• ই-পেপার

ভূমি মন্ত্রণালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, মঙ্গলবার বনানীতে দাফন

অনলাইন ডেস্ক
শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, মঙ্গলবার বনানীতে দাফন
বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। ছবি : সংগৃহীত

দেশের বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে। এ ছাড়া সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার বনানী কবরস্থানে গুণী এই শিল্পীর দাফন হবে।

আজ সোমবার (২৯ জুন) দুপুরে মুস্তাফা মনোয়ারের ছেলে সাদাত মনোয়ার জানান, ধানমণ্ডির তাকওয়া মসজিদে গোসল শেষে দুপুর ১২টার দিকে মুস্তাফা মনোয়ারের মরদেহ তার নিজ বাসভবনে নেওয়া হয়েছে। বিকেল পর্যন্ত সেখানে পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর মরদেহ সংরক্ষণের জন্য স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। 

পরিবারের পক্ষে তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টায় সর্বপ্রথম মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। সেখানে গুণী এই শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আধা ঘণ্টার জন্য মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে, যেখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি। চারুকলার আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের এই কিংবদন্তিকে।

একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রধানমন্ত্রী, তার সহশিল্পী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন।

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে অর্থমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করের হার কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সম্পত্তি রেজিস্ট্রেশনে টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহারের সুপারিশ করেন তিনি। 

প্রধানমন্ত্রী জানান, বাজেট পাস হলে হার্টের রিং ও চোখের লেন্স লাগানোর খরচ অর্ধেকে নেমে আসবে। এ ছাড়া প্রস্তাবিত জাতীয় বাজেটকে জীবনবান্ধব বলে আখ্যা দেন সরকারপ্রধান। 

প্রধানমন্ত্রী আরো জানান, জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সরকার। ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহারের পর জিনিসপত্রের দাম স্বাভাবিক রয়েছে। অর্থপাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল। দেশে বর্তমানে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে অতীতের দিকে না তাকিয়ে সামনে এগোনোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নীতির মাধ্যমে সরকার দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট সফলভাবে মোকাবেলা করতে চায়।’ 

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, ভুল নীতি, অর্থপাচার, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট এবং বিনিয়োগে স্থবিরতার মতো বহুমুখী চ্যালেঞ্জের মধ্যেই সরকারকে কাজ শুরু করতে হয়েছে। এসব সংকট অস্বীকার না করে বাস্তবতা মেনেই সরকার জনগণকে সঙ্গে নিয়ে সংকট উত্তরণে কাজ করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একটি রাজনৈতিক দল ও রাজনৈতিক সরকার হিসেবে জনগণের প্রতি সরকারের যে দায়িত্ব রয়েছে, তার কিছুটা হলেও সরকার পালন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে জনগণকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছে।’

তিনি বলেন, ‘বিরোধী দলের চিফ হুইফ আগের দিনের বক্তব্যে যে প্রেক্ষাপটে বর্তমান সংসদ ও সরকার গঠিত হয়েছে, তা উল্লেখ করেছেন। সরকারও মনে করে, দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক।’

বক্তার ভাষায়, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। পাশাপাশি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃত। দেশের উৎপাদন ও বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল এবং দুই থেকে আড়াই বছর আগে মূল্যস্ফীতি যে পর্যায়ে পৌঁছেছিল, তার প্রভাব দেশের মানুষ প্রত্যক্ষভাবে অনুভব করেছে।

তিনি আরো বলেন, ‘পুঁজিবাজারের অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল যে অনেক বিনিয়োগকারী সর্বস্ব হারিয়ে আত্মহত্যা পর্যন্ত করেছিলেন। অন্যদিকে একটি গোষ্ঠী কোটি কোটি মানুষের অর্থ আত্মসাৎ করেছে।’

বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অর্থপাচার ও অপচয়ের কারণে রিজার্ভ ভয়াবহ অবস্থায় নেমে গিয়েছিল। একই সঙ্গে টাকার বিনিময় হার প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে যায়। এ ছাড়া অপ্রয়োজনীয় ‘ভ্যানিটি প্রজেক্ট’ বাস্তবায়নের জন্য দেশি-বিদেশি ঋণ নেওয়া হয়েছিল, যা এখন জাতির ওপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এসব প্রকল্প থেকে পর্যাপ্ত রাজস্ব না আসায় বিদেশি ঋণ পরিশোধে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং আগামী দীর্ঘ সময় ধরে এই বোঝা বহন করতে হবে।’

তিনি বলেন, ‘সরকার সংকটকে অস্বীকার করছে না এবং সংকটকে অজুহাতও বানাতে চায় না। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নীতির মাধ্যমেই এই সংকট মোকাবেলা করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

গরম কমার সুখবর দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
গরম কমার সুখবর দিল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তা কিছু কিছু জায়গায় কমতে পারে গরমের দাপট। সেই সঙ্গে সারা দেশে গরম কমার সম্ভাবনা রয়েছে। 

সোমবার সকালে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

বৃষ্টি নিয়ে সংস্থাটি বলছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যত্র তা মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে— এমন অবস্থায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। 

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ১১৪ মিলিমিটার।