• ই-পেপার

আটঘরিয়ায় ছাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মৌলভীবাজারে তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারে তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২
সংগৃহীত ছবি

দেশের পর্যটন শিল্পের বিকাশ, সাংস্কৃতিক বৈচিত্র্যের সংরক্ষণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ১৯ থেকে ২১ জুন শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করবে। তারা নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, জীবনধারা, লোকজ ঐতিহ্য, খাদ্যাভ্যাস, হস্তশিল্প, পোশাক ও নান্দনিক কারুকাজের বিভিন্ন দিক দর্শনার্থীদের সামনে উপস্থাপন করবে। পাশাপাশি থাকছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা, লোকসঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যবাহী শিল্পকলার প্রদর্শনী।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য শ্রীমঙ্গলকে ঘিরে আয়োজিত এই উৎসব স্থানীয় অর্থনীতি, পর্যটন শিল্প এবং সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকদের জন্য এটি হয়ে উঠতে পারে একটি অনন্য আকর্ষণ।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ বলেন, ‘হারমোনি ফেস্টিভ্যাল এমন একটি আয়োজন, যেখানে বৈচিত্র্যের মধ্যকার ঐক্যকে উদযাপন করা হয়। দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে কাছ থেকে জানার পাশাপাশি দর্শনার্থীরা বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সংস্কৃতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ‘হারমোনি ফেস্টিভ্যাল অত্র অঞ্চলের বহুজাতিক সংস্কৃতি, নৃতাত্ত্বিক ঐতিহ্য, লোকসংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি বড় সুযোগ। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে।’

উল্লেখ্য, দেশের ‘দুই পাতার এক কুঁড়ির দেশ’ হিসেবে পরিচিত মৌলভীবাজার দীর্ঘদিন ধরে চা-বাগান, পাহাড়ি বনাঞ্চল, জীববৈচিত্র্য এবং বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আবাসস্থল হিসেবে পরিচিত। এই অঞ্চলে খাসিয়া, মনিপুরী, ত্রিপুরা, সাঁওতাল, গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত ‘হারমোনি ফেস্টিভ্যাল’ ইতোমধ্যে পর্যটনপ্রেমী ও সংস্কৃতিবান মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

টেকনাফে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস কাজল। তিনি ওই এলাকার মোর্শেদের স্ত্রী বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে বিভিন্ন সময় কাজলকে শারীরিক নির্যাতন করা হত। সর্বশেষ তাকে কয়েক দফা হাতুড়ি দিয়ে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর তার শাশুড়ি ও ননদ তাকে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে মরদেহ রেখে তারা চলে যান।

নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, ‘আমার মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। সে তার স্বামীকে ডাকাতি থেকে বিরত থাকার কথা বলত। এ কারণে দীর্ঘদিন ধরে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। হাসপাতালে মেয়ের মরদেহ রেখে তারা চলে গেছে। সকালে আমি খবর পেয়েছি।’

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। অভিযুক্ত স্বামীকে আটকের জন্য পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অবস্থান তরুণীর

ফেনী প্রতিনিধি
ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অবস্থান তরুণীর
সংগৃহীত ছবি

ফেসবুকে পরিচয় থেকে প্রণয়। এখন পরিণতির জন্য ফেনীর সোনাগাজীতে ওমান প্রবাসী আরিফ হোসেন নামে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন নীলফামারি জেলার ফেরদৌসী আক্তার (২২) নামের এক তরুণী। গত ১৬ জুন থেকে ওই তরুণী যুবকের বাড়ি উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়ির সামনে ৩ দিন ধরে অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক জনতাও ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে। 

তবে ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন ওই যুবক ও তার পরিবারের সদস্যরা। বিয়ে ছাড়া স্থান ত্যাগ করবেন না বলে জানিয়েছেন ওই তরুণী। ওই তরুণীর পাহারায় রয়েছে গ্রাম পুলিশ।

ফেরদৌসী আক্তার নীলফামারি জেলার সৈয়দপুর থানার ৭ নম্বর ওয়ার্ডের মশরত ধলিয়া সর্দারপাড়ার মো. কালার কন্যা।

 ওই তরুণীকে হ্যানিট্র্যাপের সদস্য, দুশ্চরিত্রা ও প্রতারক আখ্যা দিয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেছেন ওই যুবকের মা নারগিস আক্তার। এ ছাড়া তোহুর নামে এক এসআইয়ের ইন্ধনে ওই তরুণী ওই যুবকের বাড়ি ছাড়ছেন না অভিযোগ পরিবারটির।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন ওমানে থাকাকালীন প্রায় এক বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে তরুণীর সঙ্গে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস পূর্বে আরিফ দুই মাসের ছুটিতে দেশের বাড়িতে আসলে ফেনির মহিপালে তার সঙ্গে দেখা করেন। তরুণীকে সরাসরি দেখার পর ওই যুবকের পছন্দ না হওয়ায় তাকে বুঝিয়ে তার পিতার বাড়িতে সৈয়দপুর দিয়ে আসেন ওই যুবক। এরপর যোগাযোগ বন্ধ করে দেন। পরে ওই তরুণী আরিফের বাড়ির ঠিকানা নিয়ে তার বাড়িতে আসেন। 

এ খবর পেয়ে আরিফের পরিবার ঘরে তালা দিয়ে অন্যত্র চলে যান এবং পুলিশকে ফোন দেন। এসআই তোহুর আহমদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে কাউকে না পেয়ে তরুণীকে এক গ্রাম পুলিশকে পাহারায় থাকার নির্দেশ দিয়ে চলে যান। 

এদিকে তরুণীর কারণে যুবকের পরিবারের সদস্যরা ঘরে ঢুকতে পারছেন না বলে দাবি করেন।  তাকে হ্যানিট্র্যাপের সদস্য, দুশ্চরিত্রা ও প্রতারক আখ্যা দিয়ে ১৭ জুন বুধবার রাতে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুবকের মা নারগিস আক্তার।

ওই তরুণী জানান, বিয়ের কথা বলে ওই যুবক তার সঙ্গে প্রেমের সম্পর্কে গড়েছে। কিন্তু সে আমাকে দেখার পর থেকে বিয়ে না করার জন্য নানা টালবাহনা করছেন। আমি তার বাড়িতে আসার পর ঘরের দরজায় তালা লাগিয়ে সে তার পিতা-মাতাকে নিয়ে অন্যত্র চলে গেছে। সে আমাকে বিয়ে করা ছাড়া আমি তার বাড়ি ছাড়ব না। 

ওই যুবকের মা নারগিস আক্তার বলেন, আমরা দরিদ্র পরিবারের লোক। ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা খরচ করে আমার ছেলেকে ওমান পাঠিয়েছি। এখনো ঋণ পরিশোধ করতে পারিনি। ওই তরুণী একজন হ্যানিট্র্যাপের সদস্য। ফেসবুকে এক সুন্দরী নারীর ছবি দিয়ে আইডি খুলে আমার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এখন সে বিয়ের স্বপ্ন দেখছে। 

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু  তরুণী বিয়ে ছাড়া ঘটনাস্থল ছাড়বে না বলে জানিয়েছেন।’

পুকুরে ডুবসাঁতার খেলতে গিয়ে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
পুকুরে ডুবসাঁতার খেলতে গিয়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় বন্ধুদের সাথে পুকুরে ডুবসাঁতার খেলতে গিয়ে জিহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার সময় বাউফল পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকার কাছারিবাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত জিহাদ ওই এলাকার ইলিয়াস বাহালীর ছেলে। সে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির সামনের কাছারিবাড়ির পুকুরে অন্যান্য শিশুদের সাথে ডুবসাঁতার খেলছিল জিহাদ। খেলার একপর্যায়ে সে পুকুরের সিঁড়ি-ঘাটলার নিচে চলে যায়। কিন্তু ওখান থেকে আর বেড়িয়ে আসতে পারেনি। ​কিছু সময় ব্যবধানে তাকে দেখতে না পেয়ে সাথে থাকা শিশুরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুরের সিঁড়ি-ঘাটলার নিচ থেকে জিহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।