• ই-পেপার

টিকতে পারল না মাধবদীর ‘মমতা’ সিনেমাহল, গেটে ঝুলছে বিক্রির বিজ্ঞাপন

পুলিশ নন, এবার সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক
পুলিশ নন, এবার সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব
সংগৃহীত ছবি

দীর্ঘ দুই বছর পর ওটিটিতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তাকে দেখা যাবে একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়। সালেহ সোবহান অনীম পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার। সেখানে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অনিয়ম-দুর্নীতি, ব্যক্তিগত সংকট এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের আভাস মিলেছে। থ্রিলারধর্মী এই গল্পে সমসাময়িক বাস্তবতার প্রতিফলনও দেখা যাবে।

সিরিজটিতে ‘জহির’ নামের এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’

এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে দেখা গেছে অপূর্বকে। তার পর আর ওটিটিতে পাওয়া যায়নি তাকে। যদিও সিরিজটির সিক্যুয়াল দিয়ে আবারও ফেরার কথা ছিল তার। কিন্তু প্রজেক্টটি পিছিয়ে যাওয়ায় এবার তিনি ফিরছেন সাংবাদিক হয়ে। 

এদিকে, এই সিরিজের মাধ্যমে তিন বছর পর আবারও ওটিটিতে ফিরছেন আফসান আরা বিন্দু। নতুন এই কাজ নিয়ে তিনি বেশ আশাবাদী এবং দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।

আট পর্বের ‘হেডলাইন’-এ অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

জানা গেছে, সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়, গ্যালারিতে উচ্ছ্বাসে ভাসলেন নাদিয়া-নাঈম

বিনোদন প্রতিবেদক
মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়, গ্যালারিতে উচ্ছ্বাসে ভাসলেন নাদিয়া-নাঈম
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে জে গ্রুপের প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 

ম্যাচের তিনটি গোলই করেন অধিনায়ক লিওনেল মেসি। ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভাসেন গ্যালারিতে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকেরা।

সেই আনন্দের অংশীদার ছিলেন দেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম। তারা সরাসরি স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেন এবং আর্জেন্টিনার প্রতিটি গোলেই উল্লাসে মেতে ওঠেন।

ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন নাদিয়া। সেখানে আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘আমরা জয়ী, আর্জেন্টিনা দল।’

May be an image of text

শেয়ার করা ছবিতে দেখা যায়, নাদিয়ার গায়ে আর্জেন্টিনার জার্সি, আর নাঈম পরেছেন দলের পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে আকাশি রঙের টি-শার্ট। দুজনকেই স্টেডিয়ামের গ্যালারিতে প্রাণভরে উদযাপন করতে দেখা যায়।

প্রসঙ্গত, নাদিয়া আহমেদ ও ফারুক সোবহান নাঈম ২০১৬ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি।

জন্মদিনের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক
জন্মদিনের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু
সংগৃহীত ছবি

তুরস্কের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ওয়ান লাভ-এ ‘ইশিল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী ইসি ইরতেম আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন জানান, গত সোমবার (১৫ জুন) বিকেলে নিজ বাসায় অচেতন অবস্থায় ইসি ইরতেমকে পাওয়া যায়। সে সময় তিনি তার মায়ের সঙ্গে বাসায় ছিলেন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, নিজের ৩৫তম জন্মদিন উদযাপনের মাত্র একদিন পরই পৃথিবী থেকে বিদায় নিলেন এই অভিনেত্রী।

Cumhuriyet Savcısı bir babanın kızı olan Ece İrtem oyunculuk hikayesini  anlattı: Çok uğraştım - Sözcü

আইনজীবী গোক্কোয়ুন জানান, প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াকেই (হার্ট অ্যাটাক) মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পরই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর আত্মহত্যার গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার আইনজীবী। তিনি সবাইকে সংবেদনশীল এ সময়ে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাসে জন্মগ্রহণ করেন ইসি ইরতেম। ২০১৪ সালে তিনি ইয়াসার ইউনিভার্সিটির ‘অপেরা অ্যান্ড ভোকাল পারফরম্যান্স’ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ইস্তাম্বুলের সাদরি আলিশিক কালচারাল সেন্টারে অভিনয়ের ওপর পেশাদার প্রশিক্ষণ নেন।

তুরস্কের উদীয়মান ও প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের একজন হিসেবে পরিচিত ইসি ইরতেমের আকস্মিক মৃত্যুতে দেশটির বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য ভক্ত ও সহকর্মী তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

চার সিনেমা নিয়ে সিনেপ্লেক্সের ‘সামার বাংলা হিট ফেস্ট’

বিনোদন প্রতিবেদক
চার সিনেমা নিয়ে সিনেপ্লেক্সের ‘সামার বাংলা হিট ফেস্ট’
সংগৃহীত ছবি

দেশীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে স্টার সিনেপ্লেক্স। বাংলা সিনেমার সাম্প্রতিক সময়ের আলোচিত চারটি চলচ্চিত্র নিয়ে আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘সামার বাংলা হিট ফেস্ট’। 

২৫ জুন পর্যন্ত দেশের সব স্টার সিনেপ্লেক্স শাখায় দর্শকরা উপভোগ করতে পারবেন ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’।

উৎসবে প্রদর্শিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশনধর্মী ‘বরবাদ’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। মুক্তির পর ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ও থাকছে এই উৎসবে। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, প্রতিশোধ ও থ্রিলারে ভরপুর সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, সিয়াম আহমেদসহ আরো অনেকে। অন্যদিকে ‘বনলতা এক্সপ্রেস’-এ দেখা যাবে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূরসহ আরো অনেককে।

এ ছাড়া তানিম নূর পরিচালিত পারিবারিক আবহের ‘উৎসব’ এবং হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ও প্রদর্শিত হবে। ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মানসহ একঝাঁক তারকা। 

CIneplex

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের বাড়তে থাকা আগ্রহ ও ভালোবাসাকে উৎসাহিত করতেই এই বিশেষ আয়োজন। তাদের বিশ্বাস, সাম্প্রতিক সময়ে দেশীয় সিনেমার যে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, এই উৎসব সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু বাংলা চলচ্চিত্র উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পরিবার নিয়ে এখন অনেকেই হলে আসছেন সিনেমা দেখতে। এটা আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য খুবই আশাব্যঞ্জক। দেশের সিনেমার প্রতি দর্শকদের কৌতূহল দেখেই মূলত আমরা এই উৎসবের আয়োজন করেছি। আমরা চাই মানুষ বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুক। সেই সুযোগটা করে দিচ্ছি আমরা। ‘সামার বাংলা হিট ফেস্ট’ গরমের এই মৌসুমে দর্শকদের যেমন সুস্থ বিনোদনের সুযোগ করে দেবে, তেমনি দেশীয় চলচ্চিত্রের যে জোয়ার সৃষ্টি হয়েছে, সেটি আরো বেগবান হবে বলে আমাদের বিশ্বাস। আমরা সব সময় দর্শকদের রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই ৪টি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে এবং ‘সামার বাংলা মুভি ফেস্ট’ বাংলা সিনেমাকে একটা নতুন মাত্রা দেবে।’

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সব শাখায় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। আগ্রহীরা সিনেপ্লেক্সের কাউন্টার কিংবা অফিশিয়াল ওয়েবসাইট থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।