ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদকে ‘ক্যাম্পাসে মিথ্যাচারিতার জনক’ বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারি হামিম। তিনি দাবি করেন, ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানীর ‘ধারা’ অনুসরণ করছেন ফরহাদ।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এসব মন্তব্য করেন হামিম।
তিনি বলেন, ‘এস এম ফরহাদ তার এক বক্তব্যে দাবি করেছেন, ৫ আগস্ট রাতে নাকি ছাত্রদল হল দখল করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো—৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে সকলে মিলে যখন বিভিন্ন আনন্দ-উচ্ছ্বাস করছে, কেউবা স্বজন হারানোর বেদনায় আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শোকরান আদায় করছে কোনো কিছুকে না দেখে ওই দিন দুপুরবেলায় তাদের সুদূর পরিকল্পনার অংশ হিসেবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে অবস্থান নিয়ে হলগুলোকে দখল করেছিল ইসলামী ছাত্রশিবির।’
হামিমের দাবি, পরদিন বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তিনি ও তার সহপাঠীরা হলে উঠতে গেলে তাদের জানানো হয়, নতুন করে আবেদন ও ভাইভার মাধ্যমে হলে উঠতে হবে। প্রথমে তারা নিজেদের সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও কয়েক মাস পর তাদের অনেকেই ছাত্রশিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, যদি কোনো পুরুষ পুরুষ হিসেবে জন্ম নিয়ে ইচ্ছাকৃতভাবে নারীতে রূপান্তরিত হয় বা কোন নারী যদি নারী হিসেবে জন্ম লাভ করে ইচ্ছা করে পুরুষে রূপান্তরিত হয় এটা যেমন ইসলামে হারাম, আমরা একইভাবে মনে করি যারা কখনো নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী, কখনো বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বলে আবার কিছুদিন পর রূপান্তরিত করে ইসলামী ছাত্রশিবিরের নেতা বুনে যায় এটাও হয়তোবা হারাম।’
শেখ তানভীর বারি হামিম বলেন, ‘আমরা একটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে বদ্ধপরিকর।’






