• ই-পেপার

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ

তোপের মুখে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক
তোপের মুখে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
সংগৃহীত ছবি

মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন সিনেমা। কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবনী নিয়ে নির্মিত এই ছবির নাম রাখা হয়েছে ‘ঈথা’। আর এই নাম নিয়েই আপত্তি তুলেছেন শিল্পীর পরিবারের সদস্যরা এবং মহারাষ্ট্রের জাতীয় কংগ্রেস পার্টির নেতারা।

সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। এতে বিঠাবাঈয়ের চরিত্রে দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। বাস্তবধর্মী এই চরিত্রে অভিনয়ের সময় একাধিকবার আহতও হয়েছেন তিনি। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শক ও সিনেবিশেষজ্ঞদের মধ্যে আগ্রহ তৈরি হলেও নামকরণ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বিঠাবাঈয়ের ছেলে ও নাতির দাবি, যে শিল্পী সারা জীবন ‘লাবণী’ নৃত্যকে স্বীকৃতি দেওয়ার জন্য সংগ্রাম করেছেন, তাঁর জীবনীচিত্র তাঁর নিজের নামেই হওয়া উচিত ছিল। 

তাঁদের মতে, ‘ঈথা’ নামটি কিংবদন্তি এই শিল্পীর পরিচয়কে যথাযথভাবে তুলে ধরে না।

একই প্রশ্ন তুলেছে মহারাষ্ট্রের জাতীয় কংগ্রেস পার্টির চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগও। তাদের বক্তব্য, বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবন নিয়ে সিনেমা নির্মাণ করা হলেও কেন তাঁর নাম শিরোনামে রাখা হয়নি, সেটি বোধগম্য নয়। দলের পক্ষ থেকে ছবির নাম ‘বিঠা’ কিংবা ‘বিঠাবাঈ’ রাখার দাবি জানানো হয়েছে।

লোকসংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিলেন বিঠাবাঈ। মঞ্চে তিনি ছিলেন তুমুল জনপ্রিয়, তবে ব্যক্তিগত জীবনে তাঁকে লড়াই করতে হয়েছে দারিদ্র্য ও আর্থিক সংকটের সঙ্গে। জীবনের শেষ সময়ও কেটেছে নানা অভাব-অনটনের মধ্যে।

সিনেমার টিজারে দেখা যায়, একদিকে মঞ্চে চলছে নৃত্য পরিবেশনা, অন্যদিকে নেপথ্যে প্রসববেদনায় কাতর প্রধান চরিত্র। সন্তান জন্ম দেওয়ার পরও শারীরিক যন্ত্রণা উপেক্ষা করে তিনি মঞ্চে উঠে নাচ পরিবেশন করেন। বাস্তব জীবনেও বিঠাবাঈ এমন ঘটনা ঘটিয়েছিলেন বলেই জানা যায়।

‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর আবারও ‘ম্যাডক ফিল্মস’-এর সঙ্গে কাজ করছেন শ্রদ্ধা কাপুর। এই সিনেমায় তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ূব। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ঈথা’।
 

ঝড়ের পূর্বাভাসে বাতিল কেটি পেরির কনসার্ট

বিনোদন ডেস্ক
ঝড়ের পূর্বাভাসে বাতিল কেটি পেরির কনসার্ট
সংগৃহীত ছবি

প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট। বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আয়োজনটি স্থগিত করে কর্তৃপক্ষ।

কনসার্ট বাতিলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দেন কেটি পেরি। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বৈরী আবহাওয়া এবং দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারি নির্দেশনায় আজ রাতে ‘ভেরখটার বুটিক’ শো-টি বাতিল করা হয়েছে। খবরটি যখন আমার কাছে আসে, তখন মঞ্চের পেছনে মেকআপ নিচ্ছিলাম। দুর্ভাগ্যবশত তারা আমাকে আর কোনো কিছু বলেনি।’

হতাশা প্রকাশ করে তিনি আরো লেখেন, ‘আপনাদের মতো আমিও ভীষণ মনঃক্ষুণ্ণ হয়েছি। বিষয়টি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে ৫৫ হাজার মানুষের নিরাপত্তা সবসময় আমার কাছে সবার আগে। আবহাওয়া পরিবর্তনের ক্ষমতা আমার নেই। তবে আজ রাতে আপনাদের সঙ্গে গান গাইতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই নিরাপদে বাড়ি ফিরুন।’

দীর্ঘ ১৭ বছর পর ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। এর আগে সর্বশেষ ২০০৯ সালে এই মঞ্চে গান গেয়েছিলেন তিনি। তাই এবারের আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

উৎসব কর্তৃপক্ষের বরাত দিয়ে কেটি জানান, জনপ্রিয় র‍্যাপার ও গায়ক পিটবুলের পরিবেশনার পরপরই পুরো উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। ওই দিনের লাইনআপে পিটবুল ছাড়াও মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কের পারফর্ম করার কথা ছিল।

দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

২০ কোটি টাকা না দিলে রোহিত শেঠিকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক
২০ কোটি টাকা না দিলে রোহিত শেঠিকে হত্যার হুমকি
সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠিকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এবার তাঁর কাছে ২০ কোটি টাকা চাঁদা দাবি করে একটি অডিও বার্তা পাঠানো হয়েছে। 

সেই বার্তায় স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, নির্ধারিত অর্থ পরিশোধ না করলে এবার সরাসরি তাঁকেই টার্গেট করা হবে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯০ সেকেন্ডের ওই অডিও ক্লিপে দাবি করা হয়, কয়েক মাস আগে রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরে যে গুলির ঘটনা ঘটেছিল, সেটি ছিল কেবল সতর্কবার্তা। এবার টাকা না দিলে হামলার লক্ষ্য হবেন নির্মাতা নিজেই।

অডিও বার্তাটি পাওয়ার পর রোহিত শেঠির কর্মীরা তাৎক্ষণিকভাবে সেটি মুম্বাই পুলিশের কাছে জমা দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, অডিওতে শোনা কণ্ঠটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী ও পলাতক অভিযুক্ত শুভম লোনকরের হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে অডিও ক্লিপটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুভম লোনকরের নাম এর আগেও একাধিক আলোচিত মামলায় উঠে এসেছে। ২০২৪ সালে রাজনীতিক বাবা সিদ্দিকী হত্যাকাণ্ড এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনাতেও তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে এসে রোহিত শেঠির বাড়ির বাইরে গুলি চালায় এক হামলাকারী। পরে ওই হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। তদন্তে দীপক শর্মাকে মূল শুটার হিসেবে শনাক্ত করা হয় এবং পরে উত্তর প্রদেশের আগ্রা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর এপ্রিল মাসে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এ ঘটনায় ১ হাজার ৬২৪ পৃষ্ঠার চার্জশিট আদালতে দাখিল করে। চার্জশিটে মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে প্রবীণ লোনকর ও আরজু বিষ্ণোইকে পলাতক অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সাম্প্রতিক এই হুমকির পর রোহিত শেঠির নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। একই সঙ্গে অডিও বার্তার উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশ।

‘আমি এখন আর সিঙ্গেল না’, বললেন নীহা

বিনোদন প্রতিবেদক
‘আমি এখন আর সিঙ্গেল না’, বললেন নীহা
সংগৃহীত ছবি

অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে আবারও শুরু হয়েছে ব্যক্তিজীবনের আলোচনা। তবে এবার গুঞ্জনের জন্ম দিয়েছেন তিনি নিজেই। ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তনের পর অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে বাগদানের খবর। যদিও অভিনেত্রী জানিয়েছেন, বিষয়টি মোটেও তেমন নয়।

সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধরে নেন, চুপিসারে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

স্ট্যাটাস পরিবর্তনের পর শুভেচ্ছা ও প্রশ্নে ভরে যায় মন্তব্যের ঘর। কেউ হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চান, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবিও তোলেন। তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি নীহা।

পরে বিষয়টি নিয়ে জানতে নীহার সঙ্গে যোগাযোগ করলে কালের কণ্ঠের কাছে সব জল্পনার অবসান ঘটান অভিনেত্রী। 

কালের কণ্ঠকে নাজনীন নীহা বলেন, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি, এনগেজড। তার মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও না কারও সাথে সম্পর্কে জড়িয়েছি। বাকিটুকু সময় হলে জানতে পারবেন।’

NIhaa
প্রেমিকের সঙ্গে নাজনীন নীহা

তিনি আরো বলেন, ‘আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুক স্ট্যাটাস এনগেজড মিনস আমি এখন আর সিঙ্গেল না। এই তথ্যটা যেমন কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি । তেমনি কোন একটা সুইটেবল সময়ে ইন্ডিভিজুয়াল এর পরিচয়ও জানাব।’

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট ঘিরেও তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে অবশ্য অভিনেত্রী জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ, বাস্তব জীবনের কোনো ঘটনা নয়।

সবশেষে সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও, নিজের সঙ্গীর পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন নাজনীন নীহা। 

তাঁর কথায়, সময় হলেই সবকিছু জানাবেন।