• ই-পেপার

পটিয়ায় ট্রেনের ধাক্কায় নারী নিহত, আহত ১

বাবার লাশ দাফন করতে গিয়ে হামলার শিকার, গ্রেপ্তার ১

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাবার লাশ দাফন করতে গিয়ে হামলার শিকার, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাবার লাশ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন সন্তান ও স্বজনরা। এ ঘটনায় অভিযুক্ত মো. নুরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের দইয়া মাঝির নতুন বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. নুরুল ইসলাম (৫৬) এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২০ জুন সকাল সাড়ে ৫টার দিকে পারিবারিক কবরস্থানে বাবার কবর খনন করতে যান মো. ওসমান গনি (৪৯) ও তার পরিবারের সদস্যরা। এ সময় অভিযুক্তরা কবরস্থানের জায়গার দাবি তুলে কবর খননে বাধা দেন। এতে প্রতিবাদ করলে ওসমান গনি, তার বোন নার্গিস আক্তার (৪০) এবং অন্য স্বজনদের ওপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলায় তারা গুরুতর আহত হন। এ সময় নার্গিস আক্তারের স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আহত ওসমান গনি বাদী হয়ে গত ২২ জুন আনোয়ারা থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, মামলার এজাহার পাওয়ার পর একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় রংপুরে গলফ টুর্নামেন্ট উদ্বোধন

রংপুর অফিস
সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় রংপুরে গলফ টুর্নামেন্ট উদ্বোধন
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় রংপুরে ‘প্রাইম ব্যাংক প্রেসিডেন্টস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে রংপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি।

সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে রংপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের পুরুষ, নারী, জুনিয়র ও সিনিয়র গলফাররা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতা সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তারা আরো জানান, আন্তর্জাতিক মানের গলফ সংস্কৃতি বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের মতে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ক্রীড়া, শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ধরনের আয়োজন রংপুরের ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় পর্যায়ে জেলার ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জে ৩ চোরাই গাড়িসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ৩ চোরাই গাড়িসহ গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ ফতুল্লায় জজ কোর্টসংলগ্ন পার্কিং এলাকা থেকে চুরি হওয়া প্রাইভেট কারসহ আন্ত জেলা গাড়িচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২২ জুন নতুন জজ কোর্টের সামনে পার্কিংয়ে নিজের ব্যবহৃত টয়োটা এক্স করোলা (ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬) রেখে নাশতা করতে যান মোহাম্মদ আরিফ। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি গাড়িটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা করেন। পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তার হোসেন (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২৬ জুন) ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬) নামে আরো দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, তারা আন্ত জেলা গাড়িচোর চক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া টয়োটা এক্স করোলা ছাড়াও একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-১৪-৯২৩০) এবং একটি প্রাইভেট কার (চট্টগ্রাম মেট্রো ঘ-১১-২৮৮০) উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী জানান, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযান চালিয়ে আন্ত জেলা গাড়িচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার এবং তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

যশোরে মাদক সেবনের অভিযোগে গার্মেন্টসকর্মীর কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরে মাদক সেবনের অভিযোগে গার্মেন্টসকর্মীর কারাদণ্ড
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মিঠু সরদার (২৮) নামের এক গার্মেন্টসকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মিঠু সরদার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামের মৃত জাকারিয়া সরদারের ছেলে। তিনি ভারতের কলকাতার একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি দেশে ফিরে আসেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, শনিবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর বাজারে একটি মুদি দোকানের পাশে গাঁজা সেবনের সময় পুলিশ মিঠু সরদারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

মিঠু সরদার জানান, দেশে ফেরার পর হরিশপুর বাজারে হুসাইন নামের এক ব্যক্তির কাছ থেকে ২০০ টাকার গাঁজা কিনে সেবনের সময় পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’