জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান-এর নতুন সিজনের অপেক্ষায় আছেন ভক্তরা। এর মধ্যেই চমকপ্রদ এক তথ্য জানিয়েছেন সিরিজটির পরিচালক রাজ নিদিমোরু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, শুরুতে সিরিজটির প্রধান চরিত্রের জন্য মনোজ বাজপেয়ীর কথা ভাবা হয়নি। বরং তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীকে মাথায় রেখেই গল্পটি লেখা হয়েছিল। তখন এটিকে ওয়েব সিরিজ নয়, পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল।
রাজ বলেন, ‘আমাদের প্রথম পছন্দ ছিলেন চিরঞ্জীবী। তাকে ভেবেই গল্পটি তৈরি করা হয়েছিল। তবে পরে বিভিন্ন কারণে পরিকল্পনা বদলে যায় এবং এটি ওয়েব সিরিজে রূপ নেয়।’

২০১৯ সালে মুক্তির পর দ্য ফ্যামিলি ম্যান ব্যাপক জনপ্রিয়তা পায়। মনোজ বাজপেয়ীর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। পরে সিরিজটিতে যোগ দেন সামান্থা রুথ প্রভু, জয়দীপ আহলাওয়াত ও নিমরত কৌরের মতো তারকারা।
পরিচালক আরো জানান, তৃতীয় সিজনের পরও গল্প শেষ হচ্ছে না। ইতোমধ্যে চতুর্থ সিজনের কাজও শুরু হয়েছে। তাই ভক্তদের জন্য সামনে আরো বড় চমক অপেক্ষা করছে।
সূত্র: আনন্দবাজার ডট কম





