• ই-পেপার

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে সরকার : অর্থমন্ত্রী

মাদরাসা শিক্ষকদের বকেয়া বেতন কখন, জানালেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
মাদরাসা শিক্ষকদের বকেয়া বেতন কখন, জানালেন শিক্ষামন্ত্রী

মাদরাসা শিক্ষকদের মে ও জুন—এই দুই মাসের বকেয়া বেতন একসঙ্গে জুলাই মাসে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমি জানি, এক মাসের বেতন না পেলে কী দুর্বিষহ জীবনযাপন করতে হয়। অন্তর্বর্তী সরকার এনটিআরসিএ থেকে মাদরাসায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিয়ে গেছে। কিন্তু তাদের বেতনের বাজেট অ্যালোকেট করেনি। ফলে শিক্ষকরা বেতন পাচ্ছেন না। দ্রুত এ সমস্যা কেটে যাবে।

তিনি বলেন, আগের সরকার এটা জানতেন না যে বাজেট অ্যালোকেট করতে হবে। আমরা দেখেছি যতই সময় গিয়েছে ততই সমস্যা তৈরি করে গিয়েছে যাতে পরবর্তী সরকার কাজ না করতে পারে। এভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমরা তা হতে দেব না।

তিনি আরো বলেন, আমার হাতে ১০০ কোটি টাকা ছিল, আমি জনতা ব্যাংকে এই টাকা দিয়েছি। যাদের অ্যাকাউন্ট জনতা ব্যাংকে তারা বেতন পেয়েছেন। বাকিরা পাচ্ছেন না এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই দুঃখ প্রকাশ করার কথা ছিল বিগত সরকারের, তারা তা করেনি। এভাবে চলছে আমাদের বাংলাদেশ।

বেসরকারি মেডিক্যালের এমবিবিএসে মেধাবীদের জন্য ৫% কোটা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
বেসরকারি মেডিক্যালের এমবিবিএসে মেধাবীদের জন্য ৫% কোটা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমানে বেসরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজে এমবিবিএস, বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ মেধাবী ও অসচ্ছল কোটা চালু রয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, দেশে বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজগুলোতে শিক্ষা ব্যয়বহুল, দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ পায় না, এ ক্ষেত্রে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে দরিদ্র মেধাবীদের জন্য বিশেষ কোটা ব্যবস্থাসহ এসব প্রতিষ্ঠানে শিক্ষার ব্যয়ভার কমানো জন্য আপনার মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে কিনা?

উত্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষা সম্প্রসারণ, আধুনিকায়ন ও গুণগত মানোন্নয়ন এবং সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সে আলোকে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা করেছে। বর্তমানে বেসরকারি মেডিক্যাল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫% মেধাবী ও অসচ্ছল কোটা চালু রয়েছে।

এ বছর ৫% হারে মোট ৩৯৪ জন শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি মেডিক্যাল/ ডেন্টাল কলেজে মেধাবী ও অসচ্ছল কোটায় ভর্তির সুযোগ পেয়েছে।


 

২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু : দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক
২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু : দীনেশ ত্রিবেদী
ছবি: কালের কণ্ঠ

আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত। তবে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও বাণিজ্য ভিসা চালু রয়েছে।

আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিলেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে। ছবি : সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচি এমিলি পালাউয়ান।

বৈঠকে বাংলাদেশে নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

এ ছাড়া বৈঠকে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের গুরুত্ব আরোপ করা হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়। 

বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।