• ই-পেপার

চকরিয়ায় গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

পটিয়ার ৬৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ার ৬৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি
ছবি: কালের কণ্ঠ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা গড়ে তুলতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি মাদ্রাসায় সোমবার (২৯ জুন) একযোগে পালিত হবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প এ কর্মসূচির আয়োজন করেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণের পাশাপাশি ব্যানার-ফেস্টুন, র‌্যালি এবং জলবায়ুবিষয়ক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, সোমবার সকাল ১০টা ৫ মিনিটে জাতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একই সময়ে বৃক্ষরোপণ, র‌্যালি এবং জলবায়ু সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি প্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিপেন কান্তি দে বলেন, সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছের পরিচর্যার দায়িত্বও শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা প্রকৃতি সংরক্ষণের বাস্তব শিক্ষা লাভ করতে পারে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ ও টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে পড়বে। প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে দেশব্যাপী সবুজায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সিংড়ায় প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়ায় প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
ছবি : কালের কণ্ঠ

নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২/২০২৬-২৭ মৌসুমে ৫ হাজার ৮৭০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৫ হাজার কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এ ছাড়া ৮২০ জন কৃষককে পাঁচটি করে ফলজ গাছের চারা ও ৪০ কেজি করে জৈব সার এবং ৫০ জন কৃষককে পাঁচটি করে লেবুগাছের চারা ও ৮ কেজি করে জৈব সার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. হিরাদুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি থেকে ভারতে পাচারকালে বিপুল সার জব্দ

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটি থেকে ভারতে পাচারকালে বিপুল সার জব্দ
সংগৃহীত ছবি

ভারতে পাচারকালে বিপুলপরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রবিবার (২৮ জুন) সকালে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ঘাটে তল্লাশিকালে এসব সার জব্দ করা হয়। এ সময় ৩৬ বস্তা ইউরিয়া, আট বস্তা টিএসপি, ২৭ বস্তা জৈব সার জব্দ করা হয়। ১২ বিজিবি হাবিলদার কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিজিবি সতর্ক ছিল। নদীপথে টহল বৃদ্ধি করা হয়। নদীপথে চলাচলকারী প্রতিটি বোটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি বিভিন্ন রকম সার জব্দ করা হয়।

১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, ‘সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান বন্ধে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হয়। এর আগে চলতি মাসে ১০ বস্তা ইউরিয়া সার এবং ২০ বস্তা রসুন জব্দ করা হয়েছিল।’

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ কারবারি আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে উপজেলার বালুছড়া পাতাবাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় হোসেন আলীর ছেলে মিজানুর রহমানকে (২৬) ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় জড়িত হোসেন আলী, তারেক হোসেন, রামুর পূর্ব গোয়ালিয়াপাড়া এলাকার কামাল উদ্দিন ওরফে ‘সাইত্রিশ কামাল’ এবং উখিয়ার পাতাবাড়ি গ্রামের মনজুর খলিবা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

আটক মিজানুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।