• ই-পেপার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

মৌলভীবাজারে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৮জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চা ভাস্কর্য (চা কন্যা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার শহিদ আলীর ছেলে সাব্বির (২৫)। আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহতদের সঙ্গে থাকা বন্ধু রাকিব জানান, ‘দুইটি মোটরসাইকেলে করে তারা হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসছিলেন। নিহত দুই তরুণ ও আহত সাব্বির একটি মোটরসাইকেলে ছিলেন। শ্রীমঙ্গলে প্রবেশের সময় চা ভাস্কর্য এলাকায় পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও নাইমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরের অবস্থার অবনতি হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, ‘বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ।

তিনি আরো জানান, নিহতদের লাশ বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের জন্য আবেদন করেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

তহশিলদারের বিরুদ্ধে দখলীয় সম্পত্তিকে বেদখল দেখিয়ে প্রতিবেদন দেওয়ার অভিযোগ

রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
তহশিলদারের বিরুদ্ধে দখলীয় সম্পত্তিকে বেদখল দেখিয়ে প্রতিবেদন দেওয়ার অভিযোগ
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রৌমারীতে দাঁতভাঙ্গা বাজারে দুই শতক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (তহশিলদার) তদন্ত প্রতিবেদন ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দখলে থাকা জমিকে বেদখল দেখিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়া এবং রাতারাতি ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) শাহাদাত হোসেন ও স্থানীয় বাসিন্দা সফিয়ার রহমানের বিরুদ্ধে।

ভুক্তভোগী মো. আব্দুর রফিক সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি জানান, ২০০৩ সালে ১৮৫৮ ও ১৮৫৯ নম্বর দলিলের মাধ্যমে তিনি দুই শতক জমি কিনে নেন। এরপর সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলে দীর্ঘদিন ধরে ভোগদখলে থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন। নিয়মিত সরকারি খাজনাও পরিশোধ করছেন। বর্তমানে ওই স্থানে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগে বলা হয়, জমিটি দখলের উদ্দেশ্যে সফিয়ার রহমান ও তার সহযোগীরা আদালতে বিচারাধীন বিরোধের সুযোগ নেন। মামলার তদন্তে দায়িত্বপ্রাপ্ত তহশিলদার শাহাদাত হোসেন সরেজমিনে প্রকৃত অবস্থা যাচাই না করেই প্রতিবেদনে উল্লেখ করেন যে জমিটি রফিকের দখলে নেই এবং সেখানে বিবাদীপক্ষের বসতবাড়ি রয়েছে। ওই প্রতিবেদনের পরপরই জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ করে দখল নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. আব্দুর রফিক বলেন, আমার নামে বৈধ দলিল, নামজারি এবং নিয়মিত খাজনা পরিশোধের সব কাগজপত্র রয়েছে। দীর্ঘদিন ধরে আমি জমিটি ভোগদখলে রেখে ব্যবসা পরিচালনা করছি। সেখানে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমও চলছে। তারপরও মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়ে জোরপূর্বক জমি দখল করা হয়েছে। আমি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।


স্থানীয় বাসিন্দা বেনেজীর, মোন্তাজ আলী ও আশরাফুল বলেন, গত ১৫ থেকে ২০ বছর ধরে রফিককে ওই জমি ভোগদখল করতে দেখেছেন। সম্প্রতি সফিয়ার রহমান ও তার ছেলেরা সেখানে এসে জোরপূর্বক ঘর নির্মাণ করেন বলে জানান তারা। 

আরেক স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, অনেক বছর ধরে এই জমিতে রফিকের ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের কার্যক্রম চলছে। এরপরও তদন্ত প্রতিবেদনে কিভাবে জমিটি তার দখলে নেই বলে উল্লেখ করা হলো, সেটিই বড় প্রশ্ন।

অভিযুক্ত সফিয়ার রহমানের ছেলে রহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরাও একই মালিকের কাছে জমি কিনেছি, তাই কাজ করছি।

প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে অভিযুক্ত সফিয়ার রহমান ও তার ছেলে রহিমের কাছে নামজারি এবং মালিকানার দাবির পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো দলিলপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) শাহাদাত হোসেন বলেন, আমার সহকারী ভুল করে আমার নামে রিপোর্ট দিয়েছে। আমি সরেজমিনে দেখতে যাইনি।

নামজারি ও ব্যাংকের কার্যক্রম থাকা সত্ত্বেও প্রতিবেদনে জমিটি রফিকের দখলে নেই কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেব না। ইউএনও বা এসিল্যান্ডকে বলেন, যা করার তারা করবেন।

রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

২০ বছর পর হলেও বাংলাদেশ ফুটবল বিশ্বসভায় জায়গা করে নেবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
২০ বছর পর হলেও বাংলাদেশ ফুটবল বিশ্বসভায় জায়গা করে নেবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে জিরো থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করা যায়, ১৫ বা ২০ বছর পরে হলেও বাংলাদেশের ফুটবল বিশ্বসভায় জায়গা করে নেবে।’

রবিবার (২৮ জুন) বিকেলে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ক্রীড়ামন্ত্রী বলেন, ‘দেশের ক্রীড়া ক্ষেত্রে যারা বড় ভূমিকা রাখছেন ৩০০ ক্রীড়া কার্ডের মাধ্যমে তাদের ভাতা দেওয়া হচ্ছে। ক্রীড়া কার্ড আরো ২০০ বাড়িয়ে এই সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে।’

কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন খেলায় কৃতিত্বের সাক্ষর রাখায় ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে প্রতিমন্ত্রী একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২৬-এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আর্জেন্টিনা-ভক্ত আজাদ মেম্বার গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আর্জেন্টিনা-ভক্ত আজাদ মেম্বার গ্রেপ্তার

আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত নোয়াখালীর আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের পক্ষে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে নোয়াখালীর সেনবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আজাদ মেম্বার সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ মেম্বার পেশায় চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার কারণে দেশজুড়ে পরিচিতি পান। নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকা আকাশি-সাদা রঙে সাজিয়ে ‘আর্জেন্টিনা নগর’ নামে আলোচনায় আসেন। এ ছাড়া ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। এ কারণে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশনের টক শোতেও অংশ নেন তিনি।

সেনবাগ থানার ডিউটি অফিসার (এএসআই) মো. মিলন বলেন, গ্রেপ্তারের পর বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।