বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেক্সিকোর তারকা গোলরক্ষক গিয়ের্মো ‘মেমো’ ওচোয়া। গড়লেন ছটি বিশ্বকাপে খেলার অনন্য ইতিহাস।
খেলা শুরুর আগেই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছিলেন এই তারকা। আসর শেষ হলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়। তবে বিদায়ের ঘোষণায় গড়লেন ইতিহাস। চেকিয়াদের বিপক্ষে ম্যাচে নেমে মেক্সিকোর জার্সিতে নতুন রেকর্ড গড়লেন ওচোয়া। ৪০ বছর ৩৪৬ দিন বয়সে দেশের হয়ে মাঠে নেমে হয়ে গেলেন মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ফুটবলারের সম্মান।
ম্যাচের ৭৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ওচোয়া। তাতেই গড়েন ইতিহাস, ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে ৩৯ বছর ১৩৯ দিন বয়সে মাঠে নেমে রাফা মার্কেসের রেকর্ড ভেঙে দেন তিনি। সঙ্গে আরো একটি বিশেষ কৃতিত্ব যোগ হয়। আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে বিশ্বের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে মাঠে নামার নজির গড়েন এই অভিজ্ঞ গোলরক্ষক। ২০০৬ ও ২০১০ সালে বদলি গোলরক্ষক ছিলেন। ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালে প্রথম একাদশে খেলেছেন। এবারও সুযোগ এল লুইস আঞ্জেল মালাগনের চোটের কারণে। তার জায়গায় প্রথম গোলরক্ষক হন রাউল র্যাঙ্গেল, আর শেষ ম্যাচে ওচোয়াকে নামিয়ে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নেয় কোচিং স্টাফ।
তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় চেকিয়াদের। আর ওচোয়া? ১৩ নম্বর জার্সি গায়ে শেষ ১৩ মিনিট খেলে শেষ করলে দীর্ঘ ক্যারিয়ার। সংখ্যার এই কাকতালীয় মিল পরিকল্পিত নয়। কিন্তু মেক্সিকোর ফুটবল ইতিহাসে তাঁর নাম যে অনেক দিন অমলিন থাকবে, তা নিয়ে কোনো সংশয় নেই।





