ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ চালক ও উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া (৪০) হত্যার অভিযোগে বহিষ্কৃত এক যুবদল নেতাসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি করেন। মামলায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত নেতা সোয়েব মুন্সি (টেরা সোয়েব)সহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত ও রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুন রাতে গৌরীপুর পৌর শহরের সতিষা বাসস্ট্যান্ড এলাকা থেকে মানিক মিয়াকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সোয়েব মুন্সির নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তাকে দফায় দফায় মারধর ও নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।
নিহতের স্ত্রী অভিযোগ করেন, গুরুতর আহত মানিককে চিকিৎসার সুযোগ দেওয়ার আগে অস্ত্রের মুখে তাকে দিয়ে ‘স্বামী মাদক ব্যবসায়ী’—এমন বক্তব্যের একটি ভিডিও ধারণে বাধ্য করা হয়। পরে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে প্রচার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জুলাই ভোরে মানিক মিয়ার মৃত্যু হয়।
ঘটনার দুই দিন পর নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।






