• ই-পেপার

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে। ছবি : সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচি এমিলি পালাউয়ান।

বৈঠকে বাংলাদেশে নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

এ ছাড়া বৈঠকে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের গুরুত্ব আরোপ করা হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়। 

বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ভারতে ট্যুরিস্ট ভিসা সুবিধা আবার চালু করার ঘোষণা দিয়েছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বৃহস্পতিবার ঢাকায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত। তবে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও বাণিজ্য ভিসা চালু রয়েছে।

সম্প্রতি দিনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ১২ জুন তিনি বাংলাদেশে পৌঁছান। আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিলেন।

আগামী ৫০ বছর আ. লীগের ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ : এমপি মাহবুবুর রহমান

অনলাইন ডেস্ক
আগামী ৫০ বছর আ. লীগের ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ : এমপি মাহবুবুর রহমান

ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান জাতীয় সংসদে বলেছেন, আগামী ৫০ বছর আওয়ামী লীগের বোধ হয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের ‍দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিন বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই— আওয়ামী লীগ তিনটি জেনারেশনকে ইনজুর্ড (আঘাত) করেছে। একটি হচ্ছে স্কুল, আরেকটি কলেজ, অন্য একটি ইউনিভার্সিটি। এটা হলো নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, পরে হাসিনার খেদাও আন্দোলন। এই তিনটা জেনারেশন জীবিত থাকা অবস্থায়, আগামী ৫০ বছর আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করেন তিনি।
 

রাষ্ট্রপতির কাছে দীনেশ ত্রিবেদীর পরিচয় পেশ

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির কাছে দীনেশ ত্রিবেদীর পরিচয় পেশ
ছবি : পিআইডি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে পরিচয় পেশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে গিয়ে পরিচয় পেশ করেন তিনি।

গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দিয়েছে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ১২ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।


এদিকে হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। গত ২৪ জুন ভারত সরকারের জারি করা এক অফিস স্মারকে জানানো হয়েছে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত দিনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক প্রটোকলের ক্ষেত্রে টেবিল অব প্রিসিডেন্সে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের মর্যাদা দেওয়া হয়েছে।

এই মর্যাদা শুধু আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য প্রযোজ্য। এটি সম্পূর্ণরূপে দিনেশ ত্রিবেদীর ব্যক্তিগত মর্যাদা হিসেবে বিবেচিত হবে এবং ভারতের টেবিল অব প্রিসিডেন্সে কোনো কাঠামোগত পরিবর্তন আনবে না বলে স্মারকে উল্লেখ আছে।