কুমিল্লার লাকসাম উপজেলায় প্রায় অর্ধলক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী রবিবার (২৮ জুন) দিনব্যাপী চলবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর এই ক্যাম্পেইন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) মো. তাজুল ইসলাম এবং পৌরসভার ইপিআই সুপারভাইজার মো. আবদুস ছোবহান পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার তত্ত্বাবধানে এবার উপজেলার ৮টি ইউনিয়নের ২৪টি ওয়ার্ড (পুরাতন) ও পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২৪৭টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৪০৬ জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে স্বাস্থ্য সহকারী (এইচএ), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) এবং স্বাস্থ্য পরিদর্শকসহ (এইচআই) প্রশিক্ষণপ্রাপ্ত ৫১৯ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। লাকসাম উপজেলার স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. নাজিয়া বিনতে আলম জানান, লাকসাম উপজেলার ৮টি ইউনিয়নের ২৪টি ওয়ার্ডের (পুরাতন) ১৯২টি এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৫টি মোট ২৪৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৬ হাজার ৩৪৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪১ হাজার ৫৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ক্যাপসুলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই একটি চক্র নানাহ ধরণের গুজব ছড়াতে পারে। এ ক্ষেত্রে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।




