কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদসংলগ্ন চর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, ভারত থেকে নেমে আসা ঢলের পানির সঙ্গে ভেসে এসে মরদেহটি দুধকুমার নদের চরে আটকে গিয়েছিল।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, শুক্রবার দুপুরে স্থানীয়রা নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে বিষয়টি ভূরুঙ্গামারী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নদীর পানি কমে যাওয়ায় মরদেহটি চরের কাদায় আটকে ছিল।
তিনি আরো বলেন, এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, এটি কোনো ভারতীয় নাগরিকের মরদেহ হতে পারে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ভারত থেকে ভেসে এসেছে। পরিচয় শনাক্ত করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে অজ্ঞাতপরিচয় মরদেহটি দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।




