মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্য পদ পেয়েছেন তামিম ইকবাল। এমসিসির সম্মানজনক পদ পাওয়ায় বিসিবি সভাপতি ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ককে অভিনন্দন জানিয়েছে বেঙ্গল টাইগার্স।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির আহমেদ রুবেল তামিম ইকবালকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তামিম ইকবাল বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। খেলোয়াড়িজীবনের মতো বিসিবির সভাপতি হওয়ার পরও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। এ সময় তার এমসিসির সদস্য হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় আনন্দের এবং গর্বের বিষয়। তার এই অর্জনে বেঙ্গল টাইগার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।’
বাংলাদেশের তৃতীয় ব্যক্তি হিসেবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্বাধিকারী ও ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির এই আজীবন সম্মানসূচক সদস্য পদ পেয়েছেন তামিম। তার আগে পান বিসিবির সাবেক সহসভাপতি প্রয়াত রাইসউদ্দিন আহমেদ, বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গত ২৮ জুন লর্ডসের অর্নাস বোর্ডের সামনে এই স্মারক তুলে দেওয়া হয় তামিমের হাতে। এখন থেকে ১৬ বছর আগে এই লর্ডসে সেঞ্চুরি করে অর্নাস বোর্ডে নাম তোলেন বাঁহাতি ওপেনার। একই টেস্টে শাহাদাত হোসেন প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অর্নাস বোর্ডে নাম লেখান।
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসির পক্ষ থেকে এবার তামিমসহ ৫ জনকে এই সম্মানসূচক সদস্য পদ দেওয়া হয়। বাকিরা হলেন—ভারতের সাবেক ব্যাটার চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ডের দুই নারী ক্রিকেটার সুজি বেটস, সোফি ডেভেন এবং অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার মেলানি জোন্স।




