• ই-পেপার

কোনো ফলকে আমার নাম থাকবে না : এমপি মমিনুল হক

হাটহাজারীতে বিপুল ইয়াবাসহ আটক ১

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে বিপুল ইয়াবাসহ আটক ১
সংগৃহীত ছবি

হাটহাজারীর থানাধীন বুড়িশ্চর ইউনিয়ন এলাকা থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ আইয়ুব (২৩) নামের এক তরুণকে আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলের দিকে উল্লেখিত ইউপির ধোপপুলস্থ এস আলম মার্কেটের চন্দ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (১৯ জুন) দুপুরের দিকে র‌্যাব-৭ কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আটক কক্সবাজার জেলার টেকনাফ থানার হৃীলা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের নাটমুরা পাড়ার মো. ছিদ্দিকের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ওপরে উল্লেখিত স্থানে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে একটি নোহা গাড়িসহ তাকে আটক করে। এসময় উক্ত নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ৯টি বান্ডেলে থাকা সর্বমোট ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৪ লক্ষ ২০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়। পরে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৭ এর সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পের এসসিপিও (এক্স) মো. মিজানুর রহমান (নৌ-বাহিনী) বাদী হয়ে মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। 

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককে শুক্রবার সকালের দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ী

মসজিদে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমাম গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
মসজিদে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমাম গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজবাড়ীতে মসজিদের বারান্দায় দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়রা মসজিদের ইমাম মো. ওয়াহিদুজ্জামানকে (৬০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার (১৯ জুন) দুপুরে ওই ইমামকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ওহিদুজ্জামান ফরিদপুর জেলার ভাংগা উপজেলার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগার ডাক গ্রামের মৃত আজিজ চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার ইউনিয়নের বাগমারার কালারদোয়াল জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। তিনি তিন মাস পূর্বে এ মসজিদের ইমাম হিসেবে যোগদান করেন।

মামলার বাদী ওই ছাত্রীর বাবার অভিযোগ, তার ৭ ও ১০ বছর বয়সী দুই মেয়ে। মেয়েরা বিদ্যালয়ে পড়াশোনার পাশপাশি কালারদোয়াল জামে মসজিদের মক্তব বিভাগেও আরবি শেখে। শুক্রবার ভোর ভোর ৬টার দিকে দুই মেয়ে ও ৪ বছর বয়সী ভাতিজা একসঙ্গে আরবি পড়ার জন্য যায়। পরে ওয়াহিদুজ্জামান তার ছোট মেয়েকে বারান্দায় রেখে বড় মেয়ে ও ভাতিজাকে মসজিদ পরিষ্কারের জন্য ভেতর পাঠান। সবাইকে ব্যস্ত রেখে তিনি ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেনে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে মসজিদের ভেতর থাকা বড় মেয়ে ও ভাতিজাসহ আশপাশের লোকজন এগিয়ে আসে। সে সময় পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পালিয়ে যান। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাহাবুদ্দিন খান জানান, এ ঘটনায় ইমাম মো. ওয়াহিদুজ্জামানকে আসামি করে মেয়েটির বাবা রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করেছে।

টাঙ্গাইলে পানিতে ডুবে প্রাণ গেল চাচা-ভাতিজার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে পানিতে ডুবে প্রাণ গেল চাচা-ভাতিজার
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলায় আটিয়া ইউনিয়নের নাল্লাপাডা সরকার প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে দেলদুয়ারের নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

জানা গেছে, শুক্রবার সকালে আব্দুর রহমান ও ফয়সাল সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশেই পুকুরে গোসল করতে নেমে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘দুজনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে করা হয়েছে।’

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর এলাকার পতনডোবা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মিরা (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত মিরা ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফিরোজ আলম।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় মিরাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. ফিরোজ আলম জানান, সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক এন্টিভেনম প্রদান করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর শুক্রবার দুপুরে স্থানীয়রা নিহতের ঘর থেকে সাপটি উদ্ধার করে মেরে ফেলে।

মিরার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।