বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়েছে। এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে খেলবে রাজশাহী স্টার্স এফসি।
আজ ২০২৬-২৭ আসরের প্রাথমিক ধাপের আনুষ্ঠানিক ড্র সম্পন্ন হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রাজশাহী স্টার্স এফসি নিজেদের প্রতিপক্ষ জেনেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহী স্টার্স এফসি শুধু একটি ক্লাব হিসেবেই নয়, বরং বাংলাদেশের নারী ফুটবলের মর্যাদা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার দায়িত্বও বহন করবে।
বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে দেশের প্রথম প্রতিনিধি হিসেবে খেলতে নামছে। ক্লাবটির মালিকানায়ি আছে নাবিল গ্রুপ।
প্রাথমিক ধাপের ‘এ’ গ্রুপে রাজশাহী স্টার্সের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, গুয়ামের রোভার্স এফসি ও স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসি। আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ‘এ’ গ্রুপের সব ম্যাচ।
টুর্নামেন্ট সামনে রেখে রাজশাহী স্টার্স এফসি আন্তর্জাতিক মানের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছে। দলটির টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড় ও ম্যানেজমেন্ট আগামী কয়েক সপ্তাহে নিবিড় অনুশীলন ও প্রীতি ম্যাচ খেলার মাধ্যমে প্রতিযোগিতার জন্য নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করবে।
ক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের সকল ফুটবলপ্রেমীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছে।
রাজশাহী স্টার্স এফসি বিশ্বাস করে, এই অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলের আন্তর্জাতিক অগ্রযাত্রাকে আরো গতিশীল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণার দুয়ার উন্মোচন করবে।
ড্র-পরবর্তী প্রতিক্রিয়ায় রাজশাহী স্টার্স এফসির সভাপতি মোখছেদুল কামাল বাবু বলেন, ‘আমরা রাজশাহী স্টার্স এফসি হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে নামব। দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করাই আমাদের অঙ্গীকার।’




