বিশ্বকাপ অভিষেকেই রূপকথার গল্প লিখেছে কেপ ভার্দে। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের গ্রুপে পড়েও সব চ্যালেঞ্জ উতরে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আটলান্টিক মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটি। বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার (৫ লাখ ৩০ হাজার) দেশ হিসেবে গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে তারা।
এবার কেপ ভার্দের সামনে আরো বড় চ্যালেঞ্জ। আগামী ৪ জুলাই রাউন্ড অব ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। কিন্তু এর আগে একটি দুঃসংবাদ পেলেন দলটির অধিনায়ক রায়ান মেন্দেস। এক নারীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ডের পুলিশ।
ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী ওই নারী একজন ব্রাজিলিয়ান। ২০২৫ সালের মার্চে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন মেন্দেস।
সেই সময় কেপ ভার্দে দল প্রীতি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে গিয়েছিল। ওই সফরে নিউজিল্যান্ড ফুটবল সংস্থার হয়ে কেপ ভার্দে দলের দোভাষী হিসেবে কাজ করছিলেন ভুক্তভোগী সেই নারী।
তার অভিযোগ, কাজের কথা বলে তাকে দলের হোটেলে ডাকা হয়। পরে তিনি অসুস্থ বোধ করলে নিজ কক্ষে ফিরে যান। কিছুক্ষণ পর রায়ান মেন্দেস তার কক্ষে জোর করে ঢুকে তাকে ধর্ষণ করেন। তিনি বাধা দিতে গেলে মেন্দেস মারধর করেন।
ভুক্তভোগী নারী নিউজিল্যান্ড পুলিশের কাছে শরীরে আঘাতের ছবি, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনসহ বিভিন্ন প্রমাণ জমা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা হোটেলের সিসিটিভি ফুটেজ, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করেছে। তবে এখনো পর্যন্ত রায়ান মেন্দেসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়নি।
এ ঘটনায় ওই নারী বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানান। তিনি বিশ্বকাপ থেকে রায়ান মেন্দেস বাদ দেওয়ারও অনুরোধ করেছিলেন। তবে তার দাবি, তিনি কোনো সাড়া পাননি। পরে কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা ঘটনাটিকে ‘রায়ান মেন্দেসের ব্যক্তিগত বিষয়’ বলে মন্তব্য করেন।
তদন্ত চললেও রায়ান মেন্দেসের আর্জেন্টিনার বিপক্ষে খেলতে বাধা নেই। আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত ৩৬ বছর বয়সী এই উইঙ্গার নির্দোষ বিবেচিত হবেন।




