• ই-পেপার

জবিতে প্রথম ডিনস অ্যাওয়ার্ড, সম্মাননা পেলেন ১০৪ শিক্ষার্থী

আইইবি প্রজেক্ট শোকেসিং

সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

নিজস্ব প্রতিবেদক
সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’
ছবি: কালের কণ্ঠ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত প্রজেক্ট শোকেসিং কম্পিটিশন ২০২৬-এ সেরা প্রকল্পের পুরস্কার পেয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির রোবোটিকস দল ‘ব্র্যাকইউ ডুবুরি’। তাদের তৈরি স্বয়ংক্রিয় ডুবোযান ‘ডুবোমিনি’ এই সম্মানজনক অর্জন বয়ে এনেছে।

সম্প্রতি রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরে দেশের সেরা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ তৈরি করতে আইইবি এই মেলার আয়োজন করে।

২০১৭ সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা এবং বাস্তব জীবনে ব্যবহার উপযোগী ডুবো রোবট তৈরিতে সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধিত্ব করে ‘ব্র্যাকইউ ডুবুরি’ দল।

‘ডুবোমিনি’ মূলত ছোট আকারের একটি রোবটচালিত ডুবোযান (এইউভি), যা পানির নিচে কোনো মানুষের সাহায্য ছাড়াই নিজে থেকে কাজ করতে পারে। একজন দক্ষ সাঁতারুর মতো এটি পানির নিচে যেকোনো দিকে চলতে ও ঘুরতে সক্ষম। ফলে যেকোনো সংকীর্ণ বা দুর্গম জায়গায় এটি নিখুঁতভাবে নিজের কাজ সম্পন্ন করতে পারে।

ব্যাটারিচালিত এই ডুবোযানটিতে ব্যবহার করা হয়েছে একটি বিশেষ স্মার্ট পাওয়ার সিস্টেম। এই প্রযুক্তির কারণে এর মোটর এবং মূল অনবোর্ড কম্পিউটার বা ‘মস্তিষ্ক’ আলাদাভাবে সচল থাকে। ফলে রোবটের কোনো একটি অংশে বিদ্যুতের সমস্যা হলেও অন্য অংশের কার্যক্রমে কোনো প্রভাব পড়ে না।

স্বয়ংক্রিয় গাড়ির মতো করেই পানির নিচে নিজের পথ চিনে নিতে পারে ডুবোমিনি। এতে রয়েছে উচ্চপ্রযুক্তির ক্যামেরা ও বিভিন্ন সেন্সর, যার মাধ্যমে এটি পানির গভীরতা, চলার দিক এবং চারপাশের পরিবেশ বুঝতে পারে। এর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যার পানির নিচের যেকোনো বস্তু ও বাধা শনাক্ত করতে সাহায্য করে। এই প্রযুক্তি ব্যবহার করে ডুবোযানটি পানির নিচে গেটের মধ্য দিয়ে চলাচল, বাধা এড়ানো এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করার মতো জটিল কাজগুলো প্রায় একা একাই করতে পারে।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই উদ্ভাবন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরাসরি ভূমিকা রাখবে। বিশেষ করে এসডিজি ৪ (মানসম্মত শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং এসডিজি ১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারত্ব) বাস্তবায়নে এই প্রকল্প একটি বড় দৃষ্টান্ত।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের ব্যাখ্যা
ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্যের বক্তব্য উদ্ধৃত করে প্রকাশিত একটি সংবাদ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রতিবেদকের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

গত ৯ জুন দৈনিক কালের কণ্ঠে ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে খুবিতে বৃক্ষরোপণ’ শিরোনামে প্রকাশিত এক সংবাদে উপাচার্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা বিনোদনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখানে প্রচুর দর্শক আসে। যেহেতু খুলনায় তেমন বিনোদনকেন্দ্র নেই। এ বিষয়টি বিবেচনা করে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি।’

এ বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অফিস আদেশ জারি করে সংবাদটির প্রতিবাদ জানায় এবং ব্যাখ্যা চায়। প্রশাসনের দাবি, উপাচার্যের বক্তব্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি এবং এর সারবস্তু বিকৃত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা উল্লেখ করেছে।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংশ্লিষ্ট প্রতিবেদক। তিনি বলেন, পেশাগত দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদটি প্রকাশ করা হয়েছে এবং এর পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তার কাছে রয়েছে।

প্রতিবেদক বলেন, ‘খুবির উপাচার্য অধ্যাপক রেজাউল করিম উক্ত বক্তব্য দেওয়ার আগে ‘সবচেয়ে বড় কথা হলো যে’ বলে বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেন। সেই গুরুত্ব বিবেচনায় আমি উদ্ধৃতিটি কোট করেছি। আমি কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা বিকৃত করে বক্তব্য উপস্থাপন করিনি এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করারও কোনো চেষ্টা করিনি।’

সংবাদটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রতিবেদকের মধ্যে ভিন্ন অবস্থান তৈরি হয়েছে। প্রশাসন বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তুললেও প্রতিবেদক তার প্রতিবেদনের তথ্য ও উদ্ধৃতির যথার্থতার পক্ষে অবস্থান নিয়েছেন।

সেমিস্টার সমাপনীর ৭ দিনের ছুটিতে যাচ্ছে বাকৃবি

বাকৃবি প্রতিনিধি
সেমিস্টার সমাপনীর ৭ দিনের ছুটিতে যাচ্ছে বাকৃবি
ছবি: কালের কণ্ঠ

পবিত্র আশুরা ও সেমিস্টার সমাপনী ছুটি উপলক্ষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বুধবার (১৭ জুন) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরা ও সেমিস্টার সমাপনী ছুটি উপলক্ষে আগামী ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সব অনুষদের সেমিস্টারের ক্লাস বন্ধ থাকবে। তবে উক্ত তারিখসমূহে নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি চলবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘করোনা মহামারির এই প্রথম সেমিস্টার সমাপনীর ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। মাঝখানে সেশন জটের কারণে বেশ কয়েকবছর এটি বন্ধ ছিল। তবে এবার শুরু হওয়ার মাধ্যমে আগামীতে চালু থাকবে। প্রতি বছর জুন এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে এখন থেকে এমন সেমিস্টার সমাপনী ছুটি পাবেন শিক্ষার্থীরা।’ 

বাকৃবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ৭ জুলাই, নবীনবরণ ৬ জুলাই

বাকৃবি প্রতিনিধি
বাকৃবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ৭ জুলাই, নবীনবরণ ৬ জুলাই
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ক্লাস আগামী ৭ জুলাই থেকে শুরু হবে। এর আগে ৬ জুলাই কেন্দ্রীয়ভাবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুখ আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষদ ও হলভিত্তিক ওরিয়েন্টেশন কার্যক্রমও সম্পন্ন করা হবে। পরদিন ৭ জুলাই থেকে সব অনুষদে নিয়মিত ক্লাস শুরু হবে।

নবাগত শিক্ষার্থীদের হলে ওঠার বিষয়ে জানানো হয়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের আগের দিন অর্থাৎ ৫ জুলাই সকাল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে উঠতে পারবেন। মাইগ্রেশনের মাধ্যমে বিভাগ পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের লটারির মাধ্যমে হল বরাদ্দ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ ছাড়া কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে এবং নির্ধারিত কোনো পরীক্ষা থাকলে তা স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, আগামী ৬ জুলাই ১ম বর্ষের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নবীনবরণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। মিলনায়তনে সংস্কারকাজ চললেও নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করে অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আশা করছি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কাঠামো, নিয়ম-কানুন ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত থাকেন।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাকৃবির ৬টি অনুষদে মোট ১ হাজার ৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।