প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করার কথা বলে পদ্মা নদীর তীরের নির্জন স্থানে ডেকে নিয়ে এক প্রবাসী যুবকের কাছ থেকে মোটরসাইকেল, আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২০ জুন) সকালে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার আসামিরা হলো—জেলা শহরের ধুঞ্চি ২৮ কলোনি গ্রামের বাবুর ছেলে মো. রাতুল (২২), রতনের ছেলে শুভ (২২), লালচাঁদের ছেলে সানি (২৩), বিন্দুপাড়ার রানা (২৩), সালাউদ্দিন কসাইয়ের ছেলে অনিক (২৫) এবং অজ্ঞাতনামা আরো ২-৩ জন।
মামলার বাদী আজমির হোসেন (২৮) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, সৌদি আরবে অবস্থানকালে এক বন্ধুর মাধ্যমে রাজবাড়ীর তাসমিন আক্তার অধরা নামে এক তরুণীর সঙ্গে আজমিরের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ জুন তিনি দেশে ফেরেন।
অভিযোগে বলা হয়, গত ১৮ জুন সকাল সাড়ে ৮টার দিকে অধরার ডাকে রাজবাড়ী শহরের মুরগি ফার্ম এলাকায় দেখা করতে আসেন আজমির। পরে তারা পদ্মা নদীর তীরবর্তী গোদার বাজার এলাকায় যান। সকাল পৌনে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর ধুঞ্চি দীপদারতলা এলাকায় অবস্থানকালে কয়েকজন যুবক সেখানে উপস্থিত হয়।
বাদীর অভিযোগ, ওই সময় তাদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বিভিন্ন প্রশ্ন করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং তার কাছ থেকে একটি আইফোন-১৫ প্রো, ৯ হাজার ৩০০ টাকা ও একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। পরে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এজাহারে আরো বলা হয়, স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, অধরা ও তার সহযোগীরা কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন যুবককে নির্জন স্থানে ডেকে এনে সংঘবদ্ধভাবে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটিয়ে আসছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, আসামিদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে।





