স্বামীকে মাটি চাঁপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজের তিনদিন পর সোমবার (২৯ জুন) দুপুরে নিজ বসত ঘরের পেছন থেকে মাটিচাঁপা দেওয়া হারুন হাওলাদারের (৫৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী সেলিনা বেগমকে তাৎক্ষনিক থানা হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে হারুন হাওলাদার রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ব্যাপারে হারুনের ছেলে মোস্তফা হাওলাদার অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সূত্রমতে, সোমবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনে মাটি আলগা ও বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা হারুন হাওলাদারের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ এবং নিহতের স্ত্রীর পরকীয়া জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে হারুনের স্ত্রী সেলিনা বেগমের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে।
মুলাদী থানার ওসি খন্দকার সোহেল রানা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মাটিচাঁপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি গভিরভাবে তদন্ত করা হয়েছে। পাশাপাশি আটককৃত সেলিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।



