• ই-পেপার

সীমান্তে পুশ ইন প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান

৬ শিশুর মৃত্যুর বিচার হয়, ৬০০ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!

অদিতি করিম
৬ শিশুর মৃত্যুর বিচার হয়, ৬০০ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!

বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।’ কিন্তু আমরা কি সংবিধানের এই মৌলিক অধিকারের বিধান মানছি? এই দেশে কিছু মানুষ আছেন যারা আইন ও বিচারের উর্ধ্বে। ধরাছোঁয়ার বাইরে।তারা অপরাধ করলেও বুক ফুলিয়ে ঘুরে বেড়ান। আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা যায় না। তাদের অপকর্মের প্রমাণ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে তদন্ত পর্যন্ত হয়না। সুশীল মুখোশ পরে এরা অনিয়ম করেন, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। সাম্প্রতিক সময়ে শিশু হত্যা নিয়ে আইনের বৈষম্য আমাদের চোখের সামনে উন্মোচিত হলো ঈদের আগের দিন রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটে। গোটা দেশ এই ঘটনায় শোকে স্তব্ধ হয়। সরকার এই ঘটনার তদন্ত শুরু করে। স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্বাস্হ্য মন্ত্রী তার কথা রেখেছেন। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।গত বৃহস্পতিবার হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে আজ আদ্-দ্বীন হাসপাতালের স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে চিঠিটি পাঠিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ)। চিঠিতে আরও বলা হয়েছে, ‘লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে।’

চিঠিটির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে ‘আদ্-দ্বীন হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা-এর কারণ দর্শানোর জবাবের পরিপ্রেক্ষিতে প্রদত্ত সিদ্ধান্ত।’

চিঠিতে বলা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(১) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৪ জুন এই হাসপাতালটির ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৭ জুন বিকেল পাঁচটার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ৭ জুন আদ্-দ্বীন হাসপাতাল কারণ দর্শানোর সময় বাড়ানোর জন্য আবেদন করলে এই সময়সীমা ৯ জুন বিকেল পাঁচটা পর্যন্ত বাড়ানো হয়।

বিষয়টি উল্লেখ করে আদ্-দ্বীন হাসপাতালের স্বত্বাধিকারীকে চিঠিতে বলা হয়েছে, ‘৯ জুন আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে জবাব ও ব্যাখ্যা দেওয়া হয়, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(২) (খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত পদক্ষেপ ছাড়াও ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পুলিশ মামলা করেছে। সেই মামলার তদন্ত চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়, কিন্তু অতীতে কখনও স্বাস্থ্য অধিদফতর কঠোর হতে পারেনি। এধরনের ঘটনার পর তদন্ত কমিটি হয়েছে, কিছুদিন হৈচৈ হয়েছে, তারপর সবকিছু ধামাচাপা পড়ে গেছে। যারা বেসরকারি হাসপাতালের মালিক তারা প্রভাবশালী। যেকোন উপায়ে তারা সবকিছু ম‍্যানেজ করে নিয়েছেন। ফলে বেসরকারি হাসপাতাল গুলো ক্রমশ স্বেচ্ছাচারি হয়ে গেছে। রোগীদের সেবা প্রদানের চেয়ে তারা মুনাফা লাভে বেশি ব্যস্ত। বেসরকারি হাসপাতাল গুলো জবাবদিহিতার বাইরে চলে যায়। তাই আদ- দ্বীন হাসপাতালের মতো একটি প্রভাবশালী বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকার নিঃসন্দেহে সাহসিকতার পরিচয় দিয়েছে। এটা শুধু আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নয়, যেসব বেসরকারি হাসপাতাল চিকিৎসার নামে প্রতারণা করে, জনগণকে হয়রানি করে তাদের সবার জন্য একটি সতর্ক বার্তা। এজন্য স্বাস্থ্য মন্ত্রী একটি ধন্যবাদ পেতেই পারেন। তিনি শুরু থেকেই এই বিষয়ে সোচ্চার এবং সংবেদনশীল ছিলেন। আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। শুধু আদ্-দ্বীনের ঘটনা নয়, আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বেশ কিছু দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে ঢাকার একটি আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। মাত্র ছয় দিনের মধ্যে এই রায় বাংলাদেশে ন‍্যায় বিচার প্রতিষ্ঠায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। গত ১৯শে মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় নিজেদের বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ। এই রায় সারাদেশে শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা কমাতে ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

কিন্তু সব ক্ষেত্রে কি সরকার আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারছে? এই প্রশ্ন উঠেছে কারণ, হামে শিশু মৃত্যুর মিছিল যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তখনও সরকার দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। হামে শিশু মৃত্যু ছয় শ পেরিয়ে গেছে আরও আগে। বাংলাদেশে এভাবে এতো শিশুর মৃত্যু আগে কখনও ঘটেনি। সবাই জানে, কেন এই মৃত্যু। এনিয়ে সব গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। হামে শিশু মৃত্যুর ঘটনা কোন স্বাস্থ্য সমস্যা নয়, এটি বিগত অন্তর্বর্তী সরকারের সীমাহীন গাফিলতির একটি উদাহরণ মাত্র। ইউনিসেফের সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, ইউনিসেফ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা–সংকটের কথা বলে সতর্ক করেছিল। তারা ১০টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের কাছে একই কথা জানিয়েছিল। ইউনিসেফ মনে করে, অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি। এটি প্রমাণ করে  এই শিশুদের আসলে হত্যা করা হয়েছে। যে হত্যার দায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তার স্বাস্থ্য উপদেষ্টার। 

প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্য মন্ত্রী, তথ্য উপদেষ্টা সবাই একাধিক বক্তৃতায় বলেছেন, সাবেক সরকারের অবহেলায় কারণে এই বিপর্যয় ঘটেছে। কিন্তু সরকার এখন পর্যন্ত, এই ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেনি।

অনেক অভিভাবক ও সচেতন নাগরিক, এনিয়ে মামলা দায়ের করার উদ্যোগ নেন কিন্তু তাদের মামলা আদালত গ্রহণ করেনি। সর্বশেষ এবিষয়ে মামলা করেছিলেন একজন জনপ্রতিনিধি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের এই আবেদনটি খারিজ করে দেয়া হয়।

এর আগে, সারাদেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্বে ব্যর্থতা অনুসন্ধানে একটি ইনকোয়ারি কমিশন গঠন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গত ১৯ মে জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দিয়েছিলেন। রুলে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি জানান, চলমান শিশু মৃত্যুর ঘটনায় কারা দায়ী এবং কেন রাষ্ট্র দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তা অনুসন্ধানের জন্য একটি ইনকোয়ারি কমিশন গঠনের বিষয়ে রুল দিয়েছেন আদালত।

গত ১৭ মে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন। রিটে হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
৬ এপ্রিল এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এসব রীটে এখনও কোন প্রতিকার পাওয়া যায়নি।

এসব অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও সাড়া নেই। সরকারের পক্ষ থেকে এনিয়ে তদন্তে অনাগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কেন? বর্তমান সরকার হাম প্রতিরোধে সকল ধরনের উদ্যোগ নিয়েছে। এই মৃত্যুর দায় কোনভাবেই বর্তমান সরকারের ওপর বর্তায় না। তাহলে এক্ষেত্রে দোষীদের শাস্তির আওতায় আনতে বাধ্য কোথায়? হামে ছয় শতাধিক শিশুর মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় না আনা হলে, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়েই থাকবে।

অদিতি করিম, লেখক ও নাট্যকার
ইমেইল : [email protected]

ইসলামী ব্যাংকের আসল পরীক্ষা ব্যাংকটির নয়, রাষ্ট্রেরও

জাহিদ হোসেন, অর্থনীতিবিদ
ইসলামী ব্যাংকের আসল পরীক্ষা ব্যাংকটির নয়, রাষ্ট্রেরও
জাহিদ হোসেন

ইসলামী ব্যাংক এক দিনে সংকটে পড়েনি। সাম্প্রতিক ঘটনাবলি হয়তো সংকটকে দৃশ্যমান করেছে; কিন্তু এর শিকড় বহু বছরের। তাই বর্তমান পরিস্থিতি বোঝার জন্য আমাদের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহের বাইরে গিয়ে দেখতে হবে ব্যাংকটির আর্থিক অবস্থান, শাসনব্যবস্থা এবং আমানতকারীদের আস্থার বিবর্তনকে।

প্রথম আলোতে প্রকাশিত এক অভিমতে জাহিদ হোসেন লেখেন, গত কয়েক বছরে ইসলামী ব্যাংক ঘিরে যে অভিযোগগুলো সামনে এসেছে—অস্বাভাবিক মাত্রায় ঋণ কেন্দ্রীভূত হওয়া, সম্পদের প্রকৃত মান নিয়ে প্রশ্ন, ক্রমবর্ধমান খেলাপি ঋণ এবং বিপুল প্রভিশন ঘাটতি; সেগুলো কোনো বিচ্ছিন্ন সমস্যা ছিল না। এগুলো ইঙ্গিত করছিল যে ব্যাংকটির আর্থিক ভিত্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। পরবর্তীকালে বিভিন্ন নিরীক্ষা ও তদারক কার্যক্রমে সেই দুর্বলতার আরও স্পষ্ট চিত্র সামনে আসে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকটির মালিকানা ও পরিচালনার কাঠামোতে পরিবর্তন আসে। বাংলাদেশ ব্যাংক নতুন বোর্ড নিয়োগ করে এবং ব্যাংকটির ওপর নিবিড় তদারকি শুরু হয়। একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের তারল্য–সহায়তা এবং নতুন ব্যবস্থাপনার অধীনে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। আমানতকারীদের মধ্যে আস্থাও আংশিকভাবে পুনরুদ্ধার হয়। শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম আবার চালু হতে শুরু করে এবং দীর্ঘদিনের অনিশ্চয়তার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলে মনে হচ্ছিল।

তবে এই স্থিতিশীলতাকে পূর্ণাঙ্গ পুনরুদ্ধার বলে ধরে নেওয়া ভুল হতো। কারণ, তারল্যসংকট সাময়িকভাবে মোকাবিলা করা গেলেও মূল সমস্যাগুলো তখনো রয়ে গিয়েছিল। একটি দুর্বল ব্যালান্স শিট, বিপুল অপ্রদর্শিত ক্ষতি এবং আস্থার ভঙ্গুর ভিত্তি ব্যাংকটিকে ঝুঁকির মধ্যে রেখেছিল।

এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন-পরবর্তী সময়ে কয়েকটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম দেয়। আর্থিক খাতের নীতিগত দিকনির্দেশনা, নিয়ন্ত্রক কাঠামোর পরিবর্তন, শীর্ষ পর্যায়ে পদত্যাগ এবং নতুন নিয়োগ—এসব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও বিতর্ক দেখা দেয়। এসব সিদ্ধান্তের পক্ষে এবং বিপক্ষে যুক্তি থাকতেই পারে; কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো ব্যাংকের ভেতরে ও বাইরে কী ধরনের বার্তা পাঠিয়েছে।

ব্যাংকিং খাতে বাস্তবতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ বাস্তবতা সম্পর্কে মানুষের ধারণা। কোনো ব্যাংকের আমানতকারীরা সাধারণত নিরীক্ষা প্রতিবেদন পড়ে সিদ্ধান্ত নেন না। তাঁরা সিদ্ধান্ত নেন আস্থা, প্রত্যাশা ও নিরাপত্তাবোধের ভিত্তিতে। ফলে কোনো ব্যাংক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব দ্রুত তারল্যের ওপর পড়তে পারে।

ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও সম্ভবত সেটিই ঘটেছে। নির্বাচন-পরবর্তী কিছু পদক্ষেপ ব্যাংকের ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও স্বাধীনতা নিয়ে আমানতকারীদের একাংশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। সেই উদ্বেগের সঙ্গে যুক্ত হয় গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য এবং ব্যাংকের অভ্যন্তরীণ অস্থিরতার খবর। ফলাফল ছিল—বিশাল অঙ্কের আমানত উত্তোলন এবং তারল্যের ওপর নতুন চাপ।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন। বর্তমান সংকটের জন্য কোনো একক ঘটনা বা কোনো একক সিদ্ধান্তকে দায়ী করা কঠিন। একটি শক্তিশালী ও সুস্থ ব্যাংক সাধারণত বিতর্কিত নিয়োগ বা রাজনৈতিক অনিশ্চয়তা সামাল দিতে পারে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সমস্যা হলো ব্যাংকটি এমন ধাক্কা সামলানোর মতো অবস্থায় ছিল না। দীর্ঘদিনের আর্থিক দুর্বলতা তাকে একটি আস্থার সংকটের প্রতি অত্যন্ত সংবেদনশীল করে তুলেছিল।

এ কারণেই বর্তমান পরিস্থিতিকে কেবল রাজনৈতিক বা আর্থিক সংকট হিসেবে দেখলে ভুল হবে। এটি মূলত একটি আর্থিকভাবে দুর্বল প্রতিষ্ঠানের ওপর আস্থার সংকটের অভিঘাত; আর এই দুই উপাদান—আর্থিক দুর্বলতা ও আস্থার অবক্ষয় পরস্পরকে শক্তিশালী করেছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক হস্তক্ষেপ সেই বাস্তবতারই স্বীকৃতি। বোর্ড বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত মূলত একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে নিয়ন্ত্রক সংস্থা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় সক্রিয় রয়েছে। স্বল্প মেয়াদে এটি পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করতে পারে; কিন্তু দীর্ঘ মেয়াদে এটি কোনো সমাধান নয়।

কারণ, এখানেই সামনে আসে আরও কঠিন প্রশ্ন—এই পুনর্গঠনের কাজটি করবে কে?

প্রশাসক তারল্যসংকট মোকাবিলা করতে পারেন, দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে পারেন এবং পরিস্থিতির আরও অবনতি থেকে রক্ষা করতে পারেন; কিন্তু কোনো প্রশাসক দীর্ঘমেয়াদি অর্থে একটি ব্যাংক পুনর্গঠন করতে পারেন না। একটি ব্যাংকের পুনরুদ্ধারের জন্য দরকার মূলধন পুনর্গঠনের পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কার, ঋণশৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা, দক্ষ ব্যবস্থাপনা এবং বিশ্বাসযোগ্য শাসনব্যবস্থা। এগুলো এমন কাজ, যার জন্য একটি সক্ষম ও স্বাধীন পরিচালনা পর্ষদের প্রয়োজন। প্রশাসক আগুন নেভাতে পারেন; কিন্তু একটি প্রতিষ্ঠান পুনর্নির্মাণের জন্য প্রয়োজন স্থপতি।

সমস্যা হলো—যে পরিবেশে এমন একটি বোর্ড সবচেয়ে বেশি দরকার, সেই পরিবেশই যোগ্য ও সুনামসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণকে সবচেয়ে বেশি নিরুৎসাহিত করে। বহু বছর ধরে বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন ও নানা ধরনের স্বার্থ সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে স্বাভাবিকভাবেই অনেকে অনাগ্রহী থাকবেন। কারণ, সেখানে শুধু একটি দুর্বল ব্যালান্স শিটের দায় নয়, একটি জটিল উত্তরাধিকারও বহন করতে হয়। বোর্ডে যোগ দেওয়া মানে শুধু আর্থিক পুনর্গঠনের দায়িত্ব নেওয়া নয়; অনেক ক্ষেত্রে তা হয়ে ওঠে একটি গভীরভাবে বিভক্ত ও অবিশ্বাসপূর্ণ পরিবেশে কাজ করার চ্যালেঞ্জ। ফলে একটি দুষ্টচক্র তৈরি হয়। ব্যাংকটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার ভিত্তিতে পরিচালনা করার জন্য দরকার বিশ্বাসযোগ্য শাসনব্যবস্থা; কিন্তু সেই বিশ্বাসযোগ্য শাসনব্যবস্থা গড়ে তুলতে আবার এমন একটি পরিবেশ প্রয়োজন, যেখানে পেশাদার সিদ্ধান্তকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হবে না। পুনর্গঠনের প্রযুক্তিগত পথ মোটামুটি পরিষ্কার; কঠিন হলো সেই রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করা, যেখানে সেই পথ অনুসরণ করা সম্ভব।

এ কারণেই ইসলামী ব্যাংকের বর্তমান সংকট শেষ পর্যন্ত শুধু একটি ব্যাংকের সংকট নয়, এটি রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতারও পরীক্ষা। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কি যথেষ্ট বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করতে পারবে? রাজনৈতিক নেতৃত্ব কি পুনর্গঠনের প্রক্রিয়াকে প্রয়োজনীয় সময় ও স্বাধীনতা দেবে; এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—আমানতকারীরা কি বিশ্বাস করতে পারবেন যে ব্যাংকটির ভবিষ্যৎ পেশাদার সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে, প্রতিদ্বন্দ্বী স্বার্থগোষ্ঠীর প্রতিযোগিতার মাধ্যমে নয়?

ইসলামী ব্যাংক শুধু একটি ব্যাংক নয়; এটি দেশের অন্যতম বৃহৎ আমানত গ্রহণকারী প্রতিষ্ঠান। এর সঙ্গে জড়িত রয়েছে লাখ লাখ গ্রাহক, অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান এবং পুরো ইসলামী ব্যাংকিং খাতের প্রতি জনসাধারণের আস্থা। ফলে এর সংকট দীর্ঘায়িত হলে প্রভাব একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না–ও থাকতে পারে। আস্থার সংকটের প্রকৃতি হলো এটি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়তে পারে; বিশেষত যখন জনগণের মনে প্রশ্ন জাগে যে সমস্যাটি কি একটি ব্যাংকের, নাকি শাসনব্যবস্থার।

এখানেই বর্তমান সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিহিত। একটি ভঙ্গুর প্রতিষ্ঠান বহু বছর আর্থিক দুর্বলতা নিয়ে টিকে থাকতে পারে, যদি মানুষ বিশ্বাস করে যে সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে; কিন্তু যখন সেই বিশ্বাস নড়বড়ে হয়ে যায়, তখন সংকট শুধু ব্যালান্স শিটে সীমাবদ্ধ থাকে না; তা আস্থার সংকটে রূপ নেয়।

সুতরাং আজকের প্রশ্ন কেবল ইসলামী ব্যাংককে কীভাবে বাঁচানো যায়, তা নয়। প্রশ্ন হলো বাংলাদেশ কি এমন একটি প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করতে পারবে, যেখানে আর্থিক প্রতিষ্ঠানের পুনর্গঠন রাজনৈতিক প্রতিযোগিতার বিষয় না হয়ে পেশাদার সক্ষমতা ও জবাবদিহির বিষয় হবে?

কারণ, ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ শেষ পর্যন্ত শুধু তার ব্যালান্স শিট দ্বারা নির্ধারিত হবে না, তা নির্ধারিত হবে এই প্রশ্নের উত্তরে—রাষ্ট্র কি নিজেকে যথেষ্ট সংযত রাখতে পারবে, যাতে প্রতিষ্ঠানগুলো সুস্থ হওয়ার সুযোগ পায়? যদি না পারে, তাহলে পরবর্তী সংকটও হয়তো কোনো হিসাবপত্র থেকে আসবে না। সেটিও আসবে আস্থার অবক্ষয় থেকে, একটি সংকেতের মাধ্যমে।

লেখক : বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ

বেনজীর গ্রেপ্তার : রুই-কাতলাও ধরা পড়ছে সরকারের জালে!

আহসান হাবিব বরুন
বেনজীর গ্রেপ্তার : রুই-কাতলাও ধরা পড়ছে সরকারের জালে!
বেনজীর আহমেদ

ক্ষমতা মানুষকে অনেক কিছু দিতে পারে—প্রভাব, প্রতিপত্তি, সম্পদ, ভয় প্রদর্শনের সামর্থ্য এবং কখনো কখনো নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবার বিভ্রমও। কিন্তু ইতিহাসের নির্মম সৌন্দর্য হলো, প্রকৃতি ও ইতিহাস শেষ পর্যন্ত কাউকেই ছাড় দেয় না। সময়ের আদালত অনেক দেরিতে বসলেও তার রায় সবচেয়ে শক্তিশালী মানুষগুলোকেও কাঠগড়ায় দাঁড় করায়।

বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেপ্তারের ঘটনাটি ঠিক তেমনই এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে। কারণ এটি কেবল একজন সাবেক পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের খবর নয়; এটি এমন এক ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে উচ্চারিত প্রশ্ন, যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে অনেকের কাছে অপ্রতিরোধ্য, অজেয় এবং জবাবদিহির ঊর্ধ্বে বলে মনে হয়েছে।

তাই বেনজীরের এই গ্রেপ্তার নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে। কারণ বেনজীর আহমেদ শুধু একজন ব্যক্তি নন; তিনি একটি সময়ের প্রতীক, একটি ক্ষমতার কাঠামোর প্রতীক এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত অধ্যায়গুলোর অন্যতম মুখ।

আমার বিবেচনায়, বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন কিংবা প্রশাসনিক অসদাচরণের অভিযোগে প্রকৃত অর্থে প্রভাবশালী ব্যক্তিদের জবাবদিহির মুখোমুখি করার নজির খুবই কম। অনেক সময় জনমতের চাপ সামাল দিতে কিংবা আইনের শাসনের একটি প্রতীকী চিত্র তুলে ধরতে কিছু ছোটখাটো ব্যক্তিকে বিচারের আওতায় আনা হয়েছে, কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করা রুই-কাতলাদের অধিকাংশই ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে।

সেই বাস্তবতায় বেনজীর আহমেদের গ্রেপ্তারের ঘটনাটি একটি নতুন বার্তা বহন করে। এটি দেখিয়ে দেয় যে রাষ্ট্র যদি রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক দক্ষতা এবং আইনি প্রস্তুতি নিয়ে এগোতে চায়, তাহলে পৃথিবীর কোনো প্রান্তই অপরাধীর জন্য সম্পূর্ণ নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারে না।

আন্তর্জাতিক সহযোগিতা, ইন্টারপোলের সহায়তা এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী দুবাই থেকে এমন একজন প্রভাবশালী সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা নিঃসন্দেহে সরকারের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন হিসেবেই বিবেচিত হবে। এতে কোনো সন্দেহ নেই।

এই ঘটনার আরেকটি রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। দেশের বাইরে অবস্থানরত বহু রাজনৈতিক ব্যক্তিত্বের কাছেও এটি একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ কিংবা উত্তর আমেরিকায় অবস্থান করে যারা মনে করেন অতীতের ক্ষমতা, অর্থ কিংবা আন্তর্জাতিক যোগাযোগ তাদের জন্য স্থায়ী সুরক্ষা নিশ্চিত করবে, তাদের জন্য এই ঘটনা নতুন বাস্তবতার ইঙ্গিত বহন করছে। অন্তত জনমনে এমন ধারণা আরো শক্তিশালী হয়েছে যে আইনের দীর্ঘ হাত একসময় অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।

ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে অনেকেই আওয়ামী লীগের দেশত্যাগী নেতাকর্মীদের জন্য একটি সতর্ক সংকেত হিসেবে দেখছেন। যারা বিদেশের মাটিতে বসে দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করার চেষ্টা করছেন, তাদের কাছেও এই গ্রেপ্তার একটি নতুন ও বিপজ্জনক বার্তা বহন করে। পৃথিবী এখন অনেক ছোট। আন্তর্জাতিক সহযোগিতার যুগে কোনো প্রভাব, কোনো অর্থ, কোনো রাজনৈতিক পরিচয় কিংবা বিদেশি আশ্রয় আর চূড়ান্ত নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। তবে আমার কাছে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি অন্যত্র।

এখানে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করতে চাই। ২০০৮ সালে আমি বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ছিলাম। ১/১১ সরকারের সময়ে পুলিশ সংস্কার নিয়ে আমি বেনজীর আহমেদের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। সে সময় তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি অর্থ ও উন্নয়ন হিসেবে কর্মরত ছিলেন। আজকের বিতর্কিত ও আলোচিত বেনজীরকে ঘিরে জনমনে যে চিত্রটি বিদ্যমান, সেই মানুষটিকে তখন আমার মোটেও দাম্ভিক বা অহংকারী মনে হয়নি। বরং তাকে একজন মেধাবী, আত্মবিশ্বাসী এবং প্রতিশ্রুতিশীল পুলিশ কর্মকর্তা বলেই মনে হয়েছিল।

কিন্তু সময়ের পরিক্রমায় সেই মানুষটিকেই আমরা এক ভিন্ন রূপে দেখেছি। এখানেই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে—সমস্যা কি শুধু একজন বেনজীর আহমেদ, নাকি সেই রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামোও, যা একজন কর্মকর্তাকে ধীরে ধীরে এতটা ক্ষমতাবান, এতটা প্রভাবশালী এবং শেষ পর্যন্ত এতটা বিতর্কিত করে তুলতে পারে?

আমি বিশ্বাস করি, কোনো বেনজীর একদিনে তৈরি হন না। তাকে তৈরি করে একটি সংস্কৃতি, একটি রাজনৈতিক পরিবেশ এবং একটি শাসনব্যবস্থা। আমাদের দেশে গণতন্ত্রের আনুষ্ঠানিক কাঠামো থাকলেও বহু সময় তার আড়ালে স্বৈরতান্ত্রিক প্রবণতার চর্চা হয়েছে। ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ, জবাবদিহির অভাব, প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং ব্যক্তি-নির্ভর শাসনব্যবস্থা মিলেই এমন একটি পরিবেশ সৃষ্টি করে, যেখানে কিছু কর্মকর্তা নিজেদের রাষ্ট্রের সেবক নয়, বরং রাষ্ট্রের মালিক ভাবতে শুরু করেন।

আজকের বেনজীর একদিন হঠাৎ করে তৈরি হননি। ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রশ্রয়, জবাবদিহির অভাব এবং ব্যক্তিপূজার সংস্কৃতি মিলেই এমন বাস্তবতার জন্ম দেয়। ফলে কেবল একজন ব্যক্তির পতনে সন্তুষ্ট হলে চলবে না; বরং সেই পরিবেশ এবং সংস্কৃতিরও অবসান ঘটাতে হবে, যা নতুন নতুন বেনজীর তৈরির সুযোগ সৃষ্টি করে।

আমার কাছে বেনজীরের গ্রেপ্তারের সবচেয়ে বড় তাৎপর্য এখানেই। এটি শুধু অতীতের অভিযোগ ও বিতর্কের বিচার প্রক্রিয়ার বিষয় নয়; এটি বর্তমান এবং ভবিষ্যতের জন্যও একটি শক্তিশালী সতর্কবার্তা। প্রশাসন, পুলিশ কিংবা রাষ্ট্রযন্ত্রের যেকোনো স্তরে যারা ক্ষমতার মোহে নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেন, যারা মনে করেন পদ-পদবি ও প্রভাব-প্রতিপত্তি তাদের চিরস্থায়ী নিরাপত্তা দেবে, তাদের জন্য এই ঘটনা গভীরভাবে ভাবার বিষয়।

বাংলাদেশের সামনে আজ একটি ঐতিহাসিক সুযোগ উপস্থিত হয়েছে। আমরা কি শুধু একজন ব্যক্তিকে বিচারের মুখোমুখি করেই সন্তুষ্ট থাকব, নাকি সেই রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতিরও পরিবর্তন ঘটাব, যা ক্ষমতার অপব্যবহারকে উৎসাহিত করে? আমরা কি শুধু লেজ ধরে টানাটানি করব, নাকি সমস্যার মূল শিকড়ে হাত দেব?

কারণ প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, নাগরিকের অধিকার নিশ্চিত করতে হলে এবং ন্যায়বিচারকে রাষ্ট্রের কেন্দ্রীয় মূল্যবোধে পরিণত করতে হলে প্রয়োজন আমূল প্রাতিষ্ঠানিক সংস্কার।

রাষ্ট্রকে ব্যক্তির চেয়ে শক্তিশালী করতে হবে, প্রতিষ্ঠানকে দলের চেয়ে শক্তিশালী করতে হবে এবং আইনকে ক্ষমতার চেয়ে শক্তিশালী করতে হবে।

নচেৎ ইতিহাসের চাকা ঘুরতেই থাকবে। নাম বদলাবে, মুখ বদলাবে, কিন্তু বেনজীরেরা হারিয়ে যাবে না।

একজনের পতনের পর আরেকজনের উত্থান ঘটবে। প্রশ্ন হলো—বাংলাদেশ কি সেই অন্তহীন চক্র ভাঙতে প্রস্তুত, নাকি আমরা আবারও একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখব?

এখানে একটি সত্য আমাদের সবারই মনে রাখা উচিত। রাজনীতিবিদ, আমলা, সামরিক কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের সদস্য কিংবা ব্যবসায়ী—পদ ও পরিচয় যাই হোক না কেন, অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ সম্পদের অহংকার কখনো কোনো মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না। বিলাসবহুল বাড়ি, বিদেশি ব্যাংক হিসাব কিংবা ক্ষমতার চাকচিক্য হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার বিবেকের কাছে নির্দোষ থাকার শক্তি।

পৃথিবীতে গভীর রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার মতো বড় প্রাপ্তি খুব কমই আছে। আর সেই প্রশান্তি অর্থ, ক্ষমতা কিংবা প্রভাব দিয়ে কেনা যায় না; সেটি অর্জন করতে হয় সততা, ন্যায়পরায়ণতা এবং নৈতিক সাহসের মাধ্যমে।

পরিশেষে বলতে চাই, হয়তো ভবিষ্যৎ প্রজন্ম বেনজীর আহমেদের গ্রেপ্তারকে শুধুমাত্র একজন সাবেক আইজিপির গ্রেপ্তার হিসেবে মনে রাখবে না। তারা এটিকে মনে রাখবে এমন এক মুহূর্ত হিসেবে, যখন বাংলাদেশ প্রথমবারের মতো ক্ষমতার দুর্গে আঘাত হানার সাহস দেখিয়েছিল। যখন রাষ্ট্র অন্তত প্রমাণ করার চেষ্টা করেছিল যে পদ-পদবি, অর্থ-বিত্ত, প্রভাব-প্রতিপত্তি কিংবা রাজনৈতিক পরিচয় কোনো ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে তুলে দিতে পারে না।

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সরকার আসবে, সরকার যাবে; রাজনৈতিক দল পরিবর্তিত হবে, ক্ষমতার পালাবদল হবে; কিন্তু কোনো নাগরিককে বিচার এড়াতে দেশ ছেড়ে পালাতে হবে না, কোনো কর্মকর্তাকে ক্ষমতার জোরে নিজেকে রাষ্ট্রের চেয়ে বড় ভাবার সুযোগ দেওয়া হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আইনের নিরাপত্তা ভোগ করবে সাধারণ মানুষও, আবার রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিও একই আইনের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে। সুতরাং নতুন বাংলাদেশের স্বপ্ন যদি সত্যিই বাস্তবায়ন করতে হয়, তাহলে এখনই নতুন অঙ্গীকারের সময়। ব্যক্তি নয়, প্রতিষ্ঠান; ক্ষমতা নয়, জবাবদিহি; ভয় নয়, স্বাধীনতা; আনুগত্য নয়, ন্যায়বিচার—এই দর্শনের ওপরই গড়ে উঠতে পারে ভবিষ্যতের বাংলাদেশ।

লেখক : সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন
ই-মেইল: [email protected] 

সীমারেখার রাজনীতি

জিল্লুর রহমান
সীমারেখার রাজনীতি

সীমারেখার রাজনীতি

১. বাজেটের অঙ্ক, টাকার প্রশ্ন

বাংলাদেশের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। সংখ্যার ভাষায় এটি এক মহাকাব্য। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, অবকাঠামো, কৃষি-প্রায় সবখানেই বরাদ্দ বেড়েছে। সরকারের বক্তব্য পরিষ্কার : মানুষকে কেন্দ্র করে উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করা হবে। কাগজকলমে আপত্তি করার খুব বেশি কিছু নেই। শিক্ষায় বিনিয়োগ দরকার, স্বাস্থ্য খাতে বিনিয়োগ দরকার, সামাজিক সুরক্ষা দরকার। একটি সুস্থ ও শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কোনো দেশ দীর্ঘমেয়াদে এগোতে পারে না। এ নিয়ে বিতর্কের সুযোগ খুব কম।

কিন্তু একটি প্রশ্ন প্রতি বছরই যেন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। টাকা কোথায়? আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে বাজেট নিয়ে আলোচনা শুরু হলেই ব্যয়ের তালিকা সামনে আসে। কে কত পেল, কোন মন্ত্রণালয় কত বাড়তি বরাদ্দ পেল, কোন খাতে নতুন প্রকল্প হলো-এসব নিয়ে আলোচনা হয়। কিন্তু সেই অর্থ কোথা থেকে আসবে, সেটি নিয়ে আলোচনা তুলনামূলক কম। বাংলাদেশ গত কয়েক বছরে একটি অদ্ভুত প্রবণতার মধ্যে পড়েছে। আমরা ব্যয় নিয়ে ক্রমেই বেশি আত্মবিশ্বাসী হয়েছি, কিন্তু আয় নিয়ে তুলনামূলকভাবে কম বাস্তববাদী হয়েছি। অর্থনীতির মৌলিক সত্য হচ্ছে, রাষ্ট্র সম্পদ সৃষ্টি করে না; রাষ্ট্র সম্পদ সৃষ্টির পরিবেশ তৈরি করে। সম্পদ সৃষ্টি করে কৃষক, শ্রমিক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও বাজার। এ কারণেই বেসরকারি খাতের প্রশ্নটি আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সামাজিক উন্নয়ন অবশ্যই উন্নয়ন, কিন্তু শুধু সামাজিক ব্যয় উন্নয়ন নয়। নতুন সম্পদ সৃষ্টি ছাড়া সামাজিক ব্যয় দীর্ঘমেয়াদে টেকসই হয় না।

একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বিখ্যাত উক্তি ছিল- ‘Money is no problem।’ বছরের পর বছর এই বাক্য নিয়ে বিতর্ক হয়েছে। কেউ বলেছেন এটি আত্মবিশ্বাসের প্রকাশ, কেউ বলেছেন অতিরিক্ত আশাবাদ। কিন্তু আজকের বাংলাদেশে দাঁড়িয়ে মনে হয়, আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়তো এখন সত্যিই ‘Money।’ পরিকল্পনার অভাব নেই। প্রকল্পের অভাব নেই। স্বপ্নেরও অভাব নেই। প্রশ্ন হচ্ছে, সম্পদ কোথায়?

তার ওপর কালোটাকা সাদা করার সুযোগ আবারও আলোচনায় এসেছে। বাস্তববাদী অর্থনীতিবিদরা হয়তো বলবেন, কিছু অর্থ বাজারে ফিরবে। কিন্তু রাষ্ট্রের নৈতিক বার্তাটি কী? যে নাগরিক নিয়ম মেনে কর দেন, আর যে বছরের পর বছর কর ফাঁকি দেন-রাষ্ট্র কি তাদের একই কাতারে দাঁড় করাবে? অর্থনীতি শেষ পর্যন্ত শুধু টাকার বিষয় নয়। এটি আস্থার বিষয়। আর আস্থা একবার হারিয়ে গেলে তা বাজেট বক্তৃতা দিয়ে ফিরিয়ে আনা যায় না।

২. কাঁটাতারের ওপারে

বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে একটি অদ্ভুত দ্বৈধতা আছে। ঢাকায় বৈঠক হয়, দিল্লিতে করমর্দন হয়, যৌথ বিবৃতি প্রকাশিত হয়। তারপর সীমান্তে গিয়ে দেখা যায় অন্য এক বাস্তবতা। সাম্প্রতিক ‘পুশইন’ ইস্যু সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে। একদিকে বন্ধুত্বের ভাষা, অন্যদিকে সীমান্তে উত্তেজনা। এ যেন একই বইয়ের দুই বিপরীত অধ্যায়। বাংলাদেশ ও ভারতের সীমান্ত পৃথিবীর অন্যতম জটিল সীমান্ত। একই ভাষা, একই ইতিহাস, একই সংস্কৃতি, একই নদী-কিন্তু মাঝখানে কাঁটাতার। অনেক সময় মনে হয়, সীমান্তের দুই পাশের মানুষ একই গল্পের দুই চরিত্র।

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সম্প্রতি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মানুষ একই আকাশের নিচে একই বেদনা অনুভব করে। কথাটি কূটনৈতিক শোনাতে পারে, কিন্তু এর মধ্যে গভীর বাস্তবতা আছে। বর্ষার মেঘ পাসপোর্ট দেখে আসে না। নদীর পানি ভিসা নিয়ে প্রবাহিত হয় না। প্রকৃতির কোনো সীমান্ত নেই। সীমান্ত আছে রাষ্ট্রের। সেই কারণেই সীমান্ত ব্যবস্থাপনায় আবেগের চেয়ে বাস্তববাদ বেশি জরুরি। ভারত এখন ‘স্মার্ট বর্ডার’ প্রকল্পের কথা বলছে। প্রযুক্তি, সেন্সর, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা-সব মিলিয়ে নতুন ধরনের সীমান্ত নিরাপত্তা।

প্রযুক্তি দরকার। কিন্তু প্রযুক্তি কখনো বিশ্বাসের বিকল্প নয়। ভালো প্রতিবেশী হতে হলে আগে একে অপরের সীমারেখাকে সম্মান করতে হয়। রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতার একটি লাইন আছে-Good fences make good neighbours. ভালো বেড়া কখনো শত্রুতা সৃষ্টি করে না। বরং ভুল বোঝাবুঝি কমায়। বাংলাদেশ ও ভারতের সম্পর্কও সম্ভবত এখন সেই বাস্তববাদী পর্যায়ে প্রবেশ করছে, যেখানে আবেগের পাশাপাশি সীমারেখার গুরুত্বও সমানভাবে স্বীকৃত হবে।

৩. রাজনীতি : বক্তৃতা নয়, প্রতিষ্ঠান

রাজনীতির একটি বড় সমস্যা হচ্ছে, আমরা প্রায়ই ব্যক্তি আর প্রতিষ্ঠানকে গুলিয়ে ফেলি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ব্যক্তিত্বের আকর্ষণ সব সময়ই প্রবল। নেতা অনেক সময় প্রতিষ্ঠানকে ছাপিয়ে যান। কিন্তু রাষ্ট্র পরিচালনার বাস্তবতা ভিন্ন। একজন নেতা একটি নির্বাচন জিততে পারেন। কিন্তু একটি দেশকে এগিয়ে নিয়ে যায় প্রতিষ্ঠান। এ মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় পরীক্ষাও সেখানেই। নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। জনগণের প্রত্যাশা বেড়েছে। রাজনৈতিক উত্তেজনা কমেছে, কিন্তু অর্থনৈতিক চ্যালেঞ্জ বেড়েছে। এখন জনগণ শুধু বক্তৃতা শুনতে চায় না। তারা জানতে চায়- বিদ্যুতের অবস্থা কী? বিনিয়োগ কোথায়? কর্মসংস্থান কত তৈরি হলো? বিচারব্যবস্থা কতটা কার্যকর? আইনশৃঙ্খলা কতটা উন্নত হলো?

অর্থাৎ রাজনীতি এখন ধীরে ধীরে আবেগের পরীক্ষাগার থেকে প্রশাসনিক সক্ষমতার পরীক্ষাগারে প্রবেশ করছে। এটি ভালো লক্ষণ। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ফলাফল। উইনস্টন চার্চিল একবার বলেছিলেন, রাজনীতিবিদ পরবর্তী নির্বাচনের কথা ভাবেন, রাষ্ট্রনায়ক পরবর্তী প্রজন্মের কথা ভাবেন। বাংলাদেশের সামনে এখন সেই চ্যালেঞ্জ। আমরা কি আগামী নির্বাচনের জন্য রাষ্ট্র পরিচালনা করব, নাকি আগামী প্রজন্মের জন্য? এ প্রশ্নের উত্তরই আগামী কয়েক বছর বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে।

৪. সীমারেখার দর্শন

আমাদের সমাজে একটি অদ্ভুত ভুল ধারণা আছে। অনেকে মনে করেন, কারও কাছাকাছি থাকা মানেই প্রভাবশালী হওয়া। কেউ ক্ষমতার কেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করছেন, ছবি তুলছেন, নাম ব্যবহার করছেন-তাহলেই যেন তিনি ক্ষমতাবান। বাস্তবতা অবশ্য ভিন্ন। প্রভাব আর প্রবেশাধিকার এক জিনিস নয়। প্রকৃত প্রভাব আসে বিশ্বাস থেকে। অনধিকার প্রবেশ থেকে নয়। আমাদের সময়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, অনেকেই সমালোচনাকে পেশা বানিয়ে ফেলেছেন। তারা পরিবর্তন চান না, তারা মনোযোগ চান। বিশৃঙ্খলা তাদের জ্বালানি। প্রতিক্রিয়া তাদের অক্সিজেন। আর মনোযোগ তাদের মুদ্রা। এ কারণেই সবচেয়ে উচ্চকণ্ঠ সমালোচক সব সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। অনেক সময় তারা কেবল নিজেদের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ভয় পান।

একটি পুরোনো প্রবাদ আছে- ‘Never wrestle with a pig. You both get dirty, and the pig likes it.’ রাজনীতি, সমাজ, এমনকি ব্যক্তিগত জীবনেও কথাটি প্রযোজ্য। যারা বিশৃঙ্খলার প্রতি আসক্ত, তাদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র বিতর্ক নয়। সীমারেখা। কারণ কোনো পরিবার সীমারেখা ছাড়া টেকে না। কোনো প্রতিষ্ঠান সীমারেখা ছাড়া টেকে না। কোনো রাষ্ট্র সীমারেখা ছাড়া টেকে না। এমনকি গণতন্ত্রও সীমারেখার ওপর দাঁড়িয়ে থাকে। আইনের সীমা ছাড়া স্বাধীনতা অরাজকতায় পরিণত হয়। ক্ষমতার সীমা ছাড়া নেতৃত্ব কর্তৃত্ববাদে পরিণত হয়। সম্পর্কের সীমা ছাড়া ভালোবাসা নির্ভরতায় পরিণত হয়। সীমারেখা নিষ্ঠুরতা নয়। সীমারেখা হলো শাসন।

শেষ কথা

এ সপ্তাহের চারটি ঘটনা-বাজেট, সীমান্ত, রাজনীতি এবং ব্যক্তিগত সীমারেখা-একই গল্পের চারটি সংস্করণ। বাজেট আমাদের শিখিয়েছে সম্পদের সীমা আছে। সীমান্ত আমাদের শিখিয়েছে ভূখণ্ডের সীমা আছে। রাজনীতি আমাদের শিখিয়েছে ক্ষমতার সীমা আছে। আর জীবন আমাদের শিখিয়েছে মানুষেরও সীমা আছে। সমস্যা শুরু হয় তখনই, যখন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র নিজেদের সীমা ভুলে যায়। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি অর্থ নয়। সবচেয়ে বড় শক্তি ক্ষমতাও নয়। সবচেয়ে বড় শক্তি আত্মনিয়ন্ত্রণ।

যে রাষ্ট্র নিজের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে, সে সমৃদ্ধ হয়। যে দেশ নিজের সীমান্ত নিয়ন্ত্রণ করতে পারে, সে নিরাপদ থাকে। যে নেতা নিজের ক্ষমতার সীমা বোঝেন, তিনি দীর্ঘস্থায়ী হন। আর যে মানুষ নিজের জীবনের সীমারেখা আঁকতে পারেন, শেষ পর্যন্ত তিনিই শান্তিতে থাকেন। কারণ সভ্যতার ইতিহাস মূলত একটিই গল্প বলে, স্বাধীনতা কখনো সীমারেখার বিপরীতে দাঁড়ায় না; স্বাধীনতা টিকে থাকে সীমারেখার ভিতরেই।

লেখক : প্রেসিডেন্ট, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ