• ই-পেপার

মুজিবনগর সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

বাউফলে ইয়াবাসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল নেতা

পটুয়াখালী প্রতিনিধি
বাউফলে ইয়াবাসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল নেতা
সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়াকে (২৫) ইয়াবাসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (২৯ জুন) বাউফল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়ের রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রুবেলকে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ এবং বাউফল উপজেলা ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরো বলা হয়, বহিষ্কারাদেশে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের রুবেলের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে ছাত্রদল কোনো ধরনের আপস করে না। সংগঠনবিরোধী বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সত্যতায় সাংগঠনিক বিধি অনুযায়ী রুবেল ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ২৬ জুন ইয়াবাসহ রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই দলীয়ভাবে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সহকারীর চালানো ট্রাক রেললাইনে উঠে বিকল , ৬ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

রাজবাড়ী প্রতিনিধি
সহকারীর চালানো ট্রাক রেললাইনে উঠে বিকল , ৬ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
সংগৃহীত ছবি

রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় সহকারীর চালানো একটি জিপসামবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে গেলে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। 

সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় খুলনা-রাজবাড়ী রুটের দুটি ট্রেন নির্ধারিত সময়ের পরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে জিপসামবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নিতে সক্ষম হন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার কারণে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। একই সময়ে রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকা রাজবাড়ী এক্সপ্রেসও রাজবাড়ী রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি। পরে রেললাইন সচল হওয়ার পর নকশীকাঁথা এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সহকারী মো. সোহেল বলেন, ‘আমার ওস্তাদ (চালক) অসুস্থ বোধ করছিলেন। তখন তিনি আমাকে ট্রাক চালাতে বলেন। ট্রাক চালানোর সময় হঠাৎ আমার ঘুম চলে আসে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়।’

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরানো সম্ভব হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি ট্রেনের সময়সূচিতে উল্লেখযোগ্য বিলম্ব হয়েছে।’

কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি
কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যু
ছবি: মারা যাওয়া সহোদর দুই ভাই শাহিন হোসেন ও আলমগীর হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (২৮ জুন) দুপুরে বড় ভাই শাহিন হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একই দিন রাতেই চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যে মারা যান ছোট ভাই আলমগীর হোসেন (৩৫)।

ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শুকু কমিশনার বাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন হোসেন হাজীগঞ্জ বাজারের একজন মাছ ব্যবসায়ী ছিলেন। রবিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং পরে মারা যান। বাদ জোহর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, একই দিন রাতে চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ি ফেরেন তাঁর ছোট ভাই আলমগীর হোসেন। বাড়িতে পৌঁছানোর দুই থেকে তিন ঘণ্টা পর, রাত পৌনে ১১টার দিকে তিনিও মারা যান।

একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের মাতম। খবর ছড়িয়ে পড়লে রাতে শত শত মানুষ তাঁদের বাড়িতে ভিড় করেন এবং স্বজনদের সান্ত্বনা জানান।

সোমবার (২৯ জুন) সকালে জানাজা শেষে বড় ভাই শাহিন হোসেনের কবরের পাশেই আলমগীর হোসেনকে দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, “একই দিনে দুই সহোদরকে হারানোর মতো মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় খুবই বিরল। তাঁদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

আরেক স্থানীয় বাসিন্দা মনির মুন্সী বলেন, “এ ঘটনায় আমরা সবাই স্তব্ধ। ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই।”

নাশকতার মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি
নাশকতার মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে
ছবি: কালের কণ্ঠ

পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নাশকতার চেষ্টা ও সরকার উৎখাতের চেষ্টার মামলায় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার স্ত্রী কেন্দ্রীয় ও জেলা যুব মহিলা লীগ নেত্রী মেজর কাজী মৌসুমীকে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মাহাবুব আলী মুয়াদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার সঙ্গে জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুন রাতে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার পঞ্চগড় কাজীপাড়ার বাড়িতে তার স্ত্রী কাজী মৌসুমীর নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। পরে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একটি ভিডিও গত ২৬ জুন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ওই ঘটনায় ২০ জুলাই সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভূঁইয়া তার স্ত্রী কাজী মৌসুমীসহ ৪৭ জন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১১০-১২০ জনকে আসামি করে মামলা করেন পঞ্চগড় সদর থানার এসআই মানিক মিয়া।