• ই-পেপার

খুলনায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

সাভারে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতীকী ছবি

সাভারের আমিনবাজারে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে সাভার থানাধীন আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের হাজীনগর মহল্লায় মদিনা ভিলা নামক একটি তিনতলা ভবনের ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম শারমিন আক্তার লিজা (৩৬)।

সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের হাজীনগর মহল্লার মদিনা ভিলার তিনতলা ভবনের ভাড়াবাসা থেকে নিহত শারমিন আক্তার লিজার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। তিন বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে এবং বর্তমানে তিনি ওই কক্ষে নিজের মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তবে ঘটনার সময় তার মেয়ে বাইরে ছিল।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করার পাশাপাশি হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’

পেটে ভাত পড়তে কাজ করতে হবে : তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
পেটে ভাত পড়তে কাজ করতে হবে : তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল
ছবি : কালের কণ্ঠ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, আর্জেন্টিনা ও ব্রাজিল লড়াই করে লাভ হবে না, পেটে ভাত পড়তে কাজ করতে হবে। বাবার ওপর বোঝা না হয়ে উদ্ভাবন ও ভালো ব্যবসা করতে হবে যাতে আয়ে উন্নতি হয়।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানি বাজার, চুনিহাড়ি পশ্চিমপাড়ায় ‘সলেমান সোলার সেচপাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরুণদের উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগাতে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’ সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘প্রযুক্তি ও উদ্ভাবনী সৃষ্টি করে নিজের ও জনগণের আয় বৃদ্ধি করাই উন্নয়ন। যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন তাদের উদ্ভাবনী প্রযুক্তিকে আরো বড় করে জনগণের কাছে পৌঁছে দিতে সরকার পাশে দাঁড়াবে, সহযোগিতা করবে।’

দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কৃষকদের সেচ ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিচালিত এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরো সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।’

অনুষ্ঠানে উদ্বোধনের আগে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক
গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে মাছবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ২টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে কাওসার আহমেদ (২৪) ও একই এলাকার হাসান সিকদারের ছেলে সোলাইমান হোসেন (২২)। সোলাইমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে ও কাওসার একটি ফলের দোকানে কাজ করতেন।

নিহত কাওসারের বড় ভাই ফয়সাল আহমেদ জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে সোলাইমানের মামার বাড়িতে বেড়ানোর উদ্দেশে রওনা হন। রাতের দিকে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে রংসাইডে দ্রুতগতিতে আসা একটি মাছভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে কাওসার ও সোলাইমান ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, তাদের সঙ্গে থাকা অন্য মোটরসাইকেলের দুই আরোহী কিছুটা পেছনে থাকায় প্রাণে রক্ষা পান। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যরা শ্রীপুরে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার, আটক ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাকারবারি সোহাগ মণ্ডলকে (২১) আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক তত্ত্বাবধানে এসআই আলিউল ইসলামের নেতৃত্বে সাদা পোশাকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ গ্রামের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে সোহাগ মণ্ডলের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জব্দ করা ডিসপ্লেগুলো ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এসব পণ্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যেই পাচার করা হচ্ছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ চালানের মূল হোতা বাঁশজানি এলাকার নুর ইসলাম। অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্ত দীর্ঘদিন ধরেই চোরাচালানের একটি সক্রিয় রুট হিসেবে পরিচিত। এই রুট ব্যবহার করে সংঘবদ্ধ চক্র নিয়মিত ভারতীয় বিভিন্ন পণ্য অবৈধভাবে দেশে এনে বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে।

ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আটক ব্যক্তি এবং এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে তদন্ত শেষে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর আওতায় মামলা করা হবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড রোধে পুলিশের অভিযান আরো জোরদার করা হবে।