• ই-পেপার

আইভরি কোস্টে বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু

ইউক্রেনে রাতভর রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১০

অনলাইন ডেস্ক
ইউক্রেনে রাতভর রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১০
ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহর কর্তৃপক্ষ। হামলায় আহত হয়েছেন আরো অনেকে, যাদের মধ্যে শিশুও রয়েছে।

কিয়েভের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণে ভবন কেঁপে ওঠে। বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, হামলায় হতাহতের সংখ্যা 'উল্লেখযোগ্য'। তিনি জানান, রাশিয়ার লক্ষ্য ছিল আবাসিক এলাকা, যেখানে সাধারণ মানুষ বসবাস করেন। বৃহস্পতিবার ভোরে তিনি বলেন, শত্রুপক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে হত্যা করছে। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। গত কয়েক ঘণ্টায় হতাহতের সংখ্যা বাড়ছে বলে তিনি জানান। 

হামলায় শহরের একাধিক জায়গায় আগুন লাগে। একটি অ্যাম্বুলেন্স স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়, যেখানে একজন গুরুতর আহত হন। প্রধান সড়কের পাশে একটি হোটেলেও আগুন ধরে যায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। রাতভর আকাশে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলতে থাকে। বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে। হামলার পর সকালে শহরের বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া গাড়ি ও ক্ষতিগ্রস্ত ভবন দেখা যায়। কিছু জায়গায় বিস্ফোরণের কারণে বড় গর্ত তৈরি হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মস্কো থেকে কৃষ্ণসাগর পর্যন্ত বিভিন্ন রুশ বিদ্যুৎকেন্দ্রে সাম্প্রতিক ইউক্রেনীয় হামলার জবাবে তারা ইউক্রেনের প্রতিরক্ষা ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করেছে। এসব হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেন, তার দেশ জ্বালানির সংকটে পড়েছে।তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, এটি ছিল কিয়েভবাসীর জন্য আরেকটি ভয়াবহ রাত। অনেক মানুষকে আশ্রয়কেন্দ্রে রাত কাটাতে হয়েছে। তিনি আরো বলেন, শহরের বিভিন্ন জেলায় আগুন লাগে এবং আবাসিক ভবনসহ বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই সপ্তাহের বেশি সময় পর এটি ছিল ইউক্রেনে রাশিয়ার প্রথম বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে রুশ গণমাধ্যম জানায়, রাশিয়া ইউক্রেনের মধ্য ও পূর্বাঞ্চলের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেছেন, মস্কো নতুন করে বড় হামলার পরিকল্পনা করছে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। 

নিরাপত্তাজনিত কারণে পোল্যান্ডও সীমান্ত এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করে। দেশটি জানায়, এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং আকাশসীমা নিরাপদ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পোল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ায় এই পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে। ন্যাটো সামরিক জোটের আর্টিকেল ৫ অনুযায়ী যেসব দেশ চুক্তিতে স্বাক্ষর করেছে, তারা একে অপরকে এই প্রতিশ্রুতি দেয় যে- যদি কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হয়, তাহলে সেটাকে পুরো ন্যাটো জোটের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

যুদ্ধের সামগ্রিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি কিছু এলাকায় বেড়েছে। সম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকায় অগ্রসর হয়েছে। শহরটি ওই অঞ্চলে ইউক্রেনের হাতে থাকা শেষ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানগুলোর একটি। মস্কো কোস্তিয়ানতিনিভকার নিয়ন্ত্রণ নিতে পারলে পুরো দনবাস অঞ্চলে প্রবেশের পথ খুলে যাবে। এদিকে ইউক্রেনের সামরিক কমান্ডাররা বলছেন, এ বছর তারা যতটা এলাকা হারিয়েছেন, তার চেয়ে বেশি এলাকা পুনর্দখল করেছেন। এতে রুশ সীমান্ত থেকে দখল করা ক্রিমিয়া পর্যন্ত মস্কোর গুরুত্বপূর্ণ রসদ সরবরাহের পথ ব্যাহত হয়েছে।

বিশ্লেষকদের মতে, কয়েক মাস ধরে যুদ্ধের সামনের রেখায় বড় কোনো পরিবর্তন না হলেও দুই পক্ষই একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, যার বড় অংশ ২০২২ সালের আগ্রাসনের প্রথম দিকেই দখল করা করা হয়েছিল।

বেঙ্গালুরুর ডে-কেয়ারে শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন

অনলাইন ডেস্ক
বেঙ্গালুরুর ডে-কেয়ারে শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন
সংগৃহীত ছবি

ভারতের বেঙ্গালুরুতে একটি ডে-কেয়ার সেন্টারে দুই থেকে তিন বছর বয়সী শিশুদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শিশুদের শাস্তি দেওয়ার নামে ওয়াশিং মেশিনের ড্রামের ভেতরে বসিয়ে রাখা, টয়লেটের জেট স্প্রে দিয়ে মুখে পানি ছিটানো এবং বাথরুমে আটকে রাখার মতো নির্যাতন করা হতো।

এ ঘটনায় ডে-কেয়ার সেন্টারের পাঁচ নারী পরিচর্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেন্টারটি আইটি কম্পানি ক্যাপজেমিনির এইচএএল ক্যাম্পাসের ভেতরে পরিচালিত হতো। ক্যাপজেমিনি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং সুস্থতা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার গুরুত্ব বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্যাম্পাসের ভেতরের ডে-কেয়ার সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

একজন কর্মকর্তা জানান, শিশুদের কান্না থামানোর জন্য তাদের ওয়াশিং মেশিনের ড্রামের ভেতরে বসিয়ে রাখা হতো। পাশাপাশি টয়লেটের জেট স্প্রে দিয়ে তাদের মুখে পানি ছিটানো হতো এবং অনেক সময় বাথরুমে আটকে রাখা হতো। অভিযোগ অনুযায়ী, নির্যাতনের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। এরপর পুলিশে অভিযোগ করা হয়। একই সঙ্গে কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনেও পৃথকভাবে অভিযোগ জমা দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেক অভিভাবকই আইটি কম্পানিতে কাজ করার কারণে সন্তানদের ওই ডে-কেয়ারে রেখে যেতেন। এখন এই ঘটনার পর করপোরেট ক্যাম্পাসের ভেতরে শিশু পরিচর্যাকেন্দ্রগুলোর নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ক্যাপজেমিনি এক বিবৃতিতে বলেছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং ঘটনার সত্যতা উদঘাটনে সব ধরনের সহায়তা দিচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডে-কেয়ার সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ৯০০

অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ৯০০
ছবি : রয়টার্স

দক্ষিণ আফ্রিকাজুড়ে অভিবাসীবিরোধী বিক্ষোভের সময় ৯০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভের বেশির ভাগই শান্তিপূর্ণ ছিল। তবে কয়েকটি এলাকায় সহিংসতা, লুটপাট ও গোলাগুলির ঘটনা ঘটে। বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় মোট ১২০টি বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০৮টি কোনো ধরনের বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়। তবে বাকি ১২টি মিছিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। সংবাদ সম্মেলনে পুলিশের উপজাতীয় কমিশনার তেবেলো মোসিকিলি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে অভিবাসন আইন লঙ্ঘন, জনসমক্ষে সহিংসতা, বৈধ কাগজপত্র ছাড়া থাকা অভিবাসীদের আশ্রয় দেওয়া এবং ডাকাতির মতো অপরাধ।  

এদিকে পুলিশের এক পৃথক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের আলেকজান্দ্রা টাউনশিপে গুলিতে একজন নিহত হন। ওই এলাকায় বিদেশি নাগরিকদের মালিকানাধীন ছোট দোকান, যা স্থানীয়ভাবে ‘স্পাজা’ দোকান নামে পরিচিত, সেগুলোতে হামলা ও লুটপাট চালায় একদল স্থানীয় বাসিন্দা। একই রাতে নিরাপত্তা জোরদার করতে দক্ষিণ আফ্রিকার ৯টি প্রদেশের মধ্যে পাঁচটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি জোহানেসবার্গ শহরের কেন্দ্রস্থল হিলব্রো এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেখানে গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন আহত হন। অন্যদিকে বন্দরনগরী ডারবানে এক বিদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, বিক্ষোভ শুরুর আগের রাতে সম্ভাব্য হামলার আশঙ্কায় তিনি একটি ভবনের অষ্টম তলা থেকে লাফ দেন। পরে তার মৃত্যু হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।

মঙ্গলবারের বিক্ষোভের পেছনে ছিল অভিবাসীবিরোধী একটি আন্দোলনের ঘোষণা। আন্দোলনটি বৈধ কাগজপত্র ছাড়া দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী অভিবাসীদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার দিনই দেশজুড়ে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে কয়েক মাস ধরেই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় অভিবাসীবিরোধী উত্তেজনা চলছিল। সেই সময় বহু বিদেশি নাগরিককে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়। অনেকের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পত্তিতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটে।

এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকা সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
 

ভূমিকম্পে ফের কেঁপে উঠল আফগানিস্তান

অনলাইন ডেস্ক
ভূমিকম্পে ফের কেঁপে উঠল আফগানিস্তান
সংগৃহীত ছবি

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় বুধবার রাত ১০টা ২৭ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়। অত্যন্ত গভীর উৎসস্থল হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঝাঁকুনি ছিল বেশ স্পষ্ট।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান এমনিতেই বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই এমন ভূকম্পন ঘটে থাকে।

এর আগে গত ২৭ জুনও দেশটিতে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। বারবার এমন ঝাঁকুনিতে বড় কোনো বিপর্যয় না ঘটলেও ২০২৫ সালের নভেম্বর মাসের প্রাণঘাতী স্মৃতি মনে করে এখনো কাঁপছে স্থানীয় মানুষ। সেই বার ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ধসে পড়েছিল বহু ঘরবাড়ি এবং প্রাণ হারিয়েছিলেন অন্তত সাতজন।