• ই-পেপার

ফরিদপুরে ২ নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে সিদ কেটে চুরি করতে বাধা দেওয়ায় বৃদ্ধার মৃত্যু

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরে সিদ কেটে চুরি করতে বাধা দেওয়ায় বৃদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে সিদ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টা থেকে রোববার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা বসতঘরের দেয়াল সিদ কেটে ভেতরে প্রবেশ করে। চুরির সময় ফাতেমা বেগম বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ডিসি রোড এলাকায় মো. পলাশ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার আইয়ুব আলী বাবুল (৪৪) এবং একই জেলার বেগমগঞ্জ উপজেলার মাহমুদুল হাসান সোহেল (৩৭)।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর কালের কণ্ঠকে বলেন, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আইয়ুব আলী ও মাহমুদুল হাসানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, নিহত মো. পলাশ নেত্রকোণার আটপাড়া উপজেলার আবদুল হেকিমের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে বাবুর্চি হিসেবে কাজ করতেন। ২০০৯ সালের ২৭ আগস্ট বাকলিয়া থানার ডিসি রোড এলাকায় তাকে ডেকে নিয়ে পূর্ব বিরোধের জেরে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় পরদিন ২৮ আগস্ট নিহতের ভাই মো. সম্রাট বাকলিয়া থানায় আইয়ুব আলী ও মাহমুদুল হাসানকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০১২ সালের ১২ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
 

হার্ডওয়্যারের দোকানে ২৮ কেজি ওজনের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে

সাতক্ষীরা প্রতিনিধি
হার্ডওয়্যারের দোকানে ২৮ কেজি ওজনের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে ২৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ ও সিপিজি সদস্যরা সাপটি উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, সকালে দোকান খুলে ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পেয়ে আঁতকে ওঠেন তিনি। তার ডাক-চিৎকারে পাশের দোকানের লোকজন জড়ো হয়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমায়। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে বনকর্মী ও সিপিজি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে সে সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে আসে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ ছিল। প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর সেটিকে সুন্দরবনের নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা প্রাণীটির কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ

‘ঘুমের ওষুধ খাইয়ে’ স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
‘ঘুমের ওষুধ খাইয়ে’ স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ ফতুল্লায় ‘স্বামীর পরকীয়ার জেরে’ স্বামী জাহাঙ্গীর আলমকে (৪২) ঘুমের ওষুধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ফারজানা আক্তার মুন্নির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পশ্চিম দেলপাড়া মির্জাবাড়ি মোড় (চানাচুর ফ্যাক্টরি সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ওসি মো. মাহবুবুল আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে জাহাঙ্গীর আলম জনিকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে, হাতের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর সকালে অভিযুক্ত নিজেই এলাকাবাসীর কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

খবর পেয়ে ফতুল্লা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহবুবুল আলম কালের কণ্ঠকে জানান, পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার জেরে স্বামীকে চাকু দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।