধীন কলেজপাড়া এলাকার সিডিটি হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুহানুর রহমান (২৩), শফিক ইসলাম (৩১) ও হিমেল ইসলাম (২২)। তারা রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ট্রেলিয়ার জাল ভিসা সংযুক্ত ১০টি বাংলাদেশি পাসপোর্ট, দুটি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ভুয়া অফার লেটার, জাল ভিসাসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র, অর্থ আদায়ের রশিদ, ভুয়া বিমান টিকিটসহ প্রায় ৩০ সেট নথিপত্র জব্দ করা হয়। এছাড়া ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’র নাম ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয়পত্র, ব্যানার, নেমপ্লেট ও নেম ট্যাগও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’র নামে ভুয়া পেজ খুলে বিদেশে চাকরি ও অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচারণা চালাতেন। পরে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করে তাতে জাল ভিসা সংযুক্ত করে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য তারা নিজেদের কার্যালয়ে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যানার, নেমপ্লেট ও পরিচয়পত্র প্রদর্শন করতেন। উদ্ধার হওয়া পাসপোর্টগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারা অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আশায় বিভিন্ন দালাল ও এজেন্টের মাধ্যমে এসব পাসপোর্ট জমা দিয়েছিলেন।

তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাবুগঞ্জে ২০ হাজারের বেশি শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে ২০ হাজারের বেশি শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সংগৃহীত ছবি

সারাদেশের ন্যায় আগামী ২৮ জুন একযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার ১৪৫টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনের আওতায় বাবুগঞ্জ উপজেলায় মোট ২০ হাজার ৫০৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ২ হাজার ৩৮৮ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১ বছর থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী ১৮ হাজার ১১৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উপজেলার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিজ নিজ এলাকার শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে এবং ব্যাপক প্রচার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। উপজেলার মোট জনসংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৫৫৮ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অনেক শিশু এখনও ভিটামিন ‘এ’-এর ঘাটতিতে ভুগছে। এর অভাবে শিশুরা জেরোফথ্যালমিয়া বা রাতকানা রোগে আক্রান্ত হতে পারে। এছাড়া হাম ও নিউমোনিয়ার মতো রোগের তীব্রতা বেড়ে যায়। ভিটামিন ‘এ’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি আরো বলেন, ‘শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের ক্যাম্পে নিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।’

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, ‘আগামী ২৮ জুন উপজেলার নির্ধারিত বয়সী প্রতিটি শিশু যেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং শতভাগ বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর।’

স্বাস্থ্য বিভাগ আশা করছে, সুষ্ঠু ব্যবস্থাপনা ও জনসচেতনতার মাধ্যমে উপজেলায় শতভাগ শিশু এই ক্যাম্পেইনের আওতায় আসবে।