ঢাকার সাভারের আশুলিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পুত্রবধূ মুক্তা আক্তারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সখিনা বেগম (৬০) পাড়াগ্রাম এলাকার মনছের আলীর স্ত্রী। গ্রেপ্তার মুক্তা আক্তার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুক্তা আক্তার শাশুড়ির গলা চেপে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে সখিনা বেগম অচেতন হয়ে পড়েন। পরে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে এনে স্বাভাবিক মৃত্যু হিসেবে দাফন করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পরদিন এক পর্যায়ে স্বামীর কাছে শাশুড়ির গলা চেপে ধরার কথা স্বীকার করেন মুক্তা আক্তার। পরে নিহতের ছেলে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।





