• ই-পেপার

তৃতীয় দফায় পেছাল শিশু আসমা হত্যা মামলার রায়

চুরি হওয়া মোটরসাইকেল ভিডিও কলে দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি

ময়মনসিংহ প্রতিনিধি
চুরি হওয়া মোটরসাইকেল ভিডিও কলে দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি
চুরির পর ভিডিও কলে মোটরসাইকেল দেখাচ্ছে চোর। ছবিঃ কালের কণ্ঠ

ময়মনসিংহের নান্দাইলে চুরি যাওয়া মোটরসাইকেল ইমু ভিডিও কলে দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে একটি চোর চক্র। অভিনব এই ঘটনার শিকার হয়েছেন মো. মনিরুল ইসলাম নাঈম (২৪) নামে এক যুবক। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও এখনো মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার ভাটিসাভার গ্রামের মো. খোকন মিয়ার ছেলে মনিরুল ইসলাম নাঈম দুই দিন আগে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ৮৮ হাজার টাকায় একটি ব্যবহৃত টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল কেনেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে তিনি বাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে পাশের বাড়ির একটি জানাজার নামাজে অংশ নিতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও এর কোনো সন্ধান পাননি।

ভুক্তভোগী নাঈম জানান, মোটরসাইকেল চুরির কয়েক ঘণ্টা পর তার মামার ইমু নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, ৫০ হাজার টাকা দিলে মোটরসাইকেলটি ফেরত দেওয়া হবে।

প্রথমে বিষয়টি বিশ্বাস না করলে চোর চক্রটি ইমুতে ভিডিও কল দেয়। ভিডিও কলে একটি শোরুমসদৃশ স্থানে রাখা মোটরসাইকেলটি দেখানো হয়। নাঈমের দাবি, ভিডিওতে দেখা মোটরসাইকেলের নম্বর প্লেট তার চুরি যাওয়া মোটরসাইকেলের নম্বরের সঙ্গে হুবহু মিলে যায়।

এরপর তিনি কোথায় এবং কীভাবে টাকা দিলে মোটরসাইকেলটি ফেরত পাবেন জানতে চাইলে চোর চক্র জানায়, পরে সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। এরপর আর কোনো যোগাযোগ না করে তারা নীরব হয়ে যায়। পরে নাঈম মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করলে জবাবে লেখা হয়, "সমস্যা নেই, গাড়ি পাবেন; আগে একটু ঘুমিয়ে নেই।"

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার মোটরসাইকেল ফিরে পাওয়ার আশায় উদ্বেগের মধ্যে রয়েছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেল উদ্ধার এবং জড়িত চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

বিয়ের দাওয়াতে যাওয়ার সময় কাভার্ড ভ্যান চাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি
বিয়ের দাওয়াতে যাওয়ার সময় কাভার্ড ভ্যান চাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
ছবি: কালের কণ্ঠ

মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ে বাড়ির দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের যাত্রী শিশু ও চাচি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের ঝিনাইরগেট এলাকায় এ দুর্ঘটনাও ঘটে। নিহত বিথি আক্তার (৩৫) দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী ও আয়েশা (৮) হারুন মাদবরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজবাড়ি শিবচরের মাদবরকান্দি থেকে পাশে কাদিরপুর গ্রামের আত্মীয়ের বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইজিবাইকযোগে যাচ্ছিল ৮ বছেরর শিশু আয়েশা ও তার পরিবারের সদস্যরা। মাঝপথে ঝিনাইরগেট এলাকায় আসলে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তার মারা যান। এই ঘটনায় আহত হয় আরো চার জন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

নাটোর প্রতিনিধি
ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের পর ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজানোর অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামে এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার স্বাধীন হোসেন (২২) নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১ জুলাই) বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য তাকে নগদ ২ লাখ টাকা ও বিকাশ হিসাবের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

তবে তদন্তে ঘটনাস্থল ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারিয়ে আত্মসাতের ঘটনা আড়াল করতে তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন। এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজারের দায়ের করা মামলায় গত ২ জুলাই রাতে স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাটোর থানার ওসি মুনসুর আহমেদ জানান, আত্মসাৎ করা অর্থ উদ্ধারে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
ছবি : কালের কণ্ঠ

পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হাসান ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ আল-আমিন শেখ ও আলী হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে সদর থানার ওসি মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি চৌকস দল অস্ত্র, মাদক উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরো জানান, এ সময় ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির খবর পায় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার টোনা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।