• ই-পেপার

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ কবে, জানাল অধিদপ্তর

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি

অনলাইন ডেস্ক
প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি

প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। রবিবার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রতিটি কমিটিকে প্রতি মাসে অন্তত একটি সভা করতে হবে। যেসব বিদ্যালয়ে শিক্ষক প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ ইতোমধ্যে হয়েছে, সেসব বিদ্যালয়ে নতুন শিক্ষক পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত জাতীয় কমিটির সভাপতি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে।

সদস্য হিসেবে রয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য-সচিব হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)। এ কমিটি প্রতি মাসে অন্তত একটি সভা করবে এবং বদলির আবেদন যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য মন্ত্রীর কাছে পাঠাবে।

এছাড়া আন্তঃবিভাগ বা আন্তঃসিটি কর্পোরেশন বদলির ক্ষেত্রে এ কমিটির অনুমোদনের পর আদেশ জারি করা হবে।

বিভাগীয় পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার। সদস্য হিসেবে থাকবেন বিভাগীয় উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) এবং সভাপতির মনোনীত দুজন গণ্যমান্য ব্যক্তি। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক।

জেলা পর্যায়ে নতুন নিয়োগপ্রাপ্তদের পদায়ন ও বদলি কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক (ডিসি)। সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা এবং মনোনীত দুজন গণ্যমান্য ব্যক্তি। সদস্য-সচিব থাকবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ কমিটি নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করবে। একই জেলার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন এ কমিটির অনুমোদন সাপেক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আদেশ জারি করবেন।

উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সদস্য হিসেবে থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং মনোনীত দুজন ব্যক্তি। সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ কমিটি মূলত একই উপজেলা বা থানার ভেতরে শিক্ষকদের বদলির আবেদনগুলো নিষ্পত্তি করবে।

ঢাবির চার শিক্ষককে সাময়িক বরখাস্ত, একজনকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবির চার শিক্ষককে সাময়িক বরখাস্ত, একজনকে অব্যাহতি
সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা, আন্দোলনের সময় শিক্ষার্থীদের রাজাকার ডাকা, হুমকি দেওয়াসহ নানা অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। 

সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া। এ ছাড়াও একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও (মুহাম্মদ লাভলু মোল্লা) সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুয়ায়ী একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।

ভিজিটিং স্কলার প্রোগ্রামে তুরস্ক যাচ্ছেন কুবির ৫ শিক্ষক-শিক্ষার্থী

কুবি প্রতিনিধি
ভিজিটিং স্কলার প্রোগ্রামে তুরস্ক যাচ্ছেন কুবির ৫ শিক্ষক-শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সঙ্গে তুরস্কের তোকাত গাজি উসমানপাশা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচির (এমওইউ) আওতায় ‘ভিজিটিং স্কলার প্রোগ্রাম (ভিএসপি)’-এর জন্য চূড়ান্তভাবে ৫ জনকে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচিতদের মধ্যে রয়েছে দুজন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী। তারা হলেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আকিলা রুবায়াত, সিএসই বিভাগের বিভাগের পিএইচডি শিক্ষার্থী মো. মোজাম্মেল হক, লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাসান, অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইনুদ্দিন হাসান।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাইনুদ্দিন হাসান বলেন, ‘ভিজিটিং স্কলার প্রোগ্রামের জন্য নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার একাডেমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার দোয়া কামনা করছি যাতে এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারি।’

এ ছাড়া ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার বলেন, ‘ভিজিটিং স্কলার প্রোগ্রামের জন্য নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। এটি একটি গবেষণাভিত্তিক প্রোগ্রাম, তাই আমি আবেদন করেছিলাম। তবে যেহেতু এটি দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে, তাই এতে যোগদান অনেকটাই নির্ভর করছে বিশ্ববিদ্যালয় থেকে কতটুকু সহায়তা পাই তার ওপর।’

এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, ‘দুই মাসব্যাপী এ প্রোগ্রামের জন্য পাঁচজন শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তাদের থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করবে তোকাত বিশ্ববিদ্যালয়। তবে পাসপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় খরচ অংশগ্রহণকারীদের নিজস্বভাবে বহন করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে কোনো আর্থিক সহায়তা দেওয়া হবে না।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও তুরস্কের তোকাত গাজি উসমানপাশা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এই ভিজিটিং স্কলার প্রোগ্রাম। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের আবাসন ও খাদ্যের ব্যবস্থা করবে তুরস্কের বিশ্ববিদ্যালয়টি।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়ন লটারিতে

অনলাইন ডেস্ক
প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়ন লটারিতে
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে লটারি পদ্ধতি চালু করেছে সরকার। স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন এই নিয়মের আওতায় শিক্ষকদের উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখার এক প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন শিক্ষকদের পদায়নের দায়িত্ব পালন করবে জেলা কমিটি।

জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্যসচিব করে গঠিত কমিটি লটারির মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন নিশ্চিত করবে।

কমিটিতে জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক মনোনীত দুজন গণ্যমান্য ব্যক্তিও থাকবেন। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে পদায়ন ও বদলি সংক্রান্ত বিষয় পর্যালোচনা করবে এবং প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর হবে।