• ই-পেপার

গুগলের ওপর নতুন নিয়ম জারি করেছে যুক্তরাজ্য

নরওয়ের রাজকুমারীর ফুসফুস প্রতিস্থাপন সফল

অনলাইন ডেস্ক
নরওয়ের রাজকুমারীর ফুসফুস প্রতিস্থাপন সফল
ছবি : রয়টার্স

নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-মারিটের সফলভাবে ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে আরো কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে বুধবার জানিয়েছেন চিকিৎসকেরা।

রাজপরিবারের জন্য এই ফুসফুস প্রতিস্থাপন এমন এক সময়ে হয়েছে, যখন তারা ব্যক্তিগত ও পারিবারিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সপ্তাহের শুরুতে, ক্রাউন প্রিন্সেস মেটে-মারিটের আগের সম্পর্কের ২৯ বছর বয়সী ছেলে মারিয়াস বোরগ হোইবি ধর্ষণ  মামলায় দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ড পেয়েছেন। তবে তার আইনজীবী জানিয়েছেন, হোইবি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

নরওয়ের সিংহাসনের উত্তরাধিকারী হাকনের ৫২ বছর বয়সী স্ত্রী মেটে-মারিট ২০১৮ সালে পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত বলে শনাক্ত হন। এই দীর্ঘমেয়াদি রোগে ফুসফুসে ক্ষত সৃষ্টি হয় এবং শরীরের অক্সিজেন গ্রহণের ক্ষমতা কমে যায়।

অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানিয়েছে, ফুসফুস প্রতিস্থাপন সফল হয়েছে। তবে অস্ত্রোপচারটি ঠিক কবে করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। হাসপাতালের অধ্যাপক আরো হোম বলেন, অন্য রোগীদের মতো মেটে-মারিটকেও কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। এ সময় তার ওষুধের মাত্রা সমন্বয়, সম্ভাব্য জটিলতার চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম চলবে।

গত ৫ জুন তার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় তাকে ফুসফুস প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার ছাড়া তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই সীমিত ছিল। রাজপ্রাসাদ জানিয়েছে, সমর্থন ও শুভকামনার জন্য যুবরাজ ও যুবরানী জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তার শারীরিক অবস্থার পরবর্তী তথ্য জানানো হবে।

নরওয়েতে প্রতি বছর প্রায় ৩০ থেকে ৩৫টি ফুসফুস প্রতিস্থাপন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে রাজপরিবারের সদস্যদের জন্য কোনো বিশেষ সুবিধা দেওয়া হয় না।

তারা আরো জানায়, এর আকার সঠিক হতে হবে, রক্তের গ্রুপও সঠিক হতে হবে এবং আমাদের নিশ্চিত করতে হবে যে, গ্রহীতার শরীরে ওই অঙ্গের টিস্যুর ধরনের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি নেই। এর মূল উদ্দেশ্য হলো সঠিক অঙ্গটি সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। এর মানে হলো, সফলতার সম্ভাবনা বাড়ানোর জন্য অনেকগুলো বিষয়কে অনুকূলে থাকতে হয়।

অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালের তথ্য অনুযায়ী, নরওয়েতে ফুসফুস প্রতিস্থাপন করা রোগীদের মধ্যে প্রায় ৯০ শতাংশ অস্ত্রোপচারের পর অন্তত এক বছর বেঁচে থাকেন। আর প্রায় ৫৫ শতাংশ রোগী ১০ বছর বা তারও বেশি সময় জীবিত থাকেন।

গত ডিসেম্বরে যুবরাজ হাকন জানিয়েছিলেন, মেটে-মারিটের শারীরিক অবস্থার ওঠানামা হচ্ছিল এবং তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে রাজকুমারীর অসুস্থতা নিয়ে খোলামেলা কথা বলার প্রশংসা করেন। তার মতে, এতে একই রোগে আক্রান্ত অন্য মানুষ উপকৃত হতে পারেন।

মেটে-মারিটের সঙ্গে যুবরাজ হাকনের পরিচয় হয় ১৯৯৯ সালে একটি সঙ্গীত উৎসবে। তখন তিনি একজন একক মা এবং সাধারণ পরিবারের সদস্য ছিলেন। তাদের সম্পর্ক শুরুতে বিতর্কের জন্ম দিলেও পরে তা নরওয়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় রাজকীয় প্রেমকাহিনীগুলোর একটিতে পরিণত হয়।

কিন্তু এ বছর একের পর এক কেলেঙ্কারির কারণে নরওয়ের রাজতন্ত্রের প্রতি জনসমর্থন কমে গেছে বলে জনমত জরিপে দেখা গেছে। বিশেষ করে মেটে-মারিটের ছেলে মারিয়াস বোরগ হোইবির বহুল আলোচিত বিচার ও সাজা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়েছে।

এদিকে, নরওয়ের রাজকুমারী মার্থা লুইস প্রয়াত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে অতীতে সম্পর্ক থাকার জন্য রাজা ও রানির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, এপস্টাইনকে একসময় বন্ধু মনে করলেও তার মৃত্যুর কয়েক বছর আগেই সম্পর্ক ছিন্ন করেছিলেন। ফেব্রুয়ারিতে পরিচালিত এক জরিপে দেখা যায়, নরওয়েতে রাজতন্ত্র বজায় রাখার পক্ষে সমর্থন রেকর্ড সর্বনিম্ন ৬০ শতাংশে নেমে আসে। তবে মে মাসে সেই সমর্থন কিছুটা বেড়ে ৬৪ শতাংশে পৌঁছায়।


 

১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই

অনলাইন ডেস্ক
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
সংগৃহীত ছবি

এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শুষ্ক জুন মাসের মুখোমুখি হয়েছে ভারতের আর্থিক রাজধানী মুম্বাই। জলাধারগুলোর পানি দ্রুত কমে যাওয়ায় বুধবার থেকে নির্মাণ প্রকল্পে পানি সরবরাহ বন্ধ এবং শিল্প খাতে পানির ব্যবহার ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪০ দিনের মজুদ

মুম্বাইয়ের পানির প্রধান উৎস শহরের বাইরে অবস্থিত ৭টি হ্রদ বা জলাধার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এসব জলাধারে মোট ধারণক্ষমতার মাত্র ১০ দশমিক ৩৫ শতাংশ পানি অবশিষ্ট রয়েছে। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের শহরটির জন্য মাত্র ৪০ দিনের পানির মজুদ রয়েছে।

নগর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার থেকে সব নির্মাণস্থলের পানির সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে। পাশাপাশি নতুন নির্মাণ প্রকল্পের জন্য পানির সংযোগ দেওয়াও স্থগিত রাখা হয়েছে।

এ ছাড়া শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ক্রীড়া ক্লাবগুলোর পানি সরবরাহও ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত মে মাসের মাঝামাঝি সময় থেকেই ১০ শতাংশ পানি ব্যবহারে কাটছাঁট করা হয়েছিল।

বৃষ্টিপাত ৭৫ শতাংশ কম

মহারাষ্ট্র রাজ্যের আবহাওয়া কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, জুনের প্রথম ১৬ দিনে রাজ্যটিতে স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

সাধারণত জুনের প্রথম সপ্তাহেই মুম্বাইয়ে মৌসুমি বায়ু (বর্ষা) প্রবেশ করে। তবে চলতি বছর এ মাসের শেষ দিকে বর্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এক আবহাওয়া কর্মকর্তা বলেন, ‘সাধারণত জুনে মুম্বাইয়ে প্রাক-বর্ষার বৃষ্টি হয় এবং জুনের মাঝামাঝি থেকে নিয়মিত বর্ষণ শুরু হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।’

ব্যবসায়ীদের উদ্বেগ

মুম্বাইয়ের অধিকাংশ নির্মাণ প্রকল্প বাণিজ্যিক পানির ট্যাংকারের ওপর নির্ভরশীল। রিয়েল এস্টেট খাতের সংগঠন ক্রেডাই-এমসিএইচআইয়ের সভাপতি সুখরাজ নাহার বলেন, বর্ষা শিগগিরই শুরু হওয়ার আশা থাকায় ব্যবসায়িক কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব পড়বে না।

তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরের অন্যতম শীর্ষ আবাসন উদ্যোক্তা এবং হিরানন্দানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন হিরানন্দানি। তিনি বলেন, ‘বৃষ্টি আসা পর্যন্ত আমরা ১০ দিন পরিস্থিতি সামাল দিতে পারব। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা কোথায়?’

এদিকে গত ১২ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল মৌসুমি বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে ভারত। এতে কৃষি উৎপাদন কমে যাওয়া এবং খাদ্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

বর্ষার বিলম্ব ও বৃষ্টির ঘাটতি অব্যাহত থাকলে শুধু মুম্বাই নয়, ভারতের অন্যান্য অঞ্চলেও পানি সংকট এবং অর্থনৈতিক চাপ আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি ঘাঁটি স্থাপনের খবর গুজব : সোমালিল্যান্ড

অনলাইন ডেস্ক
ইসরায়েলি ঘাঁটি স্থাপনের খবর গুজব : সোমালিল্যান্ড
ছবি : সংগৃহীত।

সোমালিল্যান্ডে কোনো ইসরায়েলি সামরিক উপস্থিতি নেই এবং সেখানে ইসরায়েলের ঘাঁটি খোলার বিষয়ে কোনো আলোচনাও হচ্ছে না। রয়টার্সকে এ কথা জানিয়েছে সোমালিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইউসুফ আলী।

তেল আবিবে একটি ব্যাবসায়িক সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইসরায়েল সোমালিল্যান্ডের সেনাবাহিনী ও পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু সোমালিল্যান্ডে একটি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য ইসরায়েল আলোচনা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তাকে তিনি ‘গুজব’ বলে অভিহিত করেন।

সোমালিল্যান্ড এডেন উপসাগরের ওপারে ইয়েমেনের মুখোমুখি অবস্থানে রয়েছে। ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকার কাছাকাছি হওয়ায় অঞ্চলটি ইসরায়েলের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
 

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮০০ মিলিয়ন ডলার অনুদান পেল বিশ্ব খাদ্য কর্মসূচি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮০০ মিলিয়ন ডলার অনুদান পেল বিশ্ব খাদ্য কর্মসূচি
ছবি : রয়টার্স।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পূর্ববর্তী তহবিল কর্তনের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮০০ মিলিয়ন ডলারের অনুদান পাচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রগ্রাম (ডব্লিউএফপি)। যুক্তরাষ্ট্রের নতুন এ অনুদানকে স্বাগত জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রগ্রাম (ডব্লিউএফপি)। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বুধবার এ কথা জানিয়েছে। 

সংস্থাটি বলেছে, এই অর্থ বিশ্বজুড়ে বাড়তে থাকা ক্ষুধা মোকাবেলা এবং জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করতে সহায়তা করবে। ডব্লিউএফপির মতে, নতুন তহবিলের মাধ্যমে লেবানন, হাইতি এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতো সংকটপূর্ণ এলাকায় খাদ্য মজুদ, নগদ সহায়তা এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করা হবে।

ডব্লিউএফপি বলেছে, এই তহবিল সহায়তা বাড়াতে এবং উদ্ভূত সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে। এমন একসময়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যখন বিশ্বব্যাপী ক্ষুধা রেকর্ড পর্যায়ে রয়েছে। এ বছর তীব্র ক্ষুধার সম্মুখীন মানুষের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

যুক্তরাষ্ট্র ডব্লিউএফপির সবচেয়ে বড় দাতা, কিন্তু ২০২৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তাদের অনুদান অর্ধেকেরও বেশি কমে প্রায় ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

ডব্লিউএফপি বলেছে, এই নতুন তহবিল তাদের লেবানন, হাইতি এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো সংকট-কবলিত এলাকাগুলোতে খাদ্য সরবরাহ আগে থেকে মজুদ করতে, নগদ সহায়তা কর্মসূচি প্রসারিত করতে এবং সরবরাহব্যবস্থা বজায় রাখতে সাহায্য করবে। 

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তাদাতা দেশ, যদিও বৈদেশিক সহায়তা নীতিতে পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এর অনুদানে ওঠানামা দেখা গেছে। বড় ধরনের ব্যয় সংকোচনের ফলে ২০২৫ সালে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা তহবিল আগের বছরের ১৪ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে কমে প্রায় ৩ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফকে ২১৮ মিলিয়ন ডলার সহায়তা প্রদানের ঘোষণাও দিয়েছে।