• ই-পেপার

গোমস্তাপুর

গ্রামবাসীর সহযোগিতায় নারীকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

আলফাডাঙ্গা

ভোররাতে বাজারে আগুন, নেভাতে গিয়ে প্রাণ গেল নসিমনচালকের

ফরিদপুর প্রতিনিধি
ভোররাতে বাজারে আগুন, নেভাতে গিয়ে প্রাণ গেল নসিমনচালকের
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে অগ্নিকাণ্ডে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত চারটার দিকে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম বাবুল মোল্যা। তিনি পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। পেশায় তিনি একজন নসিমন চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর পেয়ে আশপাশের গ্রাম থেকে মানুষ ছুটে আসে। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে থাকেন। এসময় বাবুল মোল্যাও (৩৫) সাহসিকতার সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। হঠাৎ একটি দোকানের ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে বাবুল মোল্যা, আল-আমিন, আকিদুল, জাহাঙ্গীর হোসেন, হোসাইন বিশ্বাসসহ কয়েকজন আহত হন। বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে ৩টার দিকে বাজারের নুর ইসলাম মিয়ার পাইকারি মুদি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে যায় নুর ইসলাম মিয়ার পাইকারি মুদি দোকান, সাহেব আলীর চায়ের দোকান, হাবিব মোল্যার সার ও কীটনাশকের দোকান, বাবর আলীর সাইকেল মেরামতের দোকান এবং জাকির হোসেনের কাপড়ের দোকান। দোকানগুলোর ভেতরে থাকা মালামাল, আসবাবপত্র ও ব্যবসার পুঁজি আগুনে ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, আগুনে দোকান পুড়ে মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, ‘আগুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন নেভানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নসিমন চালক নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রয়েল আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নেভানোর সময় দোকানের ভেতরে থাকা একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে একজন নিহত এবং কয়েকজন আহত হন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত করে জানানো হবে।’

কেন্দুয়ায় বজ্রাঘাতে ২ যুবকের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় বজ্রাঘাতে ২ যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় পৃথকস্থানে বজ্রাঘাতে সামছুল হুদা (৩৫) ও আশরাফুল আলম (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কেন্দুয়ার ডাউকি এবং মাসকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত সামছুল হুদা উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী পশ্চিম পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে এবং আশরাফুল আলম সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের রমজান আলীর ছেলে। দুজনের মধ্যে আশরাফুলের মানসিক সমস্যা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টায় বাড়ির পাশের মরাপুড়ি ডোবায় বরশি দিয়ে মাছ ধরতে গেলে বজ্রাঘাতে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে মরাপুড়ি ডোবায় তার মরদেহ ভাসতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি মৃত অবস্থায় উদ্ধার করেন। 

অন্যদিকে নিহত সামছুল হুদা ভোর ৬টার দিকে বৃষ্টির সময় বাড়ির পাশে মুড়িয়া বিলে মাছ ধরার জন্য গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। দীর্ঘসময় বাড়িতে না আসায় পরিবারের লোকেরা খুঁজতে গিয়ে হাওরে আহত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, ‘উপজেলার দুই যুবক বজ্রপাতে নিহতের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোনো পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ আমাদের অবহিত করেনি। অবহিত করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রতিবেশী এক চাচার মোটরসাইকেল থেকে সড়কে পড়ে জুনায়েদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নয়নশুকা গুমপাড়া মহল্লার আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পৌনে ৮টার দিকে বাড়ির অদূরে মুদি দোকান থেকে মালামাল কেনার জন্য প্রতিবেশী আব্দুস সবুর নামে এক ব্যক্তির মোটরসাইকেলে ওঠে জুনায়েদ। একপর্যায়ে সে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে বুকে আঘাত পায়। দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে জুনায়েদের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

দামুড়হুদা যাত্রী ছাউনির টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা যাত্রী ছাউনির টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির টয়লেট থেকে ফরিদ হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডে নামেন এবং টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘক্ষণ পরও তিনি বের না হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টয়লেটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রী ছাউনির টয়লেটের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।