• ই-পেপার

দোহারে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনায় পাপিয়া হত্যা : নিরপেক্ষ তদন্ত ও সর্বোচ্চ শাস্তি দাবি

পাবনা প্রতিনিধি
পাবনায় পাপিয়া হত্যা : নিরপেক্ষ তদন্ত ও সর্বোচ্চ শাস্তি দাবি
সংগৃহীত ছবি

পাবনার সদর উপজেলার দোগাছী গ্রামের গৃহবধূ মোছা. পাপিয়া খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নিহতের স্বজন ও স্থানীয়রা হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। রবিবার (২৮ জুন) সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লিখিত অভিযোগ ছড়িয়ে পড়েছে। সেখানে নিহতের স্বামী মো. হুমায়ুন কবির ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

লিখিত অভিযোগে দাবি করা হয়, অভিযুক্তের একাধিক পরকীয়ার সম্পর্ক ছিল এবং পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে পাপিয়া খাতুন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এতে আরো বলা হয়, ঘটনার আগে বিভিন্ন সময় তাকে নির্যাতন করা হয়েছে এবং হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগগুলোর সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাবনায় মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি
পাবনায় মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেপ্তার ১
ছবি: কালের কণ্ঠ

পাবনার হেমায়েতপুর এলাকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি কৌশলে মন্দিরে প্রবেশ করে ভক্তদের দানকৃত দানবাক্স ভেঙে ভেতরে থাকা সব টাকা চুরি করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পাবনা থানার অধীন হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. রাজিব হাসানের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। আশ্রমের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করা হয়।

শনাক্ত হওয়া ব্যক্তি মো. মৃদুল (২৫)। তিনি হেমায়েতপুরের বুদেরহাট এলাকার আবদুল মান্নানের ছেলে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পাবনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম জানান,  গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীমঙ্গলে সীমান্তে পুশ ইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ ইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইন এবং সীমান্ত দিয়ে মাদক প্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের জুলেখানগর চা-বাগানের নাটমন্দিরে এ সভার আয়োজন করা হয়।

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, জুলেখানগর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জুলেখানগর চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহজাহান, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মো. শাহজাহান, বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চা-বাগানের বাসিন্দারা।

সভায় বক্তারা বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা।

মাদারীপুরে পুকুরে ডুবে প্রাণ গেল গৃহবধূর

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে পুকুরে ডুবে প্রাণ গেল গৃহবধূর
সংগৃহীত ছবি

মাদারীপুর সদর উপজেলায় পুকুরে ডুবে শ্রাবণী বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের শিকিনোহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রাবণী বেগম ওই এলাকার হাতেম আলী ফকিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রাবণী বেগম বাড়ির পাশের সাগর হাওলাদারের মাছের ঘেরে হাঁসের জন্য ঝিনুক সংগ্রহ করতে যান। ঝিনুক সংগ্রহ শেষে সেখানে গোসল করার সময় তিনি পানিতে তলিয়ে যান। এক পর্যায়ে স্থানীয়রা তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অখিল সরকার জানান, নিহত নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মাছের ঘেরের একটি পুকুরে ঝিনুক সংগ্রহ করতে গিয়ে এক নারী পানিতে ডুবে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’